স্বপ্নের পথে আবারো কাজী নাদিশ, কামরূপের ছয়গাঁও এফসির ভরসা হাওড়ার তরুণ গোলরক্ষক
শান্তিপ্রিয় রায়চৌধুরী:
হাওড়ার মুন্সিরহাট থেকে জাতীয় ফুটবলের মঞ্চে আরও একধাপ এগিয়ে যাওয়ার স্বপ্ন। আসন্ন আই লিগের তৃতীয় ডিভিশনে ফের অসমের ছয়গাঁও এফসির জার্সিতে মাঠে নামতে প্রস্তুত ২২ বছরের তরুণ গোলরক্ষক কাজী নাদিশ। গত মরশুমের অভিজ্ঞতাকে পাথেয় করে এবার দলের উত্তরণের স্বপ্নপূরণ করাই তার প্রধান লক্ষ্য।
গত মরশুমে আই লিগের তৃতীয় ডিভিশনের গ্রুপ পর্বে নিজের ক্ষিপ্রতা, দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছিলেন নাদিশ। গোলপোস্টের নিচে তার নির্ভরযোগ্য উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রতিপক্ষের আক্রমণ ও রুখে দেওয়ার ক্ষমতা ছয়গাঁও এফসিকে চূড়ান্ত পর্বে পৌঁছাতে সাহায্য করেছিল। যদিও শেষ পর্যন্ত দ্বিতীয় ডিভিশনে উত্তরণের স্বপ্ন পূরণ হয়নি। তবু চূড়ান্ত পর্বে খেলার সুবাদে চলতি মরশুমেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে কামরূপের এই ক্লাব। এবারও দলের অন্যতম ভরসা নাদিশ।
তার ফুটবল জীবন গড়ে উঠেছে ধারাবাহিক অনুশীলন ও অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্য দিয়ে । ক্যালকাটা এফসি, রাজস্থানের জিংক ফুটবল একাডেমি, পাঠ্য চক্র, শিলিগুড়ির বিধান স্পোর্টিং ক্লাব ,সুরুচি সংঘ ,টালিগঞ্জ অগ্রগামী এবং উত্তর পল্লী মিলন সমিতির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।পাশাপাশি বাংলা অনূর্ধ্ব ১৭ দলের প্রতিনিধিত্বও করেছেন তিনি।
আগামী ২২ থেকে ৩০ অক্টোবর শিলং এর এস এস এ স্টেডিয়ামে আই লিগের তৃতীয় ডিভিশনের গ্রুপ পর্বে খেলবে ছয়গাঁও এফ সি। প্রতিপক্ষ মেঘালয়ের নংকসে এসএসসিসি, অন্ধপ্রদেশের গোদাবরী এফসি, মধ্যপ্রদেশের লেকসিটি এফসি এবং পণ্ডিচেরীর কুপ্পুরাজ এফসি। কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছানো এবং সেখান থেকে দ্বিতীয় ডিভিশনে উন্নীত হওয়ায়ও দলের লক্ষ্য।
গোল রক্ষকের একটি অসাধারণ সেভ যেমন ম্যাচের গতিপথ বদলে দিতে পারে তেমনি তার আত্মবিশ্বাস গোটা দলকে লড়াইয়ের শক্তি যোগায়। তাই নাদিশের সামনে এবার নিজেকে আরো একবার প্রমাণ করার বড় সুযোগ। হাওড়ার মুন্সিরহাট থেকে অসমের ফুটবল মঞ্চ নাদিশের এই যাত্রা বাংলার মফস্বলের প্রতিভাদের সম্ভাবনাকেও তুলে ধরে।
এবার তার লক্ষ্য শুধু গোল পোস্ট আগলে রাখা নয়, ছয়গাঁও এফসির উত্তরণের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। শিলং এর মাঠে সেই স্বপ্ন কতটা সফল হয় এখন সেটাই দেখার।