ধর্মের দেওয়াল পেরিয়ে সম্প্রীতির উৎসব, চন্দননগরের পদ্রিপাড়ায় জগদ্ধাত্রী পুজোর অনন্য নজির

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 18 h ago
ধর্মের দেওয়াল পেরিয়ে সম্প্রীতির উৎসব, চন্দননগরের পদ্রিপাড়ায় জগদ্ধাত্রী পুজোর অনন্য নজির
ধর্মের দেওয়াল পেরিয়ে সম্প্রীতির উৎসব, চন্দননগরের পদ্রিপাড়ায় জগদ্ধাত্রী পুজোর অনন্য নজির
 
শান্তিপ্রিয় রায়চৌধুরী

চন্দননগরের আকাশজুড়ে আলোর রোশনাই, ঢাকের বাদ্যি আর জগদ্ধাত্রী আরাধনার আবহ। উৎসবের এই শহরে যখন হাজার হাজার মানুষের ভিড়, তখন হুগলি নদীর তীরের এক ছোট্ট পাড়া তুলে ধরছে সম্প্রীতি ও সহাবস্থানের অন্য এক ছবি। চন্দননগরের পদ্রিপাড়া। যেখানে মণ্ডপ তৈরির কাজে যেমন হিন্দুদের পাশাপাশি মুসলিম ও খ্রিস্টান বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, তেমনই মাতৃ আরাধনার খরচ জোগাতেও এগিয়ে আসেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এখানে ধর্মীয় পরিচয়ের চেয়ে বড় হয়ে ওঠে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, পারস্পরিক ভালোবাসা এবং উৎসবের আনন্দ।

 
এ বছর চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো পেয়েছে রাজ্য উৎসবের স্বীকৃতি। রাজ্য সরকারের তরফে প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শহরকে সাজিয়ে তুলতে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে। চন্দননগর, মানকুন্ডু, ভদ্রেশ্বর স্টেশন রোড থেকে চুঁচুড়ার খাদিনা মোড় এবং তালডাঙা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও রেলওভার ব্রিজ আলোয় সাজানো হয়েছে। পাশাপাশি কানাইলাল দত্ত, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু ও মতিলাল রায়ের মতো স্বাধীনতা সংগ্রামীদের ছবি এবং তাঁদের সংক্ষিপ্ত ইতিহাস হোর্ডিং ও পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তবে এই আলোকসজ্জা ও ঐতিহাসিক ঐতিহ্যের পাশাপাশি চন্দননগরের আর এক সম্পদ হল তার সাম্প্রদায়িক সম্প্রীতি।

মসজিদের জমিতে জগদ্ধাত্রী পুজো

পদ্রিপাড়ার পুজোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর স্থান নির্বাচন। পুজোর মণ্ডপের একদিকে রয়েছে মসজিদ, অন্যদিকে গির্জা। আর যে জমিতে প্রতিমা প্রতিষ্ঠা করা হয়, সেটি স্থানীয় মসজিদ কমিটির মালিকানাধীন। দীর্ঘদিন ধরে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই পুজোর আয়োজন করে আসছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একসময় রাস্তার উপরেই এই পুজোর আয়োজন করা হত। পরে প্রশাসনিক বিধিনিষেধের কারণে রাস্তার উপর পুজো বন্ধ হলে স্থানীয় পুজো কমিটি ও মসজিদ কমিটির সহযোগিতায় রাস্তার পাশে জমির ব্যবস্থা করা হয়। দুই কমিটির পৃথক জমি থাকলেও সেখানে স্থায়ী নির্মাণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে ঈদ ও পুজো—দুই উৎসবেই জায়গাটি ব্যবহার করা যায়।
 
প্রতিমা তৈরির দায়িত্বেও মুসলিম পরিবারের সদস্য

এই পুজোয় মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ কেবল দর্শক বা সহযোগী হিসেবে নয়, আয়োজনের গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছে তাঁদের উপস্থিতি। স্থানীয় মসজিদ কমিটির সম্পাদক ইমতিয়াজ হোসেন দীর্ঘদিন ধরে পুজো কমিটির সঙ্গে যুক্ত। প্রতিবেদন অনুযায়ী, তিনি ব্যক্তিগতভাবে প্রতিমা তৈরির খরচ বহন করেন। তাঁর স্ত্রী মান্নাত হোসেনও পুজোর নানা কাজে সক্রিয়ভাবে অংশ নেন।

পুজোর প্রস্তুতি থেকে শুরু করে মণ্ডপসজ্জা, আয়োজন এবং প্রতিমা বরণের মতো বিভিন্ন কাজে সব সম্প্রদায়ের বাসিন্দাদের অংশগ্রহণ চোখে পড়ে। পুজো কমিটির ব্যানারেও হিন্দুদের পাশাপাশি মুসলিম ও খ্রিস্টান সদস্যদের নাম সমান মর্যাদায় স্থান পায়।

মহিলাদের সঞ্চয়ে তৈরি হয় উৎসবের ভান্ডার

পদ্রিপাড়ার সম্প্রীতির আর একটি বিশেষ দিক হল মহিলাদের ভূমিকা। এলাকার মুসলিম ও খ্রিস্টান পরিবারের মহিলারা সারা বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখেন। সেই সঞ্চয়ের একটি অংশ ব্যয় করা হয় জগদ্ধাত্রী পুজোর আয়োজনের জন্য। তাঁদের এই অংশগ্রহণ প্রমাণ করে, উৎসবের প্রতি ভালোবাসা কোনও একটি ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।

খ্রিস্টান পরিবারেরও প্রজন্মের পর প্রজন্মের যোগ

এলাকার খ্রিস্টান বাসিন্দারাও দীর্ঘদিন ধরে এই পুজোর সঙ্গে যুক্ত। জোসেফ বিশ্বাস এবং এনা বিশ্বাসের মতো বাসিন্দারা পুজোর বার্ষিক আয়োজন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছোটবেলা থেকে পরিবারের প্রবীণদের পুজোর কাজে যুক্ত থাকতে দেখে বড় হয়েছেন জোসেফ। বর্তমানে তিনিও পুজো কমিটির সক্রিয় সদস্য।
 

জগদ্ধাত্রী পুজোর গণ্ডি ছাড়িয়ে ঈদ ও বড়দিনেও মিলনমেলা

পদ্রিপাড়ার সম্প্রীতি কেবল জগদ্ধাত্রী পুজোর চার দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, একই এলাকায় ঈদ এবং বড়দিনও পারস্পরিক অংশগ্রহণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপিত হয়। একে অন্যের ধর্মীয় উৎসবে পাশে থাকা, আনন্দ ভাগ করে নেওয়া এবং বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এখানকার সামাজিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য।

চন্দননগরের পদ্রিপাড়া তাই নিছক একটি জগদ্ধাত্রী পুজোর ঠিকানা নয়। এটি এমন এক সামাজিক পরিসর, যেখানে মসজিদের জমিতে দুর্গতিনাশিনীর আরাধনা হয়, মুসলিম পরিবারের সদস্য প্রতিমা তৈরির দায়িত্ব নেন, খ্রিস্টান পরিবারের সদস্যরা পুজোর ব্যবস্থাপনায় অংশ নেন এবং বিভিন্ন ধর্মের মহিলারা সারা বছর ধরে উৎসবের জন্য সঞ্চয় করেন।

যখন সমাজের নানা প্রান্তে ধর্মীয় বিভাজন ও দূরত্বের আলোচনা সামনে আসে, তখন পদ্রিপাড়ার এই ছবি মনে করিয়ে দেয়—সম্প্রীতি শুধু বক্তৃতার বিষয় নয়, প্রতিদিনের জীবনযাপনেও তার প্রকাশ সম্ভব। চন্দননগরের আলোয় আলোয় সাজানো উৎসবের মধ্যে পদ্রিপাড়ার এই মিলনই যেন আরও উজ্জ্বল করে তোলে বাংলার বহুত্ববাদী সংস্কৃতিকে।


শেহতীয়া খবৰ