শান্তিপ্রিয় রায় চৌধুরী:
শনিবার থেকে গুয়াহাটির এসিএ স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দু'ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচ। বিশ্ব টেস্ট ক্রিকেটের মানচিত্রে উঠতে চলেছে গুয়াহাটির নাম। অসম তো বটেই এর আগে উত্তর-পূর্বের কোন শহরও টেস্ট ম্যাচ আয়োজন করতে পারেনি। সুতরাং এটা অসমের কাছে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। আর এই ঐতিহাসিক টেস্ট ভারতের ৩০তম শহরে হতে চলেছে।
বুধবার দু'টি দলই বিকেলে গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছালে বিশাল সংখ্যক ক্রিকেট সমর্থকরা দুটি দলকে উষ্ণ সম্বর্ধনা জানায়। গতকাল বৃহস্পতিবার থেকে স্টেডিয়ামে প্র্যাক্টিস শুরু করে দিয়েছে দু'টি দলই।
কেমন পিচ হবে?
প্রথম টেস্ট ইডেনে ভারত তিন দিনে হেরে যাওয়ায় কলকাতার পিচ নিয়ে হয়েছে নানান বিতর্ক। স্বাভাবিকভাবেই গুয়াহাটির এসি স্টেডিয়ামের পিচ নিয়েও রয়েছে অনেক প্রশ্ন।
এর আগে গুয়াহাটির এসিএ স্টেডিয়ামে পুরুষদের আটটি একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। সবকটি ম্যাচেই বলতে গেলে পিচের আচরণ ছিল স্পোটিং এবং সেটাই নাকি এবারও অক্ষত থাকবে বলছেন বিশেষজ্ঞরা।
টিকিটের চাহিদা কেমন:
অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে। আশা করা যাচ্ছে, ইডেনের মতোই দর্শক আসন পূর্ণ থাকবে।
আবহাওয়া কেমন থাকবে:
খুশির খবর দিয়েছে অসম আবহাওয়া দপ্তর। জানা গেছে, ম্যাচের ৫ দিন আবহাওয়া ভালো থাকবে। তবে প্রথম দু'দিন আকাশ হালকা মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।