এক আসনে বসেই সম্পূর্ণ কুরআন তিলাওয়াত! আবুধাবির আন্তর্জাতিক মঞ্চে বাংলার হাফেজ জামিল ফারহাতের কৃতিত্ব, তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ বিশ্ব

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 9 h ago
এক আসনে বসেই সম্পূর্ণ কুরআন তিলাওয়াত! আবুধাবির আন্তর্জাতিক মঞ্চে বাংলার হাফেজ জামিল ফারহাতের কৃতিত্ব, তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ বিশ্ব
এক আসনে বসেই সম্পূর্ণ কুরআন তিলাওয়াত! আবুধাবির আন্তর্জাতিক মঞ্চে বাংলার হাফেজ জামিল ফারহাতের কৃতিত্ব, তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ বিশ্ব
 
তরুণ নন্দী, কলকাতাঃ

ভাবতে অবাক লাগে, বাংলার মাটি থেকে উঠে গিয়ে সুজাপুরের গর্ব হাফেজ জামিল ফারহাত আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন। পবিত্র কুরআনের প্রতি গভীর ভালোবাসা আর বছরের পর বছর কঠোর অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি মিলল। নিরলস সাধনার ফল কি হতে পারে তা দেখিয়েছেন হাফেজ জামিল ফারহাত। ২য় আমিরাত আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে ইতিমধ্যেই নজর কেড়েছেন বাংলার এই তরুণ হাফেজ।

বলা ভালো, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিতে বিমানে চেপে আবুধাবির উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে উচ্ছ্বাস শুরু হয়েছিল অনুরাগীদের মধ্যে। খবরটা জানার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর তিলাওয়াত শোনার জন্য। অবশেষে আবুধাবিতে শায়েখ আব্দুল্লাহ আল হাশীমির সামনে পবিত্র কুরআন সম্পূর্ণ শোনানোর ভিডিও সামনে আসে। আর এই ভিডিও দেখার পর নতুন করে বিশেষজ্ঞদের চর্চায় উঠে এসেছেন জামিল ফারহাত। এক জায়গায় বসে সম্পূর্ণ কুরআন শরিফ তিলাওয়াতের এই অসাধারণ দৃশ্য মুগ্ধ করেছে অসংখ্য মানুষকে।
 
বাংলার তরুণ হাফেজহাফেজ জামিল ফারহাত আন্তর্জাতিক মঞ্চে
 
বলা হয়ে থাকে, পবিত্র কুরআন মুখস্থ করা মেধার পরিচয় দেওয়া। শুধু তাই নয়,  এর সঙ্গে জড়িয়ে থাকে দীর্ঘদিনের সাধনা, কঠোর অনুশীলন আর একাগ্রতা। অবশ্যই তাঁকে আত্মনিয়ন্ত্রণ করতে হবে। অভিজ্ঞরা বলেন, প্রতিটি আয়াত নির্ভুলভাবে মনে রাখা, শুদ্ধ উচ্চারণে তিলাওয়াত করা বেশ শক্ত। তাছাড়া কুরআনের শিক্ষাকে নিজের মধ্যে ধারণ করতে প্রয়োজন অসীম ধৈর্য। জামিল ফারহাতের এই কৃতিত্ব সেই দীর্ঘ সাধনারই প্রতিফলন।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে একই মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে এক বড় সম্মানের বিষয়। তাঁর এই অংশগ্রহণ বাংলার কুরআন শিক্ষার ঐতিহ্য এবং মেধাবী হাফেজদের কঠোর পরিশ্রমকে আন্তর্জাতিক মহলে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। সবচেয়ে বড় কথা, জামিল ফারহাতের এই সাফল্য শুধু সুজাপুরের নয়, গোটা বাংলার গর্ব।
 
হাফেজ জামিল ফারহাত আন্তর্জাতিক মঞ্চে

ইতিমধ্যেই তাঁর তিলাওয়াতের ভিডিও ভাইরাল হয়েছে। আর তাঁকে ঘিরে নেটিজেনদের আগ্রহ আর প্রশংসা প্রমাণ করছে বাংলার এই কৃতি সন্তান কত মেধাবী। তাই নিজের কৃতিত্বে দেশের লাখো লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বছরের পর বছর সাধনার কারণে জামিল ফারহাতকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তাঁর আগামী দিনের পথচলা আরও উজ্জ্বল হোক। সেইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে বাংলার নাম আরও সম্মানের সঙ্গে উচ্চারিত হোক, হাফেজ জামিল ফারহাত-কে নিয়ে এমনটাই প্রত্যাশা সকলের।


শেহতীয়া খবৰ