প্র্যাঙ্ক ভিডিও থেকে ইসলামের শিক্ষা! বিনোদনের দুনিয়া ছেড়ে ধর্মীয় কনটেন্টে নতুন পরিচয়, জয়পুরের মঈন খানের

Story by  atv | Posted by  Aparna Das • 35 m ago
প্র্যাঙ্ক ভিডিও থেকে ইসলামের শিক্ষা! বিনোদনের দুনিয়া ছেড়ে ধর্মীয় কনটেন্টে নতুন পরিচয়, জয়পুরের মঈন খানের
প্র্যাঙ্ক ভিডিও থেকে ইসলামের শিক্ষা! বিনোদনের দুনিয়া ছেড়ে ধর্মীয় কনটেন্টে নতুন পরিচয়, জয়পুরের মঈন খানের
 
ফারহান ইজরাইলি / জয়পুর

জয়পুরের ২৭ বছর বয়সি মঈন খানের জীবন যেন বদলে যাওয়ার এক অনন্য গল্প। একসময় প্র্যাঙ্ক ভিডিও ও মজার কনটেন্ট তৈরি করেই সোশ্যাল মিডিয়ায় পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে তাঁর ভাবনা, বদলেছে কাজের ধরনও। বিনোদনের জগৎ থেকে বেরিয়ে আজ তিনি ইসলামি শিক্ষা, হজরত মহম্মদ (সা.)-এর জীবন এবং ইসলামের ইতিহাস তুলে ধরছেন ডিজিটাল মাধ্যমে। দীর্ঘ পরিশ্রম, পারিবারিক দায়িত্ব এবং নিজের লক্ষ্য সম্পর্কে নতুন উপলব্ধিই তাঁকে এই ভিন্ন পথে এগিয়ে নিয়ে গিয়েছে।
 
বন্ধুদের মধ্যে নিছক মজা-ঠাট্টা দিয়ে যে যাত্রার শুরু, ধীরে ধীরে সেটাই পেশায় পরিণত হয়। প্রথমদিকে প্র্যাঙ্ক ভিডিও এবং সামাজিক পরীক্ষামূলক কনটেন্ট তৈরি করতেন মঈন। হাস্যরসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন তিনি। কিন্তু একটা সময়ে নিজের কনটেন্টের বিষয়বস্তু সম্পূর্ণ বদলে ফেলার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি ইসলামি শিক্ষা, হজরত মহম্মদ (সা.)-এর জীবন এবং ইসলামের ইতিহাস নিয়ে ভিডিও তৈরি করেন। 
 
পুরস্কার গ্রহণ করছেন মঈন খান
 
সোশ্যাল মিডিয়ায় ‘মঈন জয়পুর টিভি’ (Moin Jaipur TV) নামে পরিচিত মঈনের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে বর্তমানে অনুগামী ও সাবস্ক্রাইবারের সংখ্যা ১৭.৭ লক্ষেরও বেশি। জয়পুরের খো নাগোরিয়ান এলাকায় বসবাসকারী মঈন অবশ্য কোনও সুপরিকল্পিত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে এই যাত্রা শুরু করেননি। কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে তাঁর মজা-ঠাট্টার অভ্যাসই ধীরে ধীরে ক্যামেরার সামনে চলে আসে।
 
দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর স্নাতক হন তিনি। এরপর সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, যা ২০২২ সালে সম্পূর্ণ করেন। তবে সোশ্যাল মিডিয়ার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়েছিল আরও আগে, কলেজজীবনেই। বন্ধুরাই তাঁকে সাধারণ মানুষের সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও তৈরি করার পরামর্শ দিয়েছিলেন। স্বভাবতই হাসিখুশি মেজাজের মঈনেরও বিষয়টি ভালো লাগে। বিদেশি ইউটিউব চ্যানেল ‘রেবেল টিভি’র প্র্যাঙ্ক ভিডিও নিয়মিত দেখতেন তিনি। সেই চ্যানেল থেকেই নিজের ইউটিউব চ্যানেল শুরু করার অনুপ্রেরণা পান।
 
নিজের চ্যানেলের নামের মধ্যে জয়পুরের সঙ্গে সংযোগ রাখতে চেয়েছিলেন মঈন। প্রথমে চ্যানেলের নাম রাখেন ‘জয়পুর প্র্যাঙ্ক টিভি’। কাজের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে নাম সংক্ষিপ্ত করে রাখেন ‘জয়পুর টিভি’। ২০১৭ সালে এই নামেই একটি ডোমেনও রেজিস্টার করেন তিনি।
 
কলেজের পরীক্ষামূলক কাজ থেকে ভাইরাল সাফল্য
 
শুরুতে দর্শক তৈরি করা মোটেই সহজ ছিল না। প্রত্যাশামতো ভিউ না পেলেও নিয়মিত নতুন ভিডিও তৈরি করে যেতে হয়েছিল মঈনকে। প্রতিটি ভিডিওর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হতো তাঁকে। ২০১৮ সালে পরিস্থিতি বদলে যায়। অন্য এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তৈরি একটি সামাজিক পরীক্ষামূলক ভিডিও ভাইরাল হয়ে যায়। মাত্র চার থেকে পাঁচ মিনিটের ওই ভিডিওটি রাতারাতি ১২ লক্ষেরও বেশি ভিউ পায়। ডিজিটাল দুনিয়ায় মঈনের কেরিয়ারের জন্য সেটিই ছিল বড়সড় সাফল্যের সূচনা।
 
এই সময় হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব এবং সামাজিক সম্প্রীতি নিয়েও ভিডিও তৈরি করতেন তিনি। রাখিবন্ধনের মতো উৎসবকে কেন্দ্র করে তৈরি তাঁর ভিডিওগুলি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিল। কমেডি ভিডিওর মাধ্যমেই উল্লেখযোগ্য পরিচিতি পান মঈন। তাঁর প্রথম দিকের একটি ভিডিওর ভিউ পাঁচ কোটির গণ্ডি ছাড়িয়ে যায়। ২০১৭ সালের শুরুতেই এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় ইউটিউবের তরফে সিলভার প্লে বাটনও পান তিনি। তবে ক্রমবর্ধমান জনপ্রিয়তার নেপথ্যে ছিল একটি গভীর ব্যক্তিগত উদ্দেশ্য, পরিবারের পাশে দাঁড়ানো।
 
পুরস্কার হাতে মঈন খান
 
মঈনের বাবা নির্মাণসামগ্রী সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। পরিবারের আর্থিক দায়িত্বও ছিল যথেষ্ট। তাই ইউটিউব এবং বিভিন্ন প্রচারমূলক কাজ থেকে মঈনের আয় শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য ছিল না, বরং পরিবারের আর্থিক সহায়তারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে।
 
কোভিড-১৯ লকডাউনের ঠিক আগে ইউটিউব এবং প্রচারমূলক কাজ থেকে তাঁর মাসিক আয় প্রায় ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকায় পৌঁছেছিল। মহামারির সময় কিছু পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল। পরে সেই বকেয়া টাকা একসঙ্গে তাঁর অ্যাকাউন্টে জমা পড়লে অঙ্কটা দাঁড়ায় ২.৫৮ লক্ষ টাকা। সেই টাকা দিয়ে দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেন মঈন। একটি মারুতি অল্টো গাড়ি কিনে বাবাকে উপহার দেন তিনি।জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে আজও সেই ঘটনাকে মনে করেন মঈন।
 
বাধা পেরিয়ে নতুন করে পথচলা
 
প্রাথমিক সাফল্য সত্ত্বেও তাঁর যাত্রাপথ মসৃণ ছিল না। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে কাজের ক্ষেত্রে নানা বাধার মুখে পড়েন তিনি। লকডাউনের কারণে ভিডিওর শুটিংও সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ২০২১ সালের শেষের দিকে ২ লক্ষেরও বেশি অনুগামী থাকা তাঁর পুরনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। ফলে নতুন অ্যাকাউন্ট খুলে ফের শূন্য থেকে শুরু করতে হয় তাঁকে।
 
২০২২ সালের পর প্রায় দেড় বছর একটি প্রোডাকশন হাউসে কাজ করেন মঈন। সেখানে অভিনয় এবং পরিচালনার কাজ শেখার সুযোগ পান। কিছুদিন দিল্লিতেও ছিলেন তিনি। সেই সময় ড্রিম১১-এর মতো বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন নিয়েও কাজ করেন। তবে একটা সময়ে তিনি বুঝতে পারেন, প্রচলিত চাকরির জীবন তাঁর জন্য নয়। অন্যের অধীনে কাজ করার পরিবর্তে স্বাধীনভাবে নিজের কিছু তৈরি করতেই বেশি আগ্রহী ছিলেন তিনি। শেষ পর্যন্ত জয়পুরে ফিরে এসে নিজের চ্যানেলের কাজ নতুন করে শুরু করেন। 
 
তাঁর ডিজিটাল কেরিয়ারের সবচেয়ে বড় মোড় আসে ২০২৪ সালের রমজান মাসে। এর আগে পরিবারের সদস্যরা ওমরাহ পালন করতে গিয়েছিলেন। ফলে বাড়িতে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা বাড়ে। রমজান মাসে মঈন একটি চিত্রনাট্যনির্ভর ভিডিও তৈরি করেন। সেখানে দেখানো হয়, এক রোজাদার ব্যক্তিকে রোজা ভাঙার বিনিময়ে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। কিন্তু ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ভিডিওটি প্রায় পাঁচ লক্ষ ভিউ পায়।
 
মঈন খানের পুরস্কার
 
এই সাড়া পেয়ে উৎসাহিত হয়ে ইসলামি জ্ঞান নিয়ে একটি প্রশ্নোত্তর পর্বের ভিডিও তৈরি করেন মঈন। কিন্তু সেই ভিডিওর জনপ্রিয়তা তাঁর প্রত্যাশাকেও ছাপিয়ে যায়। ফেসবুকে ভিডিওটি ১.২ কোটি, ইনস্টাগ্রামে ৮০ লক্ষ এবং ইউটিউবে ২৫ লক্ষ ভিউ পায়। দর্শকদের এই বিপুল সাড়া তাঁকে কনটেন্টের বিষয়বস্তু বদলানোর সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে। ২০২৪ সালের শেষের দিকে ইসলামি বিষয়বস্তুর জন্য আলাদা একটি ইউটিউব চ্যানেলও চালু করেন তিনি।
 
ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার
 
বর্তমানে মঈনের ভিডিওর মূল বিষয় হজরত মহম্মদ (সা.)-এর জীবন, ইসলামের ইতিহাস এবং ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণার জবাব দেওয়া। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রমশ বাড়ছে তাঁর জনপ্রিয়তা।ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ৪.২১ লক্ষ। ফেসবুকের দুটি পেজ মিলিয়ে তাঁকে অনুসরণ করেন প্রায় ৯ লক্ষ মানুষ। তাঁর নতুন ইসলামি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। অন্যদিকে, পুরনো ‘জয়পুর টিভি’ চ্যানেলে রয়েছে ৩.৪৭ লক্ষ সাবস্ক্রাইবার।
 
ধর্মীয় বিষয়বস্তু তৈরির ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকেন বলে জানিয়েছেন মঈন। নিজেকে কোনও ধর্মীয় পণ্ডিত বলে মনে করেন না তিনি। তাঁর বিশ্বাস, বিপুল সংখ্যক মানুষের কাছে কোনও তথ্য পৌঁছে দেওয়ার আগে সেটি যাচাই করা অত্যন্ত জরুরি। তাই নির্ভরযোগ্য বই থেকে তথ্য মিলিয়ে দেখেন এবং প্রয়োজন হলে ইসলামি পণ্ডিতদের পরামর্শও নেন।
 
প্র্যাঙ্ক ভিডিও নির্মাতা হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তাঁকে দায়িত্বশীলতার গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। ২০১৯ সালে একটি প্র্যাঙ্কের সময় এক ব্যক্তি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে ঘটনাটি শেষ পর্যন্ত পুলিশের কাছে পৌঁছে যায়। সেই অভিজ্ঞতা থেকে মঈন উপলব্ধি করেন, বিনোদনের নামে কাউকে অস্বস্তিতে বা আতঙ্কের মধ্যে ফেলা ঠিক নয়। এরপর থেকে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া প্র্যাঙ্ক ভিডিও তৈরি করা বন্ধ করে দেন তিনি।
 
এমনকী মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেলেও বেটিং এবং গেমিং অ্যাপের বিজ্ঞাপন গ্রহণ করেন না মঈন। তাঁর বক্তব্য, এই ধরনের বিজ্ঞাপন তাঁর নীতির সঙ্গে যায় না। তাঁর বাবাও এমন বিজ্ঞাপনের পক্ষে নন। এর পরিবর্তে জয়পুরের স্থানীয় দোকান, রেস্তরাঁ এবং ক্যাফের প্রচার করতেই বেশি পছন্দ করেন তিনি।
 
পুরস্কার গ্রহণ করছেন মঈন খান
 
জয়পুরের মাটিতে শিকড়, ভবিষ্যতের দিকে নজর
 
ভাইবোনদের মধ্যে মঈনই সবার বড়। তাঁর ছোট ভাই মহসিন একজন ফিজিওথেরাপিস্ট। বাড়ি থেকেই শুটিং এবং ভিডিও সম্পাদনার অধিকাংশ কাজ করেন মঈন। এই কাজে তাঁকে সাহায্য করেন অনমোল, চেতনা এবং সমীর-সহ তাঁর ছোট একটি দল।
 
মঈনের সৃজনশীল কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জয়পুর শহর। মালব্য নগর, মানসসরোবর, সিটি পার্ক, জলমহল এবং অ্যালবার্ট হল তাঁর ভিডিও শুটিংয়ের অন্যতম পছন্দের জায়গা। তাঁর কাজ ইতিমধ্যেই বিভিন্ন মহলে স্বীকৃতি পেয়েছে। কোটায় ‘বেস্ট ক্রিয়েটর’ পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি রাজস্থানের ‘রিফা’ (RIFA) অ্যাওয়ার্ডস অনুষ্ঠানেও তাঁকে সম্মানিত করা হয়েছে।
 
ভবিষ্যতে সাংবাদিকতায় অর্জিত শিক্ষাগত যোগ্যতা এবং ডিজিটাল কনটেন্ট তৈরির অভিজ্ঞতাকে একসঙ্গে কাজে লাগাতে চান মঈন। তাঁর স্বপ্ন এমন একটি মিডিয়া প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে সাংবাদিক এবং সংবাদ সঞ্চালকদের ইসলামি বিষয় সম্পর্কে আরও গভীর ও নির্ভুল ধারণা থাকবে।
 
রাস্তার ধারে প্র্যাঙ্ক করে মানুষকে হাসানো থেকে শুরু করে ধর্মীয় বিশ্বাস ও ইতিহাস নিয়ে ভিডিও তৈরি, মঈনের এই যাত্রা দেখিয়ে দেয়, ডিজিটাল দুনিয়ায় একজন কনটেন্ট ক্রিয়েটর কীভাবে নিজেকে নতুন করে গড়ে তুলতে পারেন। তাঁর কাছে আগামী দিনের লক্ষ্য শুধু অনুগামীর সংখ্যা বাড়ানো নয়, বরং কনটেন্ট তৈরি এবং দায়িত্বশীল সাংবাদিকতার সমন্বয়ে একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা।


শেহতীয়া খবৰ