কলকাতা-মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাকের হুমকি ঘিরে আতঙ্ক, আইসোলেশন বে-তে নিয়ে তল্লাশি শুরু
কলকাতা
কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাকের হুমকি ঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল কলকাতা বিমানবন্দরে। বিমান ছাড়ার ঠিক আগে বিমানের শৌচাগার থেকে উদ্ধার হয় একটি হুমকির চিরকুট। তাতে উল্লেখ ছিল, সকাল ১১টা ১০ মিনিটে বিমানটি হাইজ্যাক করা হবে। এরপরই তৎপর হয়ে ওঠেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে মূল পার্কিং এলাকা থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশে বিমানটির রওনা হওয়ার কথা ছিল। উড়ানের ঠিক আগে বিমানের শৌচাগারে ওই হুমকির চিরকুটটি নজরে আসে। বিষয়টি জানাজানি হতেই দ্রুত নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল কার্যকর করা হয়।
বিমানে ইতিমধ্যেই উঠে পড়েছিলেন যাত্রীরা। নিরাপত্তার স্বার্থে তাঁদের প্রত্যেককে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে গিয়ে শুরু হয় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি। প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপও করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর অধিকর্তা।
তবে কে বা কারা ওই হুমকির চিরকুট রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তল্লাশির পর বিমানের উড়ান সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।