গুয়াহাটিঃ
রাজনীতির ব্যস্ত জীবন, সরকারি দায়িত্ব, সভা-সমাবেশ আর মানুষের জন্য নিরন্তর কাজ—এসবের মাঝেও কখনও কখনও এমন কিছু মুহূর্ত আসে, যা হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে যায়।সম্প্রতি একটি সরকারি সফর শেষে গুয়াহাটি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে ফিরছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী পৌর বিষয়ক বিভাগ , নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ অগ্নিমিত্র পাল। সাধারণ একটি বিমানযাত্রাই তাঁর কাছে হয়ে উঠেছিল এক আবেগঘন অভিজ্ঞতা।
বিমানে কর্মরত দুই বিমানসেবিকা—পল্লবী সিং ও লিমুঘা ঝিমো—একটি হাতে লেখা আন্তরিক বার্তার সঙ্গে কিছু চিপস ও ক্যান্ডি উপহার দেন মন্ত্রীকে। ছোট্ট এই সৌজন্য ও সম্মান প্রদর্শন অগ্নিমিত্র পালকে গভীরভাবে স্পর্শ করে।
পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে তিনি লেখেন, জনজীবনের ব্যস্ত পথচলায় এমন অকৃত্রিম শুভেচ্ছা ও উৎসাহ অনেক বড় প্রাপ্তি। মানুষের ভালোবাসা ও সম্মানই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও উল্লেখ করেন, একসময় সফল ডিজাইনের পেশায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকলেও মানুষের সেবার লক্ষ্যে রাজনীতির পথ বেছে নিয়েছিলেন। বিমানের সেই ছোট্ট ঘটনাটি তাঁকে আবারও উপলব্ধি করিয়েছে যে, মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তটি সঠিক ছিল।
অগ্নিমিত্র পালের মতে, মানুষের ভালোবাসা, আস্থা ও শুভেচ্ছাই তাঁকে আরও নিষ্ঠা, দায়বদ্ধতা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
একটি হাতে লেখা বার্তা, কয়েকটি ক্যান্ডি আর কিছু চিপস—মূল্য হয়তো সামান্য। কিন্তু তার মধ্যেই লুকিয়ে ছিল অগাধ সম্মান, ভালোবাসা ও মানবিকতার বার্তা। আর সেই কারণেই সাধারণ একটি বিমানযাত্রা পরিণত হয়েছিল এক অসাধারণ স্মৃতিতে।
বিনম্র কৃতজ্ঞতায় মন্ত্রী লিখেছেন—"এই ভালোবাসাই এগিয়ে চলার শক্তি।"