নবম শ্রেণির পড়ুয়ার ছুরির আঘাতে গুরুতর জখম মা, বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোর
গুয়াহাটি:
মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর বহুতল আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণির এক পড়ুয়া। শনিবার পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটিতে।
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, শুক্রবার রাতে শহরের বামুনমৈদাম এলাকার বাড়িতে ওই কিশোর ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের গলায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর বাড়ি ছেড়ে বেরিয়ে যায় কিশোরটি। অভিযোগ, এরপর স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাকে আক্রমণের কথা জানিয়ে একটি বার্তা পোস্ট করে সে। পাশাপাশি, বাড়িটি খুঁজে বের করে আহত মায়ের সাহায্যে এগিয়ে আসার জন্য সহপাঠীদের অনুরোধও জানায়।এরপর শহরের এবিসি এলাকায় গিয়ে একটি বহুতলের ছাদ থেকে ঝাঁপ দেয় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, গুরুতর আহত ওই মহিলাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। কেন ওই কিশোর মায়ের উপর হামলা চালাল, তা খতিয়ে দেখতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।