ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, মোদী-তারিক বৈঠক ঘিরে জোর জল্পনা

Story by  Sudip sharma chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 16 h ago
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, মোদী-তারিক বৈঠক ঘিরে জোর জল্পনা
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, মোদী-তারিক বৈঠক ঘিরে জোর জল্পনা
 
নয়াদিল্লি/ঢাকা: 

ভারত আয়োজিত আগামী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ নয়, তবুও ঢাকার প্রতি নয়াদিল্লির এই আমন্ত্রণকে দুই দেশের সম্পর্কের নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক মহল।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকস সম্মেলন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারতের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পৌঁছেছে। বিষয়টি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO) বিবেচনাধীন রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ঢাকা।

যদি প্রধানমন্ত্রী তারিক রহমান এই আমন্ত্রণ গ্রহণ করেন, তবে ২০২৬ সালে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম ভারত সফর। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারিক রহমানের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও তৈরি হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারিক রহমান প্রথম বিদেশ সফরের জন্য ভারত নয়, মালয়েশিয়া ও চিনকে বেছে নিয়েছিলেন। সেই সিদ্ধান্তকে অনেকেই তাঁর 'বাংলাদেশ ফার্স্ট' পররাষ্ট্রনীতির প্রতিফলন হিসেবে দেখেছেন।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনা সরকারের পতনের পর এবং অন্তর্বর্তী সরকারের সময় ভারত-বাংলাদেশ সম্পর্ক যে শীতল অবস্থায় পৌঁছেছিল, সেই পরিস্থিতিতে এই সম্ভাব্য সফর দুই দেশের উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি করতে পারে।

এদিকে, দুই দেশের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুও রয়েছে। এর মধ্যে অন্যতম ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি, যার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। তার আগে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কূটনৈতিক অঙ্গনেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ভারত ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে নিয়োগ করেছে। অন্যদিকে, বাংলাদেশও নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার হিসেবে আসাদুল্লাহ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে।

সব মিলিয়ে, সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলন শুধু বহুপাক্ষিক বৈঠকের মঞ্চ নয়, বরং ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।


শেহতীয়া খবৰ