ক্যামেরায় সংবাদ ধারণ করতে গিয়ে নিজেরাই হয়ে উঠলেন মানবিকতার নায়ক, তিন সাংবাদিকের সাহসিকতায় প্রাণরক্ষা বিএসএফ জওয়ানের
নূরুল হক / আগরতলা
হাতে ছিল ক্যামেরা, চোখ ছিল ঘটনার দিকে। উদ্দেশ্য ছিল সংবাদ সংগ্রহ করা। কিন্তু চোখের সামনে যখন একের পর এক বিএসএফ জওয়ানের ওপর হামলা চলছিল, তখন সাংবাদিকতার পেশাগত দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিকতার টানে বিপন্ন জওয়ানদের পাশে দাঁড়ালেন বক্সনগর প্রেস ক্লাবের তিন সাংবাদিক। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্ত জওয়ানদের উদ্ধার থেকে শুরু করে ছিনিয়ে নেওয়া সার্ভিস রাইফেল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিক জুয়েল উদ্দিন, শোখেন শুক্লাদাস ও মমিনুল হক। তাঁদের এই সাহসিকতা ও মানবিক উদ্যোগ ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসার বিষয় হয়ে উঠেছে।
ঘটনাটি গত ২ নভেম্বরের। কলমচৌড়া থানাধীন আশাবাড়ি পঞ্চায়েত এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে শুরু হয় রাস্তা অবরোধ। অভিযোগ, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে একদল দুষ্কৃতকারী রহিমপুর বিওপির অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডার-সহ কয়েকজন বিএসএফ জওয়ানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মনজিত সিং নামে এক বিএসএফ কনস্টেবল গুরুতর আহত হন। শুধু তাই নয়, হামলার এক পর্যায়ে তাঁর সার্ভিস রাইফেলও ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা।
ঠিক সেই সময় সংবাদ সংগ্রহের কাজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বক্সনগর প্রেস ক্লাবের তিন সাংবাদিক। প্রথমে ক্যামেরায় গোটা ঘটনার দৃশ্য ধারণ করছিলেন তাঁরা। কিন্তু পরিস্থিতি যখন ভয়াবহ রূপ নেয় এবং আক্রান্ত জওয়ানদের অসহায় অবস্থায় দেখতে পান, তখন আর নিজেদের শুধুমাত্র সংবাদকর্মী হিসেবে সীমাবদ্ধ রাখতে পারেননি। মুহূর্তের মধ্যেই ক্যামেরা সরিয়ে রেখে বিপন্ন জওয়ানদের রক্ষায় ঝাঁপিয়ে পড়েন তাঁরা। একদিকে হামলাকারীদের আক্রমণ, অন্যদিকে আহত জওয়ানদের নিরাপদে সরিয়ে নেওয়ার তাগিদ, সব মিলিয়ে সেই মুহূর্ত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সাংবাদিক জুয়েল উদ্দিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্ত বিএসএফ কনস্টেবলকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। পাশাপাশি ছিনিয়ে নেওয়া সার্ভিস রাইফেল উদ্ধারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি বিএসএফের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। অন্যদিকে, সাংবাদিক শোখেন শুক্লাদাস আহত এক বিএসএফ জওয়ানকে নিজের কাঁধে তুলে নিয়ে হামলার স্থান থেকে নিরাপদে সরিয়ে আনেন। উদ্ধারের সময় আহত জওয়ানের রক্তে ভিজে যায় তাঁর নিজের পরনের জামাকাপড়ও। একইভাবে সাংবাদিক মমিনুল হকও নিজের নিরাপত্তার কথা না ভেবে আক্রান্ত জওয়ানদের উদ্ধার ও সহযোগিতায় এগিয়ে আসেন।
তিন সাংবাদিকের বক্তব্য, বিএসএফ জওয়ানরা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের সীমান্ত সুরক্ষায় দিনরাত নিজেদের দায়িত্ব পালন করেন। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তাঁদের অবদান অনস্বীকার্য। তাই বিপদের মুহূর্তে তাঁদের পাশে দাঁড়ানোকে তাঁরা কোনও বিশেষ কৃতিত্ব হিসেবে নয়, বরং একজন সচেতন নাগরিক ও মানুষ হিসেবে নিজেদের দায়িত্ব বলেই মনে করেন।
ইতিমধ্যেই ঘটনাটি পুলিশ প্রশাসন ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। তিন সাংবাদিকের এই সাহসিকতা ও মানবিক ভূমিকা বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাধারণত সাংবাদিকদের হাতে ক্যামেরা থাকে, তাঁরা ঘটনার সাক্ষী হন এবং সেই ঘটনা মানুষের সামনে তুলে ধরেন। কিন্তু আশাবাড়ির এই ঘটনায় জুয়েল, শোখেন ও মমিনুল দেখিয়ে দিলেন, কখনও কখনও সংবাদ সংগ্রহের চেয়েও বড় হয়ে ওঠে মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব। ক্যামেরায় শুধু ঘটনার ছবি নয়, নিজেদের সাহসিকতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্তও এঁকে গেলেন বক্সনগরের এই তিন সাংবাদিক।