রাস্তায় পড়ে থাকা ব্যাগে ছিল নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং তিনটি আলুর বন্ড। চাইলে ওই বিপুল পরিমাণ টাকা নিজের কাছে রেখে দিতে পারতেন তিনি। কিন্তু সেই পথে হাঁটলেন না ধূপগুড়ির নেতাজীপাড়ার বাসিন্দা রানি ঘোষ। কুড়িয়ে পাওয়া টাকা ও গুরুত্বপূর্ণ নথি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতা ও সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। তাঁর এই উদ্যোগে আপ্লুত স্থানীয় বাসিন্দারা।
— Awaz - The Voice Bangla (@AwazBangla) November 18, 2026
ঘটনাটি গত শনিবারের। ধূপগুড়ি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার বাসিন্দা অভিজিৎ সাহা মিলপাড়া থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগে ছিল প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং তিনটি আলুর বন্ড। অসাবধানতাবশত চলন্ত বাইক থেকে ব্যাগটি রাস্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলেন রানি ঘোষ। রাস্তায় পড়ে থাকা ব্যাগটি চোখে পড়তেই তিনি সেটি তুলে নেন।

রানি ঘোষের মেয়ে ও অভিজিৎ সাহা
বাড়ি ফিরে ব্যাগ খুলে বিপুল পরিমাণ টাকা ও নথিপত্র দেখে বিষয়টি মেয়ে ও জামাইকে জানান রানি দেবী। ব্যাগে থাকা আলুর বন্ডগুলি পরীক্ষা করে তাঁর জামাই বুঝতে পারেন, সেগুলি স্থানীয় একটি হিমঘরের। এরপর আর দেরি না করে তিনি হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো ঘটনা জানান।
অন্যদিকে, ব্যাগ হারানোর পরই অভিজিৎ সাহা হিমঘর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। ফলে দুই পক্ষের যোগাযোগের সূত্র ধরে ব্যাগের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব হয়। হিমঘর কর্তৃপক্ষের মধ্যস্থতায় তিন দিন পর রানি ঘোষের পরিবার সেখানে গিয়ে অভিজিৎ সাহার হাতে সম্পূর্ণ টাকা ও তিনটি আলুর বন্ড তুলে দেয়।
হারানো টাকা ও প্রয়োজনীয় নথি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন অভিজিৎবাবু। আর কোনও পুরস্কার বা প্রতিদানের প্রত্যাশা না রেখে রানি ঘোষ ও তাঁর পরিবারের এই সততার পরিচয় এখন ধূপগুড়িতে প্রশংসিত হচ্ছে। চারপাশে যখন সামান্য সুযোগেও অন্যের সম্পদ আত্মসাতের ঘটনা সামনে আসে, তখন রানি ঘোষের এই দায়িত্ববোধ মনে করিয়ে দেয়—মানবিকতা ও সততা এখনও সমাজের সবচেয়ে বড় সম্পদ।