দুর্গোৎসবের মুখে আশাবাড়ি সীমান্তে চাঞ্চল্য, ভারতে প্রবেশের অভিযোগে আটক বাংলাদেশের দুই পুলিশকর্মী
আগরতলা,১৬ অক্টোবর:
দুর্গোৎসবের আবহে সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বাংলাদেশের দুই পুলিশকর্মীকে আটক করল বিএসএফ।পরে বিএসএফের উদ্যোগে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয় ।
বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরায় আশাবাড়ি সীমান্তের ১৬৭ ও ১৬৮ নম্বর গেট সংলগ্ন এলাকায় প্রবেশ করেন। ওই সময় তাঁরা রাত্রিকালীন টহলে ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের উপস্থিতি লক্ষ্য করার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
ঘটনার খবর পৌঁছায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে। এরপর দুই পুলিশকর্মীকে হেফাজতে নেওয়া হয় এবং তাঁদের আশাবাড়ি বিওপিতে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের দাবি। রাতভর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানা গিয়েছে।
শুক্রবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগের পর পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএসএফের ৪৯ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে রহিমপুর সীমান্তের ১৬৩ নম্বর গেট ও ২০৫৭ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন জিরো পয়েন্টে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনার পর দুই বাংলাদেশি পুলিশকর্মীকে বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
তবে এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। দুই পুলিশকর্মী মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাঁদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে কিছু দাবি সামনে এসেছে। এমনকি এক ভারতীয় মহিলার সঙ্গে অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে তাঁরা সীমান্ত অতিক্রম করেছিলেন বলেও অভিযোগ প্রচারিত হচ্ছে। তবে এই ঘটনায় দুর্গোৎসবের মুখে সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
দুর্গোৎসবকে ঘিরে সীমান্তবর্তী এলাকাগুলিতেও নিরাপত্তা ও নজরদারি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সময়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে দুই বিদেশি পুলিশকর্মীর ভারতে প্রবেশের অভিযোগ স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রমের অভিযোগ এবং পরবর্তী সময়ে তাঁদের হস্তান্তরের ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।