ঢাকাঃ
বাংলাদেশের নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশের চায়ের দোকানে বসে থাকা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে তেলনজিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
লুৎফুজ্জামান বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মোবাইল ফোন নিতে চায়ের দোকানে ফিরে এলে দুই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে গত বছরের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় লুৎফুজ্জামানের ওপর হামলা হয়েছিল। নিহতের পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।