বাংলার একমাত্র পোড়ামাটির মসজিদের দায়িত্বে ৭২ বছরের মহিলা! ৫০০ বছরের ‘বিস্ময়’ মুর্শিদাবাদের খেরুর মসজিদ, ভগ্নদশায়ও হারায়নি ঐতিহ্য
Story by Tarun Nandi | Posted by Sudip sharma chowdhury • 17 h ago
বাংলার একমাত্র পোড়ামাটির মসজিদের দায়িত্বে ৭২ বছরের মহিলা! ৫০০ বছরের ‘বিস্ময়’ মুর্শিদাবাদের খেরুর মসজিদ, ভগ্নদশায়ও হারায়নি ঐতিহ্য
তরুণ নন্দী, কলকাতাঃ
ইতিহাসের শহর মুর্শিদাবাদ বললেই হাজারদুয়ারি, ইমামবাড়া কিংবা নবাব সিরাজ-উদ্দৌলার ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। নানা মহলের মতামাত অনুযায়ী বলা যায়, পর্যটকদের কাছে এই জেলার আকর্ষণ মূলত নবাবি স্থাপত্য আর ঐতিহাসিক নিদর্শনকে ঘিরেই। কিন্তু মুর্শিদাবাদের আনাচে-কানাচে এমন কিছু অমূল্য স্থাপত্য লুকিয়ে রয়েছে যেগুলি আজও অনেকের অজানা রয়ে গেছে। মুর্শিদাবাদ জেলায় মধ্যেই তেমনই এক বিস্ময়কর নিদর্শন সাগরদিঘি ব্লকের খেরুর গ্রামের প্রায় পাঁচ শতাব্দী প্রাচীন খেরুর মসজিদ। পোড়ামাটির অপূর্ব কারুকাজে গড়া এই মসজিদ বাংলার স্থাপত্যশিল্পের এক অনন্য উদাহরণ। বলা ভালো, এই প্রাচীণ ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার এক সুন্দর বার্তাও। এখন এই ঐতিহাসিক মসজিদের দেখভালের দায়িত্বে রয়েছেন ৭২ বছর বয়সি এক মহিলা। তাঁর এই দায়িত্ববোধই যেন নতুন করে মনে করিয়ে দেয়, ঐতিহ্য রক্ষার কোন বয়স হয়না।
মুর্শিদাবাদের সাগরদিঘী থানার খেরুর গ্রামের উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে রয়েছে প্রায় পাঁচ শতাব্দী প্রাচীন খেরুর মসজিদ। হুসেন শাহী আমলের এই ঐতিহাসিক স্থাপনাটি ৯০০ হিজরি, অর্থাৎ ১৪৯৪-৯৫ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনকালে রাফাত খান নির্মাণ করেন বলে জানা যায়। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের উত্থানেরও আগে, বাংলার সুলতানি আমলেই তৈরি হয়েছিল এই অসাধারণ স্থাপত্য। প্রায় ৫০০ বছরের ইতিহাস বয়ে নিয়ে চলা খেরুর মসজিদটির নির্মাণশৈলী বাংলার অন্যান্য পরিচিত মসজিদের তুলনায় বেশ আলাদা। সম্পূর্ণ ইটের তৈরি এই স্থাপত্যের দেওয়ালে পোড়ামাটির সূক্ষ্ম অলংকরণ, ফুল-লতাপাতা এবং বিভিন্ন নকশার কারুকাজ দেখলে চোখ আটকে যাবে। পাথরের পরিবর্তে ইটের সাহায্যে এমন নিপুণ শিল্পকর্ম তৈরি করা সেই সময়ের বাংলার কারিগরদের অসামান্য দক্ষতারই পরিচয় দেয়।
ঐতিহাসিকদের বনর্না অনুসারে বলা যায়, এই মজজিদের স্থাপত্যের গঠনেও রয়েছে বিশেষত্ব। মসজিদটির একটি বর্গাকার প্রার্থনাকক্ষের সামনে রয়েছে তিন গম্বুজবিশিষ্ট বারান্দা। চার কোণে একসময় ছিল চারটি মিনার। প্রার্থনাকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ৯ মিটার। সামনের খিলানযুক্ত প্রবেশপথ এবং দেওয়ালের অলংকরণ মসজিদটির সৌন্দর্যকে অন্য মাত্রায় নিয়ে গেছে। অসাধারণ শিল্পশৈলীর পরিচয় বহন করা মসজিদটি বিপর্যয়ের মুখে পড়ে। জানা যায়, ১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে মসজিদের প্রধান গম্বুজটি ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় স্থাপত্যের বিভিন্ন অংশও। উত্তর-পশ্চিম দিকের মিনারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বাকি তিনটি মিনারও আজ ক্ষয়িষ্ণু অবস্থায় রয়েছে। তবুও ভগ্নদশার মধ্যেও দেওয়ালের গায়ে টিকে থাকা পোড়ামাটির কারুকাজ যেটুকু বেঁচে আছে আজও তা পর্যটক ও ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে।
পোড়ামাটির মসজিদের দায়িত্বে ৭২ বছরের মহিলা
বাংলার টেরাকোটা শিল্পের কথা উঠলে সাধারণত বিষ্ণুপুর কিংবা মুর্শিদাবাদের বড়নগরের মন্দিরগুলির নাম সামনে আসে। কিন্তু বাংলার এই শিল্পকলা যে শুধু মন্দিরের দেওয়ালেই সীমাবদ্ধ ছিল না, তারই এক বিরল প্রমাণ মুর্শিদাবাদের এই খেরুর মসজিদ। হিন্দু মন্দিরের টেরাকোটা শিল্প এবং সুলতানি আমলের মসজিদের ইটের অলংকরণ, দুটি ভিন্ন স্থাপত্যধারার মধ্যে বাংলার নিজস্ব কারুশিল্পের এক অসাধারণ মিল খুঁজে পাওয়া যায় এখানে। বিশেষজ্ঞদের মতে, বাংলার সুলতানি আমলের মসজিদ স্থাপত্যের বিবর্তন বোঝার ক্ষেত্রেও খেরুর মসজিদের গুরুত্ব অপরিসীম। প্রাক-মুঘল যুগের এই স্থাপত্য বাংলার নিজস্ব নির্মাণরীতি ও শিল্পভাবনার এক মূল্যবান দলিল।
তবে খেরুর মসজিদের কথা শুধুমাত্র প্রাচীনত্ব কিংবা স্থাপত্যশৈলীতে আটকে নেই। প্রায় পাঁচশো বছরের পুরনো একটি মুসলিম ধর্মীয় স্থাপনার দেখভাল করছেন ৭২ বছর বয়সি এক মহিলা। বয়স তাঁর দায়িত্ববোধের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই স্থাপনার দেখাশোনার সঙ্গে যুক্ত। তাঁর এই ভূমিকা বার্তা দেয়, ঐতিহাসিক স্থাপত্য রক্ষা করার দায়িত্বও আমাদের সকলের। এখনও এখানে স্থানীয়রা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন।
বর্তমানে খেরুর মসজিদ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI)-এর সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শন। তবে বয়সের ভার, প্রাকৃতিক ক্ষয় এবং অতীতের ভূমিকম্পের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যের যথাযথ সংরক্ষণ অত্যন্ত জরুরি। শুধু একটি প্রাচীন মসজিদ হিসেবে নয়, বাংলার সুলতানি আমলের স্থাপত্য, পোড়ামাটির শিল্পকলা এবং সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবেও এর গুরুত্ব অপরিসীম। মুর্শিদাবাদে পর্যটনের প্রসার ঘটাতে গেলে নবাবী স্থাপত্যের পাশাপাশি খেরুরের মতো অপেক্ষাকৃত অপরিচিত ঐতিহাসিক স্থানগুলিকেও সামনে নিয়ে আসা প্রয়োজন। পর্যটকদের কাছে এই মসজিদের ইতিহাস ও বিশেষত্ব তুলে ধরা গেলে স্থানীয় পর্যটনও নতুন দিশা পেতে পারে। ইতিহাসের পাতায় হয়তো খেরুর মসজিদ একটি স্থাপত্যের নাম। কিন্তু বাস্তবে এটি বাংলার শিল্পকলার এক অনন্য প্রতীক।