আলোয় সাজছে চন্দননগর, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্ভাব্য সফর ঘিরে তৎপরতা

Story by  atv | Posted by  Aparna Das • 3 h ago
আলোয় সাজছে চন্দননগর, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্ভাব্য সফর ঘিরে তৎপরতা
আলোয় সাজছে চন্দননগর, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্ভাব্য সফর ঘিরে তৎপরতা
 
চন্দননগর

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার জগদ্ধাত্রী পুজো ঘিরে বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে চন্দননগরে। এ বছর চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে ‘রাজ্য উৎসব’-এর মর্যাদা দিয়েছে রাজ্য সরকার। আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হওয়ার কথা। সেই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। সম্ভাব্য মুখ্যমন্ত্রীর সফর এবং উৎসবের বিপুল জনসমাগমকে সামনে রেখে শহরজুড়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে।

মঙ্গলবার চন্দননগরের কুঠির মাঠ, স্ট্যান্ড রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ও পুজোমণ্ডপ ঘুরে দেখেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের যাতায়াত, নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। বিশেষ করে গঙ্গার তীরবর্তী এই শহরে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। তাই ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম ফাঁক রাখতে চাইছে না প্রশাসন।
 
পরিদর্শনের পর জেলাশাসক খুরশিদ আলি কাদরী জানান, জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই এই আগাম পরিদর্শন। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ ও দর্শনার্থীরা যাতে কোনও অসুবিধায় না পড়েন, তা নিশ্চিত করতেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 
প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি শহরজুড়ে চলছে সাজসজ্জার কাজও। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩ নভেম্বর পুজোর উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। আলোয় সাজিয়ে তোলা হচ্ছে গোটা চন্দননগরকে, নতুন করে সাজানো হচ্ছে বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকা। আলোকসজ্জার ঐতিহ্যের জন্য আন্তর্জাতিক পরিচিতি রয়েছে এই শহরের। সেই আলোর শিল্পকে আরও বৃহত্তর পরিসরে বিশ্বের দরবারে তুলে ধরার উদ্যোগও নেওয়া হয়েছে।
 
চন্দননগরের বিধায়ক দীপাঞ্জনকুমার গুহ জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এ বছর জগদ্ধাত্রী পুজোকে ‘রাজ্য উৎসব’-এর স্বীকৃতি দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। পাশাপাশি চন্দননগরের ঐতিহ্যবাহী জলভরা সন্দেশও এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে জানিয়েছেন তিনি। জগদ্ধাত্রী পুজোর আনন্দের সঙ্গে শহরের নিজস্ব মিষ্টির ঐতিহ্যকেও তুলে ধরতে চান আয়োজকেরা। উৎসবে যোগ দিতে রাজ্যবাসীর প্রতি আমন্ত্রণ জানিয়েছেন বিধায়ক।
 
সব মিলিয়ে, রাজ্য উৎসবের স্বীকৃতি, সম্ভাব্য মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা, এই তিনকে ঘিরেই এ বছর জগদ্ধাত্রী পুজোকে আরও বড় পরিসরে উদযাপনের প্রস্তুতি চলছে।


শেহতীয়া খবৰ