স্কলারশিপে ইতালি পাড়ি অসমের হাইলাকান্দির মেয়ে প্রেরণার, স্বপ্নপূরণের পথে নতুন উড়ান

Story by  Satananda Bhattacharjee | Posted by  Aparna Das • 1 h ago
স্কলারশিপে ইতালি পাড়ি অসমের হাইলাকান্দির মেয়ে প্রেরণার, স্বপ্নপূরণের পথে নতুন উড়ান
স্কলারশিপে ইতালি পাড়ি অসমের হাইলাকান্দির মেয়ে প্রেরণার, স্বপ্নপূরণের পথে নতুন উড়ান
 
শতানন্দ ভট্টাচার্য

বরাক উপত্যকার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাইলাকান্দির প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল। বরাকের শিক্ষা জগতে বরাবর‌ই এই প্রতিষ্ঠানের নাম চর্চায় থাকে এর ব্যতিক্রমি অবস্থানের জন্য। এবার এই স্কুলের কলা বিভাগের ছাত্রী হাইলাকান্দি জেলার কালাছড়ার নিকটবর্তী সোনাপুর গ্রামের মেয়ে প্রেরণা সিনহা স্কলারশিপ পেয়ে বিদেশে পাড়ি দিচ্ছে উচ্চশিক্ষা লাভের জন্য। এরজন্য গর্বিত প্রিসাইন্সিয়া স্কুল কর্তৃপক্ষ।
 
বরাক বাংলার মেধাবী ছাত্র এবং অভিভাবকেরা যেখানে উচ্চ শিক্ষা বলতে সচরাচর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখেন, সেখানে প্রিসাইন্সিয়া স্কুল পড়ুয়াদের স্বপ্ন দেখার গণ্ডীকে বহুদূর প্রসারিত করে সর্বস্তরের ছাত্র-ছাত্রীর লক্ষ্য পূরণে রসদ যোগায়। 
 
প্রেরণা সিনহা 
 
কলা-বাণিজ্য-বিজ্ঞান যে-কোনো বিভাগের‌ই শিক্ষার্থী হোক না কেন, রুচি ও মেধা অনুযায়ী তারা কতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই স্বপ্ন-দিগন্ত উন্মুক্ত করে দিচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যেই এই স্কুলের একাধিক ছাত্র দেশের সেরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করে, স্বর্ণপদক লাভ করে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে, উচ্চ-মাধ্যমিক স্তরে প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে প্রাপ্ত মৌলিক শিক্ষা কতটা কার্যকর, কতটা বাস্তবিক ও সময়োপযোগী। আর এবার উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ সহ ছাত্রী প্রেরণা সিনহার ইতালিতে পাড়ি দেওয়ার ঘটনা এই স্কুল-শিক্ষার মানদণ্ড সম্পর্কে আবার‌ও স্বচ্ছ ধারণা তৈরি করতে সক্ষম হয়েছে।
 
প্রেরণা সিনহা প্রিসাইন্সিয়া স্কুলের ২০২৫ ব্যাচের ছাত্রী। কলা বিভাগের এই ছাত্রী প্রায় ৭৮ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
 
আর্থিক অবস্থা অনুকূল না হ‌ওয়া সত্ত্বেও সুজিত সিনহা এবং পূরবী সিনহার কন্যা প্রেরণা কখনো তার পরিস্থিতিকে তার উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা হতে দেয়নি। এক সাক্ষাৎকারে প্রেরণা জানায়, সে নিজের খরচ চালানোর জন্য রাতে অনলাইনে কাজ করত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় একদিন ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে সে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেখতে পায়। কৌতূহলবশত সে লিঙ্কটি অনুসরণ করে এবং নানা তথ্য সংগ্রহ করে শিক্ষকদের পরামর্শ নিয়ে ক্রমশ এগোতে থাকে।
 
অবশেষে সে কলকাতায় IELTS পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয় এবং সেইসূত্র ধরেই ইউরোপের তিনটি বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষা লাভের পথ সুগম হয়। পরিস্থিতি বিবেচনা করে প্রেরণা ইতালির মেসিনা বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে আইন নিয়ে পড়ার জন্য এবং সেখানে সে প্রায় ২৮.৫ লক্ষ টাকার স্কলারশিপ বা স্টাইপেন্ড পেয়েছে বলে জানা গেছে।
 
এই অসাধারণ সাফল্য উদযাপন করতে প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে অধ্যক্ষ ড. পারিজাত দেবরায়, অ্যাকাডেমিক ডিরেক্টর অঞ্জন কুমার সাহা, ম্যানেজিং ডিরেক্টর ড. অভিজিৎ মিত্র, অ্যাডুকেশন বিষয়ের শিক্ষিকা গৌতমী শর্মা সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী সমবেতভাবে তাকে অভিনন্দন জানান। উত্তরীয়, পুষ্পস্তবক ও শুভেচ্ছা স্মারক ছাত্রী প্রেরণা সিনহার হাতে তুলে দিয়ে তার বিদেশ যাত্রার জন্য আন্তরিক শুভকামনা জ্ঞাপন করে প্রিসাইন্সিয়া পরিবার।