মৌলানা আবুল কালাম আজাদ সম্প্রীতি পুরস্কার ঘোষণা, হাইলাকান্দিতে

Story by  Satananda Bhattacharjee | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
মৌলানা আবুল কালাম আজাদ সম্প্রীতি পুরস্কার ঘোষণা, হাইলাকান্দিতে
মৌলানা আবুল কালাম আজাদ সম্প্রীতি পুরস্কার ঘোষণা, হাইলাকান্দিতে
 
শতানন্দ ভট্টাচার্য

আগামী ১১ নভেম্বর দেশের প্রথম শিক্ষা মন্ত্রী আবুল কালাম আজাদের জন্মদিন জাতীয় শিক্ষা দিবস হিসেবে হাইলাকান্দিতে পালিত হবে। দিবসটি পালনের জন্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। 

হাইলাকান্দির বোয়ালিপারের ডঃ শশী ভূষণ ইনস্টিটিউট অব এডুকেশনের সভাকক্ষে জাতীয় শিক্ষা দিবস উদযাপন সমিতির সভায় অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর ২০২৬ এর মৌলানা আবুল কালাম আজাদ সম্প্রীতি পুরস্কারের জন্য মনোনীত তিনজন ব্যক্তির নাম ঘোষণা করেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন যথাক্রমে দিলীপ কুমার দে, প্রাক্তন অধ্যক্ষ টিচার ট্রেনিং কলেজ, শিলচর, অধ্যাপক আবিদ রাজা মজুমদার, প্রাক্তন অধ্যক্ষ নেহরু কলেজ, পয়লাপুল, কাছাড় এবং বিশিষ্ট গল্পকার তথা কথাসাহিত্যিক বদরুজ্জামান চৌধুরী।

এছাড়াও এবছরের মৌলানা আবুল কালাম আজাদ স্মারক বক্তৃতার জন্য মনোনীত করা হয় অধ্যাপক হিলাল উদ্দিন লস্করকে এবং বক্তৃতার বিষয় হচ্ছে "মৌলানা আবুল কালাম আজাদ: অসাম্প্রদায়িক চেতনা ও হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক।"

প্রস্তুতি সভায় ডঃ নিজাম উদ্দিন লস্কর জানান যে শিক্ষা দিবস পালনের অঙ্গ হিসেবেও ইতিমধ্যে বরাক উপত্যকার বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মৌলানা আবুল কালাম আজাদের উপর। ইতিমধ্যে উপত্যকার মোট নয়টি কলেজ থেকে তিনজন করে প্রতিযোগী চূড়ান্ত পর্যায়ে অংশ নেবেন। চূড়ান্ত পর্যায়ের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আলগাপুরের এ এল চৌধুরী কলেজে এবং এতে প্রথম তিনটি স্থানাধিকারীকে ১১ নভেম্বর ডঃ শশী ভূষণ ইনস্টিটিউট অব এডুকেশনে অনুষ্ঠিতব্য শিক্ষা দিবসের মূল অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।


শেহতীয়া খবৰ