কলম ধরেই বাজিমাত! বাজে হাতের লেখা নিয়ে শুনছেন বকুনি, সেই হাতের লেখাতেই বিশ্বে প্রথম হলেন প্রণব, আন্তর্জাতিক মঞ্চে বাংলার জয়জয়কার
Story by Tarun Nandi | Posted by Aparna Das • 1 h ago
কলম ধরেই বাজিমাত! বাজে হাতের লেখা নিয়ে শুনছেন বকুনি, সেই হাতের লেখাতেই বিশ্বে প্রথম হলেন প্রণব, আন্তর্জাতিক মঞ্চে বাংলার জয়জয়কার
তরুণ নন্দী / কলকাতা
ছোটবেলায় হাতের লেখা ভালো ছিল না বলে কম কথা শুনতে হয়নি। খাতার পাতায় অক্ষরের গড়ন ঠিক করতে গিয়ে শিক্ষকরা তো বকেছেন, সেই সঙ্গে নানা মানুষের কাছ থেকে সহ্য করতে হয়েছে সমালোচনা। অথচ তাঁর হাতের লেখাই বিশ্বজয় করে ফেলল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের প্রণবকুমার নস্করের জীবনে যে বিষয়টি একসময় ছিল অস্বস্তির কারণ, আজ সেটাই তাঁর জীবনের সবচেয়ে বড় গর্ব। বিশ্ব হস্তাক্ষর প্রতিযোগিতা ২০২৬-এ প্রথম স্থান অধিকার করে আন্তর্জাতিক স্তরে বাংলার মুখ উজ্জ্বল করেছেন এই যুবক। দীর্ঘদিনের অধ্যবসায় আর অনুশীলনের জোরে আজ এই জায়গা পেয়ে গেলেন প্রণব।
ভাঙড়ের দক্ষিণ কালিকাপুরের কৃষক পরিবারে বেড়ে ওঠা প্রণবের এই সাফল্য মোটেই একদিনের প্রাপ্তি নয়। হাতের লেখা ভালো নয় জেনেও নানা প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্নকে কখনও থামতে দেননি তিনি। ছোটবেলায় হাতের লেখা নিয়ে শিক্ষকদের বকুনি থেকেই মনে জন্মেছিল একরোখা জেদ। ঠিক করেছিলেন, নিজেই নিজের লেখার ধরন বদলে ফেলবেন। যেমন ভাবা তেমনি কাজ। সেই ভাবনাই ধীরে ধীরে পরিণত হয় এক বিশেষ সাধনায়। স্কুলের পড়াশোনার পাশাপাশি শুরু করে দেন হাতের লেখায় নিয়ে নিয়মিত অনুশীলন। প্রতিটি অক্ষরের গড়ন, শব্দের বিন্যাস, লেখার সৌন্দর্য, সবকিছুতেই নিখুঁত হওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রণব।
ভূগোলে স্নাতক সম্পন্ন করার পর বর্তমানে বিএড পড়ছেন তিনি। কিন্তু পড়াশোনার ব্যস্ততার মধ্যেও হাতের লেখার চর্চা থেকে কখনও সরে আসেননি। প্রণব নস্করের এই প্রতিভার প্রকাশ বিকোশিত হয় সামাজিক মাধ্যমে। সোস্যাল মিডিয়ায় নিয়মিত প্রকাশ করতেন নিজের হাতের লেখার নমুনা। সেই সূত্রেই বাংলাদেশের বাসিন্দা তথা বিশ্ব হস্তাক্ষর প্রতিযোগিতার বিচারক জিয়াউর রহমানের সঙ্গে পরিচয়। তাঁর কাছ থেকেই ক্যালিগ্রাফি বা চারুলিপির শিল্প সম্পর্কে আরও উৎসাহ পেয়ে যান প্রণব। তারপর শুরু নতুন চিন্তা। শখের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন ভাঙড়ের এই যুবক।
চলতি বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত বিশ্ব ক্যালিগ্রাফি প্রতিযোগিতাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। এরপর বিশ্ব হস্তাক্ষর প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণ করতেই মেলে সাফল্য। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পাঠানো হাতের লেখার নমুনা বিচার করে আমেরিকায় চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়। দীপাবলির দিন প্রকাশিত সেই ফলাফলে প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়নের সম্মান ছিনিয়ে নেন ভাঙড়ের প্রণব।
প্রণবের হাতের লেখা
এই সাফল্যের খবর জানতে পেরেই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রণব। তিনি আবেগপ্রবণ হয়ে জানালেন, ছোটবেলায় হাতের লেখা নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে। সেই অভিজ্ঞতাই আরও ভালো করার জেদ জুগিয়েছিল। তিনি জানালেন, কলেজের পড়াশোনা শেষ করার পর কীভাবে লেখার মান আরও উন্নত করা যায়, তা নিয়ে নিয়মিত অনুশীলন করেছেন।
আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে সেই দীর্ঘ পরিশ্রম সার্থক হয়েছে। প্রণবের এই জার্নি শেখালো,সমালোচনাকে হতাশার কারণ না করে অনুপ্রেরণায় পরিণত করার নামই অধ্যবসায়। বলা ভালো, একসময় যে হাতের লেখা নিয়ে সমালোচনা শুনতে হয়েছে, আজ সেই হাতের লেখাই তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বমঞ্চে।