পর্যটনে ডিজিটাল বিপ্লবের পথে পশ্চিমবঙ্গ! এক ক্লিকেই বুকিং, পেমেন্ট ও ঘরের তথ্য, চালু নতুন অনলাইন পোর্টাল

Story by  atv | Posted by  Aparna Das • 1 h ago
পর্যটনে ডিজিটাল বিপ্লবের পথে পশ্চিমবঙ্গ! এক ক্লিকেই বুকিং, পেমেন্ট ও ঘরের তথ্য, চালু নতুন অনলাইন পোর্টাল
পর্যটনে ডিজিটাল বিপ্লবের পথে পশ্চিমবঙ্গ! এক ক্লিকেই বুকিং, পেমেন্ট ও ঘরের তথ্য, চালু নতুন অনলাইন পোর্টাল
 
তপন রায় / কলকাতা

পর্যটন পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক করে তুলতে ডিজিটাল পরিকাঠামোয় বড়সড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। পর্যটকদের বুকিং সংক্রান্ত ভোগান্তি কমিয়ে রাজ্যের পর্যটন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করে তুলতে নতুন অনলাইন বুকিং পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম (WBTDCL)। এর ফলে এবার ঘরে বসেই এক ক্লিকে পর্যটন লজের ঘরের উপলব্ধতা যাচাই, অনলাইন বুকিং এবং পেমেন্টের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন পর্যটকরা।

নতুন এই পোর্টালে পর্যটন সম্পত্তির ছবি, ঘরের বিস্তারিত বিবরণ, পরিষেবা সংক্রান্ত তথ্য এবং বুকিংয়ের বর্তমান অবস্থা জানার সুযোগ থাকছে। পাশাপাশি কার্ড ও QR কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে পর্যটকদের বুকিং প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
 
পর্যটনে ডিজিটাল বিপ্লবের পথে পশ্চিমবঙ্গ! এক ক্লিকেই বুকিং, পেমেন্ট ও ঘরের তথ্য, চালু নতুন অনলাইন পোর্টাল
 
পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, বর্তমানে WBTDCL-এর অধীনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৪০টি পর্যটন সম্পত্তি রয়েছে, যেখানে মোট ৮১৪টি ঘর পর্যটকদের জন্য উপলব্ধ। পুরনো ওয়েবসাইটের সীমাবদ্ধতা এবং বুকিং সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখেই নতুন, ব্যবহারবান্ধব পোর্টাল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের প্রতিটি পর্যটন সম্পত্তিতে পর্যটকদের আনাগোনা বাড়ানোর পাশাপাশি পরিষেবার মানও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
 
তবে এই উদ্যোগ শুধুমাত্র অনলাইন বুকিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ডিজিটাল প্রচারেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি পর্যটন গন্তব্যের আকর্ষণ, ইতিহাস, ঐতিহ্য এবং স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতে পোর্টালে ৩০ সেকেন্ডের বিশেষ ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে। পর্যটন প্রচারে 'স্টোরি টেলিং'-এর মাধ্যমে প্রতিটি জায়গার নিজস্ব পরিচয় ও গল্প তুলে ধরার উদ্যোগও নেওয়া হচ্ছে।
 
ভবিষ্যতে আরও একটি ওয়েবসাইট বা অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে রাজ্যের রেজিস্টার্ড হোটেল, ট্যুর অপারেটর এবং পর্যটন গাইডদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি MSME-র মাধ্যমে প্রশিক্ষিত ও দক্ষ পর্যটন গাইড তৈরির উদ্যোগও নেওয়া হবে। এর ফলে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত স্থানীয় মানুষদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।
 
পর্যটকদের মতামতকেও এই নতুন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। পোর্টালে রিভিউ দেওয়ার সুযোগ থাকবে, যাতে পর্যটকরা নিজেদের অভিজ্ঞতা সরাসরি জানাতে পারেন। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের মতে, সমালোচনা পরিষেবার দুর্বলতা চিহ্নিত করতে সাহায্য করে। তাই পর্যটকদের মতামতকে গুরুত্ব দিয়ে পরিষেবার মান আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
 
রাজ্যের প্রতিটি জেলাতেই পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে পর্যটন দফতর। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পর্যটন পরিকাঠামো উন্নয়ন, বিপণন, ব্র্যান্ডিং এবং বেসরকারি বিনিয়োগের উপর জোর দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে পর্যটন সম্পত্তি পরিচালনা ও রেস্তরাঁ পরিষেবার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হতে পারে।
 
এছাড়াও, নতুন পোর্টালের মাধ্যমে পর্যটন প্যাকেজ, তীর্থযাত্রা এবং বিভিন্ন দর্শনীয় স্থানের প্রবেশমূল্যের অনলাইন টিকিটিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। বেঙ্গল সাফারির কিছু অংশের টিকিট অনলাইনে বুকিংয়ের সুযোগ বাড়ানো যায় কি না, তা নিয়েও বন দফতরের সঙ্গে আলোচনা করা হবে।
 
সব মিলিয়ে, প্রযুক্তির হাত ধরে পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের পথে এই উদ্যোগ। সহজ বুকিং, ডিজিটাল পেমেন্ট, পর্যটকদের মতামত এবং আধুনিক প্রচার ব্যবস্থার সমন্বয়ে রাজ্যের পর্যটন পরিষেবাকে আরও জনবান্ধব করে তোলার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।


শেহতীয়া খবৰ