প্রতিকুলতা হার মানল মায়ের জেদের কাছে! ৩ বছরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম আরশি জান্নাতের, মায়ের অদম্য লড়াইয়ে মেয়ের সাফল্য

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 16 h ago
প্রতিকুলতা হার মানল মায়ের জেদের কাছে! ৩ বছরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম আরশি জান্নাতের, মায়ের অদম্য লড়াইয়ে মেয়ের সাফল্য
প্রতিকুলতা হার মানল মায়ের জেদের কাছে! ৩ বছরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম আরশি জান্নাতের, মায়ের অদম্য লড়াইয়ে মেয়ের সাফল্য

তরুণ নন্দী, কলকাতাঃ 

অভাব কখনও স্বপ্নের পথে বাধা হতে পারে না। আরশি জান্নাতের এই প্রতিভা হয়ত সেই বাস্তবতারই প্রমাণ দিল। জীবনের নানা প্রতিকূলতাকে সঙ্গী করেই একা হাতে মেয়েকে বড় করে তুলছেন মা বিজলী খাতুন। আর সেই মায়ের স্বপ্নের হাত ধরেই মাত্র ৩ বছর ২ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে তাক লাগিয়ে দিল শীতলকুচির ছোট্ট আরশি জান্নাত। আদো আদো কথাতেই সে এখন শীতলকুচির গর্বের মুকুটে পালক জুড়ে দিয়েছে।

কোচবিহারের শীতলকুচির এই ছোট্ট মেয়েটির সাফল্য আজ গোটা বাংলার গর্ব। যে বয়সে শিশুরা খেলতে খেলতে শৈশব কাটায় সেই বয়সেই নিজের অসাধারণ মেধার পরিচয় দিয়ে নজির গড়েছে আরশি। মাত্র তিন বছর দুই মাস বয়সে তার ঝুলিতে এসেছে 'IBR Achiever' সম্মান। আর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন তার লড়াকু মা।  যিনি ভেবে নিয়েছেন মেয়ের ভবিষ্যৎই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।
 
শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকার বাসিন্দা আরশি। কিছু না বুঝলেও জীবনের শুরু থেকেই পারিবারিক নানা প্রতিকূলতার সাক্ষী থেকেছে সে। পরিবার সূত্রে জানা যায়, ২০২১ সালে বিয়ের পর পরবর্তীতে বিবাহবিচ্ছেদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় মা বিজলী খাতুনকে। নানা ঘাত-প্রতিঘাত সামলে একটা সময় বিজলী মেয়েকে নিয়ে আশ্রয় নেন বাপের বাড়িতে। তারপর থেকে আরশিকে বড় করে তোলার সমস্ত দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি। সংসারের অভাব থাকলেও একাই সন্তানকে মানুষ করার দায়িত্ব নিয়ে ফেলেন। বলা ভালো, কোনও কিছুই তাঁর মনোবল ভাঙতে পারেনি।
 
 
একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন আরশির মা বিজলী খাতুন। সেখান থেকে পাওয়া সামান্য উপার্জনেই চলে কোনমতে সংসারটা। মেয়ের পড়াশোনাতেও তিনি কোন ঘাটতি হতে দিতে চান না। আর্থিক সামর্থ্য সীমিত থাকলেও  মেয়ের স্বপ্নের পরিসরকে কখনও ছোট হতে দেননি তিনি। প্রতিটি মুহূর্তে চেষ্টা করেছেন ছোট্ট আরশির প্রতিভাকে সঠিকভাবে বিকশিত করতে। মায়ের চোখে ছোট্ট মেয়েটি যে একটু আলাদা। এই বিশ্বাসই যেন ধীরে ধীরে পরিণত হয়েছে সাফল্যের ভিত্তিতে।
 
পরিবার সূত্রে খবর, আরশির অসাধারণ স্মৃতিশক্তির পরিচয় মিলেছিল কথা বলতে শেখার সময় থেকেই। মা বিজলী খাতুন জানালেন, একবার কোনও কিছু শুনলে কিংবা দেখলে তা সহজেই মনে রাখতে পারত আরশি। মেয়ের এই বিশেষ ক্ষমতা বুঝতে পেরে বিজলী তাকে প্রতিদিন নতুন নতুন বিষয় শেখাতে শুরু করেন। খেলার ছলে শেখানো যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। কোন বিষয়কে বারবার অনুশীলন করানো আর প্রতিটি ছোট্ট সাফল্যে উৎসাহ দেওয়ার পথ ধরেই তৈরি হয়েছে আরশির প্রতিভার ভিত। বলা ভালো, মায়ের স্নেহ আর নিরন্তর প্রচেষ্টাই ছিল মেয়ের শেখার সবচেয়ে বড় অবলম্বন। আর সেই চেষ্টারই স্বীকৃতি মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মাত্র ৩ বছর ২ মাস বয়সে আরশি ১০টি ফল, ৪টি ফুল, ৭টি রং, ১০টি প্রাণী এবং শরীরের ১০টি অঙ্গের নাম শনাক্ত করে বলতে সক্ষম হয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় চারটি ছড়া আবৃত্তি এবং সপ্তাহের সাতটি দিনের নামও বলতে পারে সে। এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে দেওয়া হয়েছে 'IBR Achiever' সম্মান। ১০ অক্টোবর ২০২৬ তারিখে তার কৃতিত্ব নিশ্চিত হয়। আর এই স্বীকৃতির জন্য ২৬ অক্টোবর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র ইস্যু করা হয়।
 
সেই বহু প্রতীক্ষিত শংসাপত্র পরিবারের হাতে পৌঁছতেই আনন্দে ভরে ওঠে আরশির আমতলার বাড়ি। নাতনির সাফল্যে গর্বিত নানু জমশের আলী মিয়া ও নানী জোসেফা বিবি। পরিবারের প্রত্যেকের চোখেমুখে খুশির ঝিলিক দেখে বোঝা গিয়েছে ওই ছোট্ট শিশুকে নিয়ে কতটা উৎসাহ পরিবারে। বলতে দ্বিধা নেই এই আনন্দের মাঝেও সবচেয়ে বড় প্রাপ্তি নিঃসন্দেহে মা বিজলী খাতুনের। কারণ এই শংসাপত্রের প্রতিটি অক্ষরের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর অগণিত পরিশ্রম, আর তাঁর আত্মত্যাগ। মেয়েকে ঘিরে অসংখ্য স্বপ্ন জন্মেছে মায়ের মনে। যা তাঁর অভিব্যক্তিতে ফুটে উঠেছে। আরশির বয়স মাত্র তিন বছর। সামনে পড়ে রয়েছে দীর্ঘ পথ। এখনই তাকে নিয়ে অনেক প্রত্যাশা জন্ম নিয়েছে। তবে ছোট্ট বয়সে তার এই স্বীকৃতি আগামী দিনে আরও অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।