শিশু দিবসে জলপাইগুড়ি গার্লস প্রাইমারি স্কুলে,শিশুদের মুখে হাসি ফোটাতেই বিশেষ আয়োজন!
তপন রায়:
আকর্ষণীয় মিড ডে মিল, মিড ডে মিলের খাবার পরিবেশনায় বিধায়ক থেকে শুরু করে ডিপিএসসি চেয়ারম্যান। লুচি, ছোলার ডাল আর লাড্ডুতে জমজমাট শিশু দিবসের উদযাপন জলপাইগুড়ি গার্লস প্রাইমারি স্কুলে।শিশু দিবস উপলক্ষে উৎসবের মেজাজে মাতল জলপাইগুড়ি গার্লস প্রাইমারি স্কুলের পড়ুয়ারা। শনিবার সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে শুরু হয় নানা অনুষ্ঠানের আয়োজন। নাচ, গান থেকে শুরু করে শিশু দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা—সব মিলিয়ে আনন্দে মেতে ওঠে খুদে পড়ুয়ারা।
তবে এ দিনের বিশেষ আকর্ষণ ছিল পড়ুয়াদের জন্য স্পেশাল মিড ডে মিলের মেনু। পাতে ছিল গরম গরম লুচি, ছোলার ডাল এবং মিষ্টিমুখের জন্য লাড্ডু। বিশেষ এই খাবার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়ারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান ধীরাজ মোহন ঘোষ, বিধায়ক অনন্ত দেব অধিকারী। পাশাপাশি উপস্থিত ছিলেন পড়ুয়াদের অভিভাবকরাও। শিশু দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পড়ুয়াদের উৎসাহিত করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
সরকারি বরাদ্দে বিশেষ মিড ডে মিলের আয়োজন ঘিরে স্কুলের খুদে পড়ুয়াদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। বই-খাতার পড়াশোনার বাইরে একদিনের এই আনন্দঘন পরিবেশ আর পছন্দের খাবার—সব মিলিয়ে শিশু দিবসের উদযাপন হয়ে উঠল আরও রঙিন।