সীমান্তে সম্প্রীতির মহামিলন! হারুডাঙ্গার উরসে ধর্ম ভুলে একসঙ্গে হিন্দু-মুসলিম, খিচুড়ি-সিন্নিতে মিলল দুই ধর্মের হৃদয়
Story by Tarun Nandi | Posted by Sudip sharma chowdhury • 14 h ago
সীমান্তে সম্প্রীতির মহামিলন! হারুডাঙ্গার উরসে ধর্ম ভুলে একসঙ্গে হিন্দু-মুসলিম, খিচুড়ি-সিন্নিতে মিলল দুই ধর্মের হৃদয়
তরুণ নন্দী, কলকাতাঃ
ধর্মের পরিচয় আলাদা হতে পারে, উপাসনার পথও আলাদা হলেও বিশ্বাস আর মানবিকতার টানে হিন্দু-মুসলিম সকলেই সম্প্রীতির সুতোয় বাঁধা পড়লেন। হৃদয়ের টানে হিন্দু মুসলিমের এই একাত্মবোধের ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। এখানে কোথাও হিন্দু-মুসলিমের ভেদরেখা নেই, নেই ধর্মীয় বিভাজনের কোনও দেওয়াল। একই মাজারে মাথা নত করছেন দুই সম্প্রদায়ের মানুষ। পাশাপাশি বসে ভাগ করে নিচ্ছেন খিচুড়ি আর সিন্নি। সীমান্তের এই এলাকায় মানুষের হৃদয়ের বন্ধনকে আলাদা করতে পারেনি কোনও ধর্মের বিভাজন।
মুর্শিদাবাদের রানিনগরের উত্তরচর মাঝার-দিয়াড় এলাকায় হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্পের ভিতরে অনুষ্ঠিত উরস উৎসব যেন সম্প্রীতির এক অন্য নাম। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই উৎসব হয়ে উঠেছে সম্প্রীতির এক অনন্য মিলনমেলা।উৎসবের দিন সকাল থেকেই দেখা গেল ভক্তদের ভিড়। কেউ এসেছেন পীর বাবার মাজারে চাদর চড়াতে, কেউ এলেন জিয়ারত করতে। কেউ আবার শুধুই প্রার্থনায় সামিল হলেন এদিন। সেই ভিড়েই পাশাপাশি দাঁড়িয়ে উৎসবে অংশ নিলেন দুলাল শেখ, সানুয়ারা বিবিদের সঙ্গে রতন হালদার ও সবিতা মণ্ডলরা। ধর্মীয় পরিচয় এখানে কারও আলাদা করে চেনার মাপকাঠি নয়। পীর বাবার প্রতি বিশ্বাস আর আন্তরিক টানেই এক জায়গায় মিলেছেন সকলেই। মাজারে প্রার্থনার পর মেলা প্রাঙ্গণে একই পঙ্ক্তিতে বসে খিচুড়ি ও সিন্নি গ্রহণ করেছেন হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলে। বলা ভালো, বছরের পর বছর ধরে এইভাবেই হারুডাঙ্গার উরস উৎসব হয়ে উঠেছে দুই সম্প্রদায়ের মানুষের আত্মিক মিলনক্ষেত্র।
সবচেয়ে বড় কথা হলো, এই উৎসবে আসা ভক্তদের কথাতেও উঠে এসেছে সেই ভালোবাসার সুর। ভক্তরা জানালেন, পীর বাবার প্রতি বিশ্বাসের টানেই প্রতি বছর এখানে ছুটে আসেন তাঁরা। এই মাজারে এসে কখনও নিজেদের মধ্যে ধর্মের বিভাজন অনুভব করেননি। এখানে সবাই একসঙ্গে প্রার্থনা করেন। উৎসবের আনন্দ ভাগ করে নেন। তাঁদের কাছে এই উরস আসলে বহুদিনের আত্মিক সম্পর্ক ও পারস্পরিক ভালোবাসার এক অটুট বন্ধন।
হারুডাঙ্গার উরসে অগণন মানুষ
উরস উদযাপন কমিটির সম্পাদক বাচ্চু শেখের বক্তব্যেও সেই সম্প্রীতির ছবিই স্পষ্ট। তিনি জানান, প্রতি বছর হাজার হাজার মানুষ পীর বাবার মাজারে এসে জিয়ারত করেন, চাদর চড়িয়ে প্রার্থনা করেন। ধর্মের পরিচয় ভুলে সকলেই একসঙ্গে বসে খিচুড়ি ও সিন্নি খান। এই আয়োজনের মূল উদ্দেশ্যই হল মানুষের মধ্যে সৌহার্দ্যের সম্পর্ক আরও দৃঢ় করা।কালীনগর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাপি মণ্ডলের কথাতেও উঠে এসেছে উৎসবের এই বিশেষ তাৎপর্য। তাঁর মতে, হারুডাঙ্গার উরস মেলা হয়ে উঠেছে সমস্ত ধর্মের মানুষের মিলনক্ষেত্র।
তবে হারুডাঙ্গার এই সম্প্রীতির ইতিহাসের পিছনেও রয়েছে এক বিস্ময়কর কাহিনি। স্থানীয়দের মুখে শোনা যায়, প্রায় ২৬ বছর আগের একটি ঘটনার কথা। কথিত আছে, হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্পে কর্মরত এক পাঞ্জাবি জওয়ান স্বপ্নে পীর বাবার দর্শন পেয়েছিলেন। স্বপ্নে পীর বাবা তাঁকে ক্যাম্পের ভিতরে একটি নির্দিষ্ট স্থানের কথা জানান। আশ্চর্যের বিষয়, সেই জায়গাটি ছিল ক্যাম্পের ভিতরে থাকা কালীমন্দিরের পাশেই। পরবর্তীতে ওই জওয়ানের কাছ থেকে স্বপ্নের কথা জানার পর বিএসএফ কর্তৃপক্ষ ও স্থানীয় গ্রামবাসীরা একযোগে উদ্যোগী হয়ে সেই জায়গা নির্বাচন করেন। তারপরই কালীমন্দিরের উত্তর দিকে প্রতিষ্ঠা করা হয় পীর বাবার মাজার। সেই শুরু। তারপর থেকে ওই নির্দিষ্ট দিনে প্রতি বছর সেখানে সমবেত হন অসংখ্য মানুষ। মাজারে জিয়ারত, চাদর চড়ানো, প্রার্থনা সবকিছুকে ঘিরেই ধীরে ধীরে গড়ে উঠেছে সম্প্রীতির এক দীর্ঘ ঐতিহ্য।
আরও তাৎপর্যপূর্ণ বিষয়, এই মাজারের অবস্থান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পের ভিতরে। স্থানীয়দের দাবি, প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম হলেও বিএসএফের পক্ষ থেকে কোনও বাধা দেওয়া হয় না। উল্টে উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে জন্য এই ব্যারাকের জওয়ানদের সহযোগিতাও মেলে। নিরাপত্তার কড়া বলয়ের মধ্যেই এভাবেই জায়গা করে নিয়েছে ভক্তদের শ্রদ্ধার এক অসাধারণ সহাবস্থান।
হারুডাঙ্গার উরসে অগণন মানুষ
উরস উপলক্ষে এখানে বসে জমজমাট মেলা। আয়োজন করা হয় ধর্মীয় জলসা ও মিলাদ মাহফিলেরও। দূরদূরান্ত থেকে মানুষ আসেন এই উৎসবে যোগ দিতে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একেবারে লাগোয়া এই প্রাঙ্গণ থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের রাজশাহী শহরের উঁচু ভবনও দেখা যায়। একদিকে আন্তর্জাতিক সীমান্ত, অন্যদিকে মানুষের অবাধ আন্তরিকতা, দুইয়ের মেলবন্ধনে হারুডাঙ্গার উরস যেন এক বিশেষ পরিচয় পেয়েছে।