শান্তিপ্রিয় রায় চৌধুরী:
জম্মু-কাশ্মীর ও ভারতীয় ক্রিকেটের উজ্জল সম্ভাবনাময় ক্রিকেটার আকিব নবী। গত কয়েকটা ঘরোয়া মরশুমে তার অসাধারণ সাফল্য তাকে ভারতীয় ক্রিকেটের লাইন লাইটে নিয়ে এসেছে। গত শ্রীলংকা সফরে তাকে ভারতীয় দলে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু তিনি একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। এতে হতাশ হওয়ার কিছু নেই আকিব নবীর।
জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার আকিব নবীকে নিয়ে বিসিসিআই দারুন একটা পরিকল্পনা করেছে। আকিব নবীকে বিসিসিআই ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। ঠিক হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাকে তাদের পরিকল্পনায় রাখতে চায়।
ভারতীয় দল চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে।টেস্ট সিরিজের প্রথম টেস্টটি হবে ১৯ থেকে ২৩ নভেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আর দ্বিতীয় টেস্টটি হবে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে।
গত রঞ্জি ট্রফি মরসুমে আকিব নবী ৬০টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলে আকিব নবী অন্তর্ভুক্ত হয়ে ছিলেন।কিন্তু তিনি দুটো টেস্ট ম্যাচের একাদশে খেলার সুযোগ পাননি। ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের পর দেশে ফিরেছে। কিন্তু দলের দুই প্রধান বোলার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণকে বিশ্রাম দেওয়া হয়েছে। গুরনূর ব্রার যিনি শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন, খেলেনি একটা ম্যাচেও সেই গুরুনূর উত্তর অঞ্চলের দলে যোগ দিচ্ছেন। দক্ষিণ অঞ্চলের বিপক্ষে সেমিফাইনাল খেলবেন। বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, "ভারতীয় দলের থিঙ্ক-ট্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে যে গুরনূর ব্রার দলীপ ট্রফিতে খেলবেন। আরশদীপ সিং এবং অংশুল কাম্বোজ ইতিমধ্যেই খেলার একাদশে আছেন এবং গুরনূর ব্রার সুনীল কুমারের স্থলাভিষিক্ত হবেন।"
সেই সঙ্গে বিসিসিআই সূত্র আরও জানিয়েছে, "বিসিসিআই আকিব নবীর জন্য ইংল্যান্ডে অন্তত দুই-তিনটি লাল বলের ম্যাচ খুঁজছে, যা তার জন্য উপকারী হবে।" প্রতিবেদন অনুসারে, সারে একজন সুইং বোলার খুঁজছে এবং লন্ডন-ভিত্তিক এই কাউন্টি ক্লাবের হয়ে আকিব নবীর কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
অর্থাৎ,ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষদিকের কয়েকটি ম্যাচে সারের হয়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে এই ডানহাতি পেসারকে।সূত্রটি বলেছে, "যদিও নিউজিল্যান্ডের পরিস্থিতি কিছুটা ভিন্ন, আকিব নবী অবশ্যই পরিকল্পনার অংশ থাকবেন। তাই, তার কয়েকটি ম্যাচ খেলাটা খারাপ হবে না।"সূত্রটি আরও জানিয়েছে, "বিসিসিআই আকিব নবীর জন্য যুক্তরাজ্যের ভিসার ব্যবস্থা করার চেষ্টা করছে এবং ভিসার ব্যবস্থা হলেই তিনি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন।"
উল্লেখ্য, ভারতীয় দলের স্পিনার মানব সুথার ইতোমধ্যে ওয়ারউইকশায়ারের হয়ে দুটি ম্যাচ খেলেছেন, অন্যদিকে কুলদীপ যাদব ইয়র্কশায়ারের হয়ে লাল বলের ক্রিকেট খেলতে ইংল্যান্ডে ফিরে গেছেন। এদিকে, আশুতোষ শর্মা রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। আকিব নবী ৪৩টি প্রথম-শ্রেণির ম্যাচে ১৬২টি উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ২.৯, যা বেশ আকর্ষণীয়।
বিসিসিআইয়ের এই পরিকল্পনার পেছনে মূল কারণ হল-নিউজিল্যান্ডের পেস-সহায়ক উইকেটে খেলার আগে আকিব ইংল্যান্ডে লাল বলের প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার ভালো প্রস্তুতি নিতে পারবে। তাই তাঁকে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রাখতেই বিসিসিআই এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ তৈরি হওয়া নিয়ে আকিব নবী বা তার ঘনিষ্ঠ মহল থেকে যে ধরণের প্রতিক্রিয়া ও পরিস্থিতি উঠে এসেছে তা হল-
এই প্রস্তাবটি মূলত ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই-এর বিশেষ পরিকল্পনার অংশ। আকিব নবীর কাছে এটি অত্যন্ত ইতিবাচক একটি বার্তা যে, আন্তর্জাতিক ম্যাচে সরাসরি একাদশে সুযোগ না পেলেও বোর্ড তাকে ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী ভাবনায় রাখছে। বিসিসিআই-এর এই সিদ্ধান্তকে তার কঠোর পরিশ্রমের এক বড় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
তাছাড়া ইংল্যান্ডের সুইং-সহায়ক কন্ডিশনে কাউন্টি ক্রিকেট খেলা যেকোনো পেসারের জন্যই স্বপ্নের মতো। আকিবের মতো উদীয়মান ক্রিকেটারের জন্য সারের মতো প্রথম সারির কাউন্টি দলের হয়ে ২-৩টি ম্যাচ খেলার সুযোগ পাওয়া নিজের বোলিং ধারালো করার এক দুর্দান্ত প্ল্যাটফর্ম। নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে।
জম্মু-কাশ্মীরের বারামুল্লার মতো সুযোগ-সুবিধাহীন এলাকা থেকে উঠে এসে একসময় ট্রায়ালের জন্য জুতো ধার করতে হতো আকিবকে। সেখান থেকে কোটি টাকার আইপিএল চুক্তি, ভারতীয় দলে ডাক এবং এখন ইংল্যান্ডের কাউন্টিতে খেলার এই যাত্রা কেবল তার নিজের জন্যই নয়, বরং সমগ্র জম্মু-কাশ্মীরের তরুণ সমাজ ও ক্রিকেট মহলের কাছে অত্যন্ত গর্বের।