গ্লাসগো:
কমনওয়েলথ গেমস ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ভারতের ঝুলিতে নিশ্চিত হয়ে গেল প্রথম পদক। মহিলাদের ৭৫ কেজি বক্সিং বিভাগে সরাসরি সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন অসমের তারকা বক্সার লভলিনা বরগোহাঁই।
প্রতিযোগিতায় এই ওজন বিভাগে মাত্র পাঁচজন বক্সার অংশ নেওয়ায় শীর্ষ বাছাই লভলিনা কোয়ার্টার ফাইনালে 'বাই' পান। ফলে কোনও ম্যাচ না খেলেই শেষ চারে জায়গা করে নেন। কমনওয়েলথ গেমসের বক্সিং নিয়ম অনুযায়ী, দুই সেমিফাইনালে পরাজিত বক্সারই ব্রোঞ্জ পদক পান। তাই সেমিফাইনালে ওঠার সঙ্গেই ভারতের প্রথম পদক নিশ্চিত হয়েছে।
এবার লভলিনার লক্ষ্য পদকের রং বদলানো। আগামী ৩১ জুলাই সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ হবেন টুভালুর টিকেবিপি তাফাকি। সেই ম্যাচে জিতলে তিনি সরাসরি ফাইনালে উঠে অন্তত রুপো নিশ্চিত করবেন এবং সোনা জয়ের লড়াইয়ে নামবেন।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লভলিনার ঝুলিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের পদক রয়েছে। তবে কমনওয়েলথ গেমসে এটি তাঁর প্রথম নিশ্চিত পদক, যা তাঁর বর্ণময় কেরিয়ারের একটি নতুন মাইলফলক।
এবারের গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের ১২৫ সদস্যের দল অংশ নিয়েছে। আগের আসরের তুলনায় খেলার সংখ্যা কমে ১০-এ নেমে এলেও নীরজ চোপড়া, মীরাবাই চানু, লভলিনা বরগোহাঁই-সহ একাধিক তারকার দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।