নজরুলের ‘বিদ্রোহী’ মুখস্থ! ৫ মিনিট ১৬ সেকেন্ডে ৭৭২ শব্দ, আবৃত্তিতে India Book of Records-এ নাম তুলল ষষ্ঠ শ্রেণীর ছাত্র মিহরান হোসেন
তরুণ নন্দী / কলকাতা
সময় নিয়েছে মাত্র ৫ মিনিট ১৬ সেকেন্ডে নিজের প্রতিভার পরিচয় দিল ক্লাস সিক্সের পড়ুয়া মিহরান হোসেন। মাথাভাঙার মিহরানের কণ্ঠে কবিতা জায়গা করে নিল India Book of Records-এ। এইটুকু বয়সেই সে দেখিয়ে দিল, অদম্য ইচ্ছাশক্তি আর নিজেকে প্রমাণ করার জেদ। গোটা দেশে নিজের কৃতিত্ব প্রমাণ করে এখন মাথাভাঙার আলোচনার বিষয় হয়ে উঠেছে ষষ্ঠ শ্রেণির ছাত্র মিহরান হোসেন। বয়সে ছোট হলেও কৃতিত্বে মিহরান আজ অনেক বড়। নিজের অসাধারণ স্মৃতিশক্তি ও আবৃত্তির দক্ষতায় জাতীয় স্তরে নজির গড়ে মাথাভাঙা হাই স্কুলের তো বটেই গোটা বাংলার মুখ উজ্জ্বল করেছে এই খুদে প্রতিভা।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি কবিতা ‘বিদ্রোহী’। বাংলা সাহিত্যের অন্যতম দীর্ঘ এই কবিতা আবৃত্তি করা অনেকেরই কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই কবিতা মাত্র ৫ মিনিট ১৬ সেকেন্ডে কবিতাটির ৭৭২টি শব্দ নির্ভুলভাবে আবৃত্তি করে তাক লাগিয়ে দিয়েছে কিশোর মিহরান। তার এই অসাধারণ কৃতিত্বই জায়গা করে নিয়েছে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ।
স্বীকৃতিও এসেছে যথাযথভাবে। ‘Fastest child to recite the Bengali poem Bidrohi’ খেতাবে ভূষিত হয়েছে মিহরান। শুধুমাত্র দ্রুত আবৃত্তি পরিবেশন করে নি, এই দীর্ঘ কবিতার শব্দ, ছন্দ, উচ্চারণ সঠিকভাবে রপ্ত করেছে সে। আর এই পরিবেশন করার পিছনে রয়েছে তার দীর্ঘ অনুশীলন, একাগ্রতা আর অসাধারণ স্মৃতিশক্তির মেলবন্ধন।
বলা ভালো, যে বয়সে অনেকেই নিজেদের প্রতিভা খুঁজে পাওয়ার চেষ্টা করে, সেই বয়সেই নিজের দক্ষতাকে জাতীয় স্বীকৃতির জায়গায় পৌঁছে দিয়েছে এই খুদে পড়ুয়া। তার এই সাফল্যে খবর জানার পর চর্চা হতেই গর্বিত মাথাভাঙা হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে তার সহপাঠীরা। এই খুদে প্রতিভাধরকে নিয়ে গর্বিত গোটা এলাকার মানুষ। একইসঙ্গে বাংলার মানুষের কাছেও মিহরান আজ গর্বের নাম।
সবচেয়ে বড় কথা, নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর এক অমর প্রেরণা। সেই কবিতাকেই নিজের কণ্ঠে ধারণ করে নতুন প্রজন্মের সামনে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করল মিহরান। তার শব্দ উচ্চারণ প্রমাণ করেছে এই ছেলে লম্বা রেসের ঘোড়া।
মিহরানের এই সাফল্য বুঝিয়ে দিল প্রতিভার কোনও বয়স হয় না। স্বপ্নের কোনও সীমানা থাকে না। স্বপ্ন ছুঁয়ে দেখতে চাইলে প্রয়োজন শুধু নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠা আর হার না মানা মানসিকতা। আজ ৫ মিনিট ১৬ সেকেন্ডের এই রেকর্ড, আগামী দিনে হয়তো আরও অনেক বড় সাফল্যের সোপান হয়ে উঠবে। মাথাভাঙার এই ছোট্ট ছেলেটিকে নিয়ে তাই অনেক স্বপ্ন দেখছেন শিক্ষক থেকে পরিবারের সকল সদস্যরা।