বাতিল ধাতুর টুকরোয় প্রাণের ছোঁয়া! ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতায় বিশ্বমঞ্চে নজর কাড়ছেন ভোপালের শিল্পী মহম্মদ কাশিফ

Story by  atv | Posted by  Aparna Das • 36 m ago
বাতিল ধাতুর টুকরোয় প্রাণের ছোঁয়া! ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতায় বিশ্বমঞ্চে নজর কাড়ছেন ভোপালের শিল্পী মহম্মদ কাশিফ
বাতিল ধাতুর টুকরোয় প্রাণের ছোঁয়া! ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতায় বিশ্বমঞ্চে নজর কাড়ছেন ভোপালের শিল্পী মহম্মদ কাশিফ
 
মনসুরউদ্দিন ফরিদি / নয়াদিল্লি

শিল্পের প্রকৃত সার্থকতা শুধু দৃষ্টিনন্দন কিছু সৃষ্টি করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার মাধ্যমে সমাজের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। এই ভাবনা থেকেই বাতিল ও অব্যবহৃত সামগ্রীকে নতুন রূপ দিয়ে অসাধারণ শিল্পকর্মে পরিণত করার উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। এমন সৃজনশীল প্রচেষ্টা একদিকে যেমন শিল্পের নতুন দিগন্ত খুলে দেয়, অন্যদিকে পুনর্ব্যবহারের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভোপালের বহুমুখী প্রতিভার অধিকারী তরুণ শিল্পী মহম্মদ কাশিফের কাছে এই দর্শন নিছক কোনও আকর্ষণীয় ধারণা নয়। বরং বাস্তব অভিজ্ঞতা, সৃজনশীল অনুসন্ধান এবং উদ্ভাবনের প্রতি অদম্য আগ্রহের মধ্য দিয়ে তিনি এই দর্শনকে বাস্তবে রূপ দিয়েছেন। পেশায় যন্ত্রকৌশলবিদ (মেকানিক্যাল ইঞ্জিনিয়ার) হলেও মহম্মদ কাশিফ একজন দক্ষ ভাস্কর। ধাতু দিয়ে বড় আকারের এবং স্বতন্ত্র শিল্পকর্ম তৈরি করাই তাঁর বিশেষত্ব। স্টেইনলেস স্টিল থেকে শুরু করে পিতল, বিভিন্ন উপকরণ ব্যবহার করে তিনি অসাধারণ সব ভাস্কর্য তৈরি করেন।
 
মহম্মদ কাশিফ
 
একসময় যেসব জিনিসকে মানুষ মূল্যহীন ভেবে ফেলে দিত, সেগুলিকেই শিল্পের অনন্য নিদর্শনে পরিণত করে কাশিফ নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। তাঁর সৃজনশীল দক্ষতা যেমন দর্শকদের বিস্মিত করেছে, তেমনই শিল্প ও ইঞ্জিনিয়ারিং, উভয় ক্ষেত্রেই তাঁকে এনে দিয়েছে স্বীকৃতি ও প্রশংসা। যন্ত্রকৌশলে পড়াশোনা করলেও নতুন এবং প্রচলিত ধারার বাইরে কিছু তৈরি করার আগ্রহ তাঁকে প্রথাগত ইঞ্জিনিয়ারিংয়ের গণ্ডি পেরিয়ে নিয়ে যায়। এই আগ্রহই ধীরে ধীরে তাঁকে ভাস্কর্যের জগতে নিয়ে আসে এবং একজন সফল উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠিত করে।
 
নিজের শৈল্পিক কল্পনাশক্তির সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞানকে এমনভাবে মিশিয়ে দিয়েছেন কাশিফ যে, পরিত্যক্ত যন্ত্রাংশ এবং প্রাণহীন ধাতব টুকরোগুলিও তাঁর হাতে জীবন্ত ও আকর্ষণীয় ভাস্কর্য এবং অসাধারণ যান্ত্রিক শিল্পকর্মে রূপ নেয়। তাঁর সৃষ্টিতে যেমন রয়েছে শৈল্পিক সৌন্দর্য, তেমনই রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের নিখুঁত দক্ষতা। এই অনন্য মেলবন্ধন তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিতি এবং প্রশংসা এনে দিয়েছে।
 
বাতিল সামগ্রীর মধ্যেই খুঁজে পান শিল্পের সেরা নিদর্শন

"আওয়াজ-দ্য ভয়েস"-কে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ কাশিফ জানিয়েছেন, তাঁর দর্শন অত্যন্ত সহজ। কোনও জিনিসকে যদি পুনরায় ব্যবহার করে সুন্দর ও অর্থবহ কিছু তৈরি করা সম্ভব হয়, তাহলে সেটিকে বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার কোনও কারণ নেই। এই বিশ্বাস থেকেই নিজের শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছেন পরিবেশের স্থায়িত্ব রক্ষার বিষয়টিকে। তাঁর বহু শিল্পকর্মের অনুপ্রেরণা প্রকৃতি এবং পরিবেশগত সমস্যা। এই সৃষ্টিগুলির মাধ্যমে পরিবেশ রক্ষার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে চান তিনি।
 
কাশিফের কাজ প্রচলিত ভাস্কর্য তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। যন্ত্রকৌশলে তাঁর শিক্ষাগত যোগ্যতা তাঁকে শিল্পকে প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। এর ফলে জটিল ধারণাগুলিকেও বাস্তব সৃষ্টিতে রূপ দিতে পারেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতার সঙ্গে শৈল্পিক কল্পনাশক্তির মেলবন্ধন ঘটিয়ে এমন শিল্পকর্ম তৈরি করাই তাঁর সবচেয়ে বড় শক্তি, যা প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ জানায় এবং দর্শকদের সামনে সম্পূর্ণ নতুন কিছু তুলে ধরে।
 
শৈশবের খেলনা থেকে রোবোটিক্সের প্রতি আগ্রহ
 
মহম্মদ কাশিফের কথায়, ছোটবেলা থেকেই নতুন কিছু জানার এবং তৈরি করার প্রতি তাঁর কৌতূহল ছিল। খেলনার প্রতি আকর্ষণ থেকেই রোবোটিক্সের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। অন্য শিশুরা যখন খেলনা নিয়ে খেলতে ব্যস্ত থাকত, তখন কাশিফ সেগুলি খুলে ভিতরের যন্ত্রাংশ কীভাবে কাজ করে, তা বোঝার চেষ্টা করতেন। তাঁর এই কৌতূহলকে উৎসাহিত করেছিলেন বাবা-মা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানোর ক্ষেত্রেও তাঁরা তাঁকে সহযোগিতা করতেন।
 
স্কুলজীবনে বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথাও স্মরণ করেন কাশিফ। সেই প্রতিযোগিতাগুলিতে জয়লাভ করা তাঁর কাছে শুধু পুরস্কার পাওয়ার বিষয় ছিল না। বরং এর মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা শিল্পীসত্তাকে চিনতে পেরেছিলেন তিনি। স্কুলে পড়ার সময় বিভিন্ন শিল্পকর্ম দেখলে প্রায়ই তাঁর মনে প্রশ্ন জাগত, তিনি কি এর চেয়ে আলাদা কিছু তৈরি করতে পারবেন? এমন কিছু, যা দেখে মানুষ থমকে দাঁড়াবে, মনোযোগ দিয়ে দেখবে এবং নতুন করে ভাবতে শুরু করবে?
 
মহম্মদ কাশিফের নজরকাড়া শিল্পকর্ম
 
বাড়িতে পড়ে থাকা বাতিল সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিস দিয়ে তিনি পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। বিশেষ করে যেসব জিনিসকে মানুষ সাধারণত অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেয়, সেগুলিই তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করত। ছোটবেলার এই পরীক্ষা-নিরীক্ষাগুলিই ধীরে ধীরে তাঁর শিল্পী হয়ে ওঠার ভিত্তি তৈরি করে।
 
সমালোচনা উপেক্ষা করেই এগিয়ে চলা শিল্পের যাত্রা
 
মহম্মদ কাশিফের পক্ষে শিল্পের জগতে প্রবেশের পথ মোটেই সহজ ছিল না। অনেকেই তাঁর শিল্পচর্চাকে সময়ের অপচয় বলে মনে করতেন। কেউ কেউ তাঁর প্রচেষ্টাকে নিয়ে বিদ্রূপও করতেন। তবে সমালোচনা বা উপহাস কোনও কিছুই তাঁকে নিরুৎসাহিত করতে পারেনি। কলেজজীবনে প্রথম দিকে নিজের শিল্পীসত্তাকে অন্যদের কাছ থেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নীরবে নিজের সৃজনশীল ভাবনাগুলি নিয়ে কাজ করে যেতেন।
 
কাশিফের মতে, ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা তাঁর শিল্পচর্চার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছিল। যন্ত্র কীভাবে কাজ করে, তা বোঝার ফলে তাঁর প্রযুক্তিগত জ্ঞান যেমন সমৃদ্ধ হয়েছিল, তেমনই নতুন নতুন ধারণা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার আত্মবিশ্বাসও বেড়েছিল। স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষে পড়ার সময় একটি ঘটনা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই সময় তিনি নারকেল গাছের একটি অভিনব ভাস্কর্য তৈরি করেন।
 
প্রথমে নিজের শিল্পকর্মটি জনসমক্ষে প্রদর্শন করতে কিছুটা দ্বিধায় ছিলেন কাশিফ। একটি প্রদর্শনীতে নিজের তৈরি ভাস্কর্যটি রাখার পর দর্শকরা কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা ভেবে তিনি নিজের স্টল থেকে দূরে সরে গিয়েছিলেন। তাঁর আশঙ্কা ছিল, মানুষ হয়তো তাঁর কাজ দেখে হাসাহাসি করবেন। কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ বিপরীত ঘটনা। তাঁর তৈরি ভাস্কর্যটি দেখে দর্শকরা মুগ্ধ হন। অল্প সময়ের মধ্যেই সেই শিল্পকর্মের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কয়েক দিনের মধ্যেই তাঁর সৃজনশীল দক্ষতা ব্যাপক পরিচিতি ও প্রশংসা পেতে শুরু করে। এই অভিজ্ঞতা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং আরও গুরুত্ব সহকারে শিল্পচর্চা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে।
 
আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব
 
নিজের শিল্পকর্মের ক্রমবর্ধমান জনপ্রিয়তা কাশিফের সামনে আন্তর্জাতিক স্তরে কাজ করার সুযোগ খুলে দেয়। ২০১৯ সালে দুবাইয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে ভারতকে প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ পান মহম্মদ কাশিফ। তাঁর কর্মজীবনে এটি ছিল আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রদর্শনীর জন্য নির্বাচন প্রক্রিয়া ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক। প্রায় ৪০০ জন আবেদনকারীর মধ্যে প্রথমে ৪০ জনকে ভোপালে আয়োজিত একটি প্রদর্শনীর জন্য বেছে নেওয়া হয়। সেখান থেকে মাত্র আটজন শিল্পী দুবাইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান।
 
সেই নির্বাচিত আটজনের মধ্যে ছিলেন কাশিফও। এই অভিজ্ঞতা তাঁকে আন্তর্জাতিক স্তরে কাজের সুযোগ এবং পরিচিতি এনে দেয়। যে প্রতিভাকে একসময় সমালোচনার ভয়ে আড়াল করে রাখতেন, সেই প্রতিভাই পরবর্তীকালে তাঁর সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে। ওয়ার্ল্ড আর্ট দুবাইয়ে অংশগ্রহণের পাশাপাশি একটি আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতাতেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন মহম্মদ কাশিফ। তাঁর উদ্ভাবনী শিল্পকর্ম বিভিন্ন আন্তর্জাতিক রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। এর ফলে শিল্পী ও উদ্ভাবক হিসেবে তাঁর পরিচিতি আরও সুদৃঢ় হয়েছে।
 
 
ইঞ্জিনিয়ারিং ও শিল্পকলার অনন্য মেলবন্ধন
 
"আওয়াজ-দ্য ভয়েস"-কে দেওয়া সাক্ষাৎকারে কাশিফ জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং এবং শিল্পকলা দুটি সম্পূর্ণ আলাদা জগৎ নয়। বরং একে অপরের পরিপূরক। তাঁর মতে, ইঞ্জিনিয়ারিং কোনও ধারণাকে কাঠামোগত শক্তি, নির্ভুলতা এবং বাস্তব রূপ দেয়। অন্যদিকে, শিল্প সেই ধারণার মধ্যে কল্পনাশক্তি, সৌন্দর্য ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়। এই দর্শন থেকেই ধাতু, স্টিল, কাঠ এবং বাতিল সামগ্রী নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন তিনি। সেগুলিকে এমন শিল্পকর্মে রূপ দেন, যা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
 
২০১৭ সালে ‘আর্টিস্টিক ইঞ্জিনিয়ারিং’ (Artistic Engineering) নামে নিজের স্টার্টআপ প্রতিষ্ঠা করেন মহম্মদ কাশিফ। এই উদ্যোগের মাধ্যমে শিল্পকলা ও ইঞ্জিনিয়ারিংকে একই ছাদের নিচে নিয়ে আসেন তিনি। তাঁর সংস্থা ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন, মেটাল আর্ট, স্টিল ফ্যাব্রিকেশন, বিশেষ নকশার ফোয়ারা, স্বয়ংক্রিয় গেট এবং বিভিন্ন স্থাপত্য ও সাজসজ্জার প্রকল্প নিয়ে কাজ করে। এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য তাঁর সঙ্গে কাজ করেন একদল দক্ষ কারিগর।
 
কাশিফের কাছে প্রতিটি প্রকল্প শুধু কোনও ভৌত কাঠামো নির্মাণের কাজ নয়। বরং প্রতিটি প্রকল্পের মধ্যেই তিনি এমন একটি ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ খুঁজে পান, যেখানে সৌন্দর্য, কার্যকারিতা এবং স্থায়িত্ব একসঙ্গে মিশে যায়। তাঁর কাজের ধরন প্রমাণ করে, প্রযুক্তিগত দক্ষতা এবং শৈল্পিক সৃজনশীলতা একসঙ্গে কাজে লাগিয়ে কীভাবে অভিনব ও ব্যবহারিক নকশা তৈরি করা সম্ভব।
 
মহম্মদ কাশিফের নজরকাড়া শিল্পকর্ম
 
মহম্মদ কাশিফের অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি হলো ‘প্লাস্টিক বোতল গ্লোব’। ব্যবহৃত ১৫ হাজার প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি এই ভাস্কর্যটি ভোপালের লেক ভিউ এলাকায় স্থাপন করা হয়েছে। পুনর্ব্যবহার এবং পরিবেশ সচেতনতার ক্ষেত্রে তাঁর অভিনব চিন্তাধারার প্রতিফলন এই শিল্পকর্ম।
 
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর এই ভাস্কর্যটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর ফলে প্রকল্পটির পরিবেশবান্ধব বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। কাশিফের শিল্পকর্মের তালিকায় রয়েছে ২০ ফুট উঁচু স্টিলের গ্লোব থেকে শুরু করে বিক্রমাদিত্য বৈদিক ঘড়ি এবং গ্লোবাল ইনভেস্টরস সামিটের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্প। তাঁর তৈরি আলোকসজ্জার ভাস্কর্য এবং বিশাল আকারের বিভিন্ন ইনস্টলেশন তাঁর সৃজনশীল কল্পনাশক্তি ও জটিল ইঞ্জিনিয়ারিং দক্ষতার পরিচয় বহন করে।
 
তাঁর উল্লেখযোগ্য সৃষ্টিগুলির মধ্যে রয়েছে মেটাল আমব্রেলা, বাটারফ্লাই স্কাল্পচার, গোল্ডেন স্ফিয়ার, কাইনেটিক উইন্ড স্পিনার, স্ক্র্যাপ রোবোটিক্স স্কাল্পচার এবং ইনভিজিবল কোয়ান্টাম স্কাল্পচার। প্রতিটি শিল্পকর্মের মধ্যেই ফুটে ওঠে তাঁর প্রচলিত ধারার বাইরে চিন্তা করার মানসিকতা এবং ভাস্কর্য ও নকশার ক্ষেত্রে নতুন সম্ভাবনা খুঁজে বের করার অদম্য ইচ্ছা। তিনি বাতিল ধাতব সামগ্রী নিয়ে কাজ করুন কিংবা অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর কোনও স্থাপনা তৈরি করুন, প্রতিটি ক্ষেত্রেই তাঁর লক্ষ্য এমন কিছু সৃষ্টি করা, যা দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি মানুষের চিন্তাভাবনাকেও উসকে দেয়।
 
 
পুরস্কার ও স্বীকৃতি
 
শিল্পকলায় মহম্মদ কাশিফের সাফল্য তাঁকে একাধিক সম্মানজনক পুরস্কার ও স্বীকৃতি এনে দিয়েছে। ২০২৬ সালে মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে আয়োজিত ‘লাক্সারি লাইফস্টাইল অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস’-এ তিনি ‘ইনোভেটিভ আর্টিস্ট অ্যান্ড স্কাল্পটর অফ দ্য ইয়ার (মধ্যপ্রদেশ)’ পুরস্কার লাভ করেন। ধাতব ভাস্কর্য এবং শিল্পভিত্তিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তাঁর অভিনব অবদানের স্বীকৃতি হিসেবে বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।
 
নিজের ‘আর্টিস্টিক ইঞ্জিনিয়ারিং’ ব্র্যান্ডের অধীনে কাশিফ ধাতু এবং বাতিল সামগ্রী ব্যবহার করে একের পর এক অভিনব শিল্পকর্ম তৈরি করে চলেছেন। ২০২৫ সালের আগস্টে নয়ডায় আয়োজিত ‘বাজ এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস’-এ তাঁকে ‘বেস্ট আর্টিস্ট অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত করা হয়। শিল্পকর্মে তাঁর অসাধারণ সৃজনশীলতা এবং ধাতব ভাস্কর্যের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছিল।
 
এর আগে ২০২২ সালে ‘লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’-এ শিল্প ও ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য তাঁকে ‘ইয়ং ক্রিয়েটিভ এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হয়। বলিউড অভিনেত্রী দিয়া মির্জা তাঁর হাতে এই সম্মান তুলে দিয়েছিলেন। তাঁর আরও একটি উল্লেখযোগ্য সাফল্য হলো, ভোপালের বোট ক্লাবে ১৫ হাজার বাতিল প্লাস্টিকের বোতল ব্যবহার করে ৫০০ কিলোগ্রাম ওজনের একটি গ্লোব তৈরি করা।
 
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে মানুষকে উৎসাহিত করাই ছিল এই স্থাপনার মূল উদ্দেশ্য। বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর এই স্থাপনাটির উদ্বোধন করেন। এই অসাধারণ শিল্পকর্মটি ‘এশিয়া বুক অফ রেকর্ডস’ এবং ‘ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ স্বীকৃতি পেয়েছে। এর ফলে কাশিফের শিল্পীজীবনে যুক্ত হয়েছে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক।
 
বহুমুখী প্রতিভার অধিকারী মহম্মদ কাশিফ
 
ইঞ্জিনিয়ারিং ও ভাস্কর্য তৈরির ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি খেলাধুলার প্রতিও গভীর আগ্রহ রয়েছে মহম্মদ কাশিফের। ছোটবেলা থেকেই ক্রিকেট ও ফুটবলের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা। বিভিন্ন স্তরের প্রতিযোগিতাতেও তিনি অংশগ্রহণ করেছেন। এছাড়া রাইফেল শুটিংয়ের প্রতিও তাঁর আগ্রহ রয়েছে। এই খেলায় রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি।
 
খেলাধুলার সঙ্গে তাঁর এই সম্পৃক্ততা বহুমুখী ব্যক্তিত্বের আরও একটি দিক তুলে ধরে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নিজেকে মেলে ধরার প্রতি তাঁর আগ্রহেরও পরিচয় দেয়। নিজের স্বপ্নের প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে কাশিফ জানিয়েছেন, তিনি এমন একটি শিল্পকর্ম তৈরি করতে চান, যা নিজের ধরনের মধ্যে বিশ্বের বৃহত্তম হবে, দেখতে হবে অত্যন্ত আকর্ষণীয় এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়ার যোগ্য হবে।
 
 
তাঁর লক্ষ্য শুধু ব্যক্তিগত পরিচিতি অর্জন করা নয়, বরং অসাধারণ কোনও সৃষ্টির মাধ্যমে দেশের সম্মান বাড়ানোও তাঁর স্বপ্ন। মহম্মদ কাশিফের জীবনযাত্রা প্রমাণ করে, সৃজনশীলতার কোনও নির্দিষ্ট বিষয়, পেশা কিংবা ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকার প্রয়োজন নেই। কৌতূহল, দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম এবং নতুন কিছু করার সাহস থাকলে একজন যন্ত্রকৌশলীও ধাতুর মধ্যে শিল্পের সন্ধান পেতে পারেন এবং বাতিল সামগ্রীকে অসাধারণ শিল্পকর্মে রূপ দিতে পারেন।
 
তাঁর এই যাত্রা আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্য অর্জনের মাধ্যম নয়, এর মাধ্যমে বৃহত্তর সামাজিক উদ্দেশ্যও পূরণ করা সম্ভব। বর্জ্য সামগ্রীকে নতুন জীবন দিয়ে কাশিফ শুধু অসাধারণ ভাস্কর্যই তৈরি করছেন না, বরং পরিবেশের স্থায়িত্ব রক্ষা এবং পরিবেশগত দায়িত্ববোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তাও ছড়িয়ে দিচ্ছেন। তাঁর কাছে প্রতিটি বাতিল সামগ্রীর মধ্যেই লুকিয়ে রয়েছে নতুন করে কিছু সুন্দর, অর্থবহ এবং অসাধারণ সৃষ্টি করার সম্ভাবনা।


শেহতীয়া খবৰ