শিক্ষাকে পণ্য বানাবেন না, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 6 d ago
শিক্ষাকে পণ্য বানাবেন না, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
শিক্ষাকে পণ্য বানাবেন না, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা: 

উচ্চশিক্ষার মান বজায় রাখতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, "শিক্ষাকে শুধুমাত্র মুনাফার পণ্য হিসেবে দেখা চলবে না।"

বিদেশি বিশ্ববিদ্যালয়কে রাজ্যে আনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কোনও স্বনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয় ভালো প্রস্তাব নিয়ে এলে সরকার তা বিবেচনা করতে প্রস্তুত। তিনি বলেন, "আমরা একটি 'এডুকেশন সিটি' গড়ে তোলার কথা ভাবছি, যেখানে সরকারি, বেসরকারি এবং বিদেশি বিশ্ববিদ্যালয়, পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানও থাকতে পারে।"তবে তিনি স্পষ্ট করে দেন, শুধু নতুন প্রতিষ্ঠান গড়লেই হবে না, শিক্ষার গুণগত মান বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গত পাঁচ-ছয় বছরে গড়ে ওঠা একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে নানা অনিয়ম হয়েছে। তাঁর দাবি, একই শিক্ষককে একাধিক ক্যাম্পাসে দেখানো, পরিদর্শনের সময় ভুয়ো রোগী এনে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়ার মতো ঘটনা ঘটেছে।

এছাড়াও তিনি অভিযোগ করেন, অনেক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে মানসম্মত ল্যাবরেটরি, লাইব্রেরি, যন্ত্রপাতি ও যোগ্য শিক্ষক নেই। বহু বেসরকারি আইটিআই (ITI) কেবলমাত্র সার্টিফিকেট দেওয়ার কেন্দ্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।আইআইটির উদাহরণ টেনে শুভেন্দু অধিকারী বলেন, "আইআইটির বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে কঠোর শিক্ষার মান, দক্ষ শিক্ষক এবং সফল ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে। তাই আজও আইআইটির ছাত্রছাত্রীরাই সমাজের সেরাদের মধ্যে গণ্য হন।"সম্প্রতি কলকাতায় একটি গুদাম ভেঙে পড়ার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি জানান, তদন্তের জন্য রাজ্য সরকার আইআইটি খড়গপুর ও RITES-এর বিশেষজ্ঞদের দায়িত্ব দিয়েছে, কারণ "বিশ্বাসযোগ্যতার সঙ্গে কোনও আপস করা যায় না।"

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে প্রায় ৫০০টি ভর্তি ভুয়ো এনআরআই (NRI) শংসাপত্রের মাধ্যমে হয়েছে, যা পূর্ববর্তী সরকারের আমলে প্রশ্রয় পেয়েছিল বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, "যারা ইতিমধ্যেই পড়াশোনা করছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হোক, তা আমি চাই না। কিন্তু শিক্ষার মান, মূল্যায়ন ব্যবস্থা, শিক্ষক ও পরিকাঠামোর ক্ষেত্রে কোনও আপস করা হবে না।"


শেহতীয়া খবৰ