পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে কলকাতা পুরসভা (কেএমসি) এবং কলকাতা পুলিশের সহযোগিতায় আয়োজিত ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর সর্বোচ্চ ‘সেরার সেরা’ পুরস্কার জিতল সন্তোষ মিত্র স্কোয়ার।
এই বিভাগে দ্বিতীয় স্থান পেয়েছে বৃন্দাবন গার্ডেন দুর্গাপুজো সমিতি এবং তৃতীয় স্থান পেয়েছে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সামাজিক সচেতনতার মতো একাধিক বিভাগে দুর্গাপুজো কমিটিগুলিকে এই পুরস্কার দেওয়া হয়।
‘সেরা প্রতিমা’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মুদিয়ালি ক্লাব। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে টালা বারোয়ারি দুর্গোৎসব সমিতি এবং বেহালা অরুণোদয় সমিতি। এই বিভাগে পুরস্কৃত হয়েছে আহিরীটোলা সার্বজনীনও।
‘সেরা মণ্ডপ’ বিভাগে স্বীকৃতি পেয়েছে খিদিরপুরের ২৫ পল্লি ক্লাব এবং আমরা ক’জন কল্যাণ সমিতি।
‘সেরা আলোকসজ্জা’ বিভাগে প্রথম পুরস্কার জিতেছে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে বকুলবাগান সার্বজনীন দুর্গোৎসব এবং শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব।
‘সেরা পরিবেশবান্ধব’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব। দ্বিতীয় স্থানে অ্যালেন পার্ক, পার্ক স্ট্রিট এবং তৃতীয় স্থানে রাজডাঙা নব উদয় সংঘ।
‘সেরা সামাজিক সচেতনতা’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে কাশী বোস লেন দুর্গাপুজো সমিতি। এই বিভাগে সম্মানিত হয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, চক্রবেড়িয়া সর্বজনীন এবং অজেয় সংহতিও।
এ ছাড়া চারটি পুজো কমিটিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। সেগুলি হল—বি জি লাইনস আবাসিক দুর্গাপুজো কমিটি, শ্যাম স্কোয়ার, ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক সর্বজনীন (এস বি পার্ক) এবং সমাজসেবী সংঘ।
তথ্য ও সংস্কৃতি দফতরের প্রকাশিত স্কোরশিট অনুযায়ী, সেরার সেরা সম্মান ও বিশেষ পুরস্কার-সহ মোট ছয়টি বিভাগে ২৩টি পুরস্কার প্রদান করা হয়েছে।