"কোনরকম অশান্তি চাই না, চাই নিরপেক্ষ তদন্ত", বারুইপুরের কান্নার মাঝে সম্প্রীতির বার্তা জমিয়ত সভাপতির সিদ্দিকুল্লাহ চৌধুরীর
Story by Tarun Nandi | Posted by Aparna Das • 14 h ago
"কোনরকম অশান্তি চাই না, চাই নিরপেক্ষ তদন্ত", বারুইপুরের কান্নার মাঝে সম্প্রীতির বার্তা জমিয়ত সভাপতির সিদ্দিকুল্লাহ চৌধুরীর
তরুণ নন্দী / কলকাতা
বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ছাত্রী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই উত্তেজনার মাঝেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরে পৌঁছে গেল জমিয়তে উলামায়ে হিন্দের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জমিয়তের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এই দলে ছিলেন হাইকোর্টের আইনজীবী মুস্তাফিজুর রহমান, হাসানুজ্জামান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও নেতৃবর্গ। পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সব রকম আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হল।
নির্যাতিতার মা এদিন কান্নায় ভেঙে পড়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলেন, আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমি ওই অপরাধী খুনিদের কঠোরতম শাস্তির দাবি করছি। পরিবার সূত্রে অভিযোগ করা হয়, শনিবার বিকেল থেকে মেয়েটি নিখোঁজ হওয়ার পর রাতে বারুইপুর থানায় ডায়েরি করতে গেলে পুলিশ গরিমসি করেছে। অভিযোগ নিতে প্রথমে নিতে অস্বীকার করে। সারারাত ধরে খোঁজাখুজি চলার পর পরদিন রবিবার সকালে ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় পুকুর থেকে।
এই ঘটনা নিয়ে পুলিশের এই প্রাথমিক নিষ্ক্রিয়তাকে অত্যন্ত দুঃখজনক বলে ক্ষোভ উগড়ে গিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। গ্রামবাসীদের অভিযোগ, ঘটনায় শোরগোল পড়ে যেতেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দেন এর কঠোর বিচার হবে। জানা যায়, এরপরেই পুলিশি ধরপাকড়ের ভয়ে এলাকার পুরুষরা ঘরছাড়া।
জমিয়তে উলামায়ে হিন্দের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
এই প্রসঙ্গে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেন, মিথ্যে অপবাদে এলাকার নিরীহ মানুষদের ফাঁসানো হচ্ছে। বহু মুসলিম ও নিরীহ মানুষকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। বহু মানুষ এলাকা ছাড়া রয়েছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরি আরও অভিযোগ করে বলেন, যাকে পুলিশ এনকাউন্টার করেছে, সে হয়তো মূল ঘটনার অনেক কিছুই জানত, বলে সন্দেহ প্রকাশ করেন।
জমিয়তের সভাপতি স্পষ্ট জানিয়ে দেন, বারুইপুরের এই ঘটনা অবশ্যই ক্ষমার অযোগ্য অপরাধ। এর বিরুদ্ধে তাঁরা ইতিমধ্যেই একটি আইনি সহায়তার টিম গঠন করেছেন। তাঁরা চান এই ঘটনার নিরপেক্ষ তদন্ত। তবে একই সঙ্গে এলাকায় শান্তি বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা অবশ্যই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে দাবি করব। ঘটনার ভবিষ্যত ব্যাখা করে বলেন, এর আড়ালে আমরা কোনোভাবেই এলাকায় অশান্তি চাই না।
জমিয়তের সভাপতি
ইতিমধ্যে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পরিবারের পাশে দাঁড়িয়ে এই ঘটনায় সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বারুইপুরের এই ঘটনায় দোষীদের ফাঁসির দাবি তুলেছেন স্থানীয় থেকে অনান্য রাজনৈতিক দলগুলো। কোনো নিরীহ মানুষ যাতে হেনস্থার শিকার না হন এলাকায় যাতে শান্তি বজায় থাকে, সেই দাবিকেই প্রাধান্য দিচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।