বয়স মাত্র ৪ বছর ১১ মাস, তাহাবিব হোসেনের প্রতিভায় মুগ্ধ দেশ! একের পর এক চমক দিতেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠল নাম

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 12 h ago
তাহাবিব হোসেন
তাহাবিব হোসেন
 
তরুণ নন্দী / কলকাতা

বয়সের হিসেব অনুযায়ী বলা যায় শৈশবের দোরগোড়ায় পা রেখেছে তাহাবিব। কিন্তু প্রতিভার পরিচয় দিতে গিয়ে বয়সের হিসেবকে একপ্রকার দুরে ঠেলে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের তাহাবিব হোসেন। মাত্র ৪ বছর ১১ মাস বয়সে জায়গা করে নিয়েছে India Book of Records 2026-এ। এই বয়সে অনেক শিশুর কাছে বর্ণমালা শেখাটাই নতুন অভিজ্ঞতা। কিন্তু এই খুদে পড়ুয়া মাত্র চার বছর বয়সেই একের পর এক দক্ষতার পরিচয় দিয়ে জাতীয় স্তরে নিজের নাম তুলে ফেলেছে।
 
ছোট্ট তাহাবিবের এই সাফল্যে এখন গর্বিত গোটা বাংলার মানুষ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাঠালিয়া এলাকার বাসিন্দা সাবির হোসেনের পুত্র মোঃ তাহাবিব হোসেন। Little Blossom Nursery School-এর নার্সারি শ্রেণিতে পড়ে এই খুদে। তার কৃতিত্বের তালিকায় রয়েছে এমন কিছু দক্ষতা, যা এত কম বয়সে আয়ত্ত করা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
 

মানব শরীরের ১২টি অঙ্গের নাম নির্ভুলভাবে শনাক্ত করতে পারে চার বছরের তাহাবিব। অনায়াসে আবৃত্তি করতে পারে বাংলা ও ইংরেজিতে দুটি করে ছড়া। তাছাড়া, ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষর, চারটি ইসলামিক দোয়া সহ তিনটি CVC শব্দও তার নখদর্পণে। সংখ্যার ক্ষেত্রেও তার দক্ষতা নজর কাড়ে। ১ থেকে ৫ পর্যন্ত সংখ্যার বানান দিব্যি বলতে পারে। জিজ্ঞাসা করলে অনায়াসে গুনে শোনাতে পারে ১ থেকে ৫০ পর্যন্ত।
 
আসলে এই ছোট বয়সেই শিশুরা খেলতে খেলতেই চারপাশের পৃথিবীকে চিনতে শেখে। তবে তাহাবিব সকলের চেয়ে একটু এগিয়ে নিজের ছোট্ট জগতে তৈরি করে ফেলেছে শেখার এক অসাধারণ ভাণ্ডার। তার স্মৃতিশক্তি, শেখার আগ্রহের পাশাপাশি একাধিক বিষয়ে দক্ষতাই তাকে এনে দিয়েছে এই বিশেষ স্বীকৃতি। ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর তাহাবিবের এই কৃতিত্বের স্বীকৃতি মেলে। পরবর্তীতে ১০ অক্টোবর ২০২৬ তারিখে India Book of Records-এর পক্ষ থেকে শংসাপত্র ইস্যু করা হয়।
 
India Book of Records 2026-এর থেকে প্রাপ্ত তাহাবিবের শংসাপত্র
 
জাতীয় স্তরে নিজের নাম খোদাই করে ফেলার সেই খবর সামনে আসতেই খুশির হাওয়া পরিবার থেকে স্কুলের অন্দরেও। স্কুল সূত্রে খবর, এই রেকর্ডের পিছনে রয়েছে শিশুটির অভাবনীয় প্রতিভা। যদিও সে পেয়েছে শিক্ষার উপযুক্ত পরিবেশ। ছোট্ট বয়স থেকেই শেখার প্রতি আগ্রহকে গুরুত্ব দেওয়া হলে একটি শিশু কতটা এগিয়ে যেতে পারে, তাহাবিব যেন তারই জীবন্ত উদাহরণ।
 
Little Blossom Nursery School-এর শিক্ষক-শিক্ষিকাদের কাছেও তাদের খুদে ছাত্রের এই সাফল্য অত্যন্ত গর্বের। তাদের মতে, নার্সারির এক পড়ুয়ার এমন বহুমুখী প্রতিভা আগামী দিনে অন্য শিশুদেরও নতুন কিছু শেখার উৎসাহ জোগাবে। তবে সাফল্যের এই প্রথম ধাপেই থেমে থাকতে চায় না তাহাবিবের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।
 
তাহাবিব হোসেন
 
তাদের প্রত্যাশা, ছোট্ট এই প্রতিভা আগামী দিনে পড়াশোনা ও জ্ঞানচর্চার ক্ষেত্রেও নিজের দক্ষতার পরিচয় দেবে। একটা বিষয় অবশ্যই মনে রাখা দরকার, প্রতিটি শিশুর শেখার গতি ও প্রতিভা আলাদা। তাই প্রত্যেকের নিজস্ব প্রতিভাকে চিনে নিয়ে তাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই আসল কাজ। ভাঙড়ের তাহাবিব দেখাল বয়স কোন সীমারেখা নয়।
 
শেখার ইচ্ছা আর সঠিক উৎসাহ পেলে ছোট্ট হাতেও বড় স্বপ্নের বীজ বুনে দিতে পারে। প্রমান হিসেবে মিলল চার বছর এগারো মাসেই জাতীয় স্বীকৃতি। আজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায় তাহাবিবের নাম। আগামী দিনে সাফল্যের আরও কত নতুন অধ্যায় সে লিখবে, এখন সেদিকেই তাকিয়ে গোটা এলাকার মানুষ।


শেহতীয়া খবৰ