কোরআন প্রতিযোগিতায় লিবিয়ার মঞ্চে সাফল্য নাজিমের! আন্তর্জাতিক মঞ্চে ৮১ দেশের প্রতিযোগীর মধ্যে চতুর্থ, ফিরে আসতেই উচ্ছ্বাস বাংলায়

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 15 h ago
কোরআন প্রতিযোগিতায় লিবিয়ার মঞ্চে সাফল্য নাজিমের! আন্তর্জাতিক মঞ্চে ৮১ দেশের প্রতিযোগীর মধ্যে চতুর্থ, ফিরে আসতেই উচ্ছ্বাস বাংলায়
কোরআন প্রতিযোগিতায় লিবিয়ার মঞ্চে সাফল্য নাজিমের! আন্তর্জাতিক মঞ্চে ৮১ দেশের প্রতিযোগীর মধ্যে চতুর্থ, ফিরে আসতেই উচ্ছ্বাস বাংলায়
 
তরুণ নন্দী / কলকাতা

পবিত্র কোরআনের শিক্ষার পাশাপাশি দেশের সম্মান বাড়িয়ে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেল বাংলার এই কৃতি সন্তান। লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মঞ্চে নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে গোটা দেশের নডর কাড়ল। তাঁর মুখ থেকে সাবলীল আরবি তেলাওয়াত আর নিখুঁত হিফজে মুগ্ধ হয়েছিলেন বিচারক থেকে উপস্থিত দর্শকেরা। ৮১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে কঠিন লড়াইয়ে চতুর্থ স্থান অর্জন করে ভারতের গর্বের মুকুটে পালক জুড়ে দিল ভাঙড়ের হাফেজ নাজিম উদ্দিন। আর তাঁর এই সাফল্য ঘিরেই এখন উচ্ছ্বাসের আবহ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় জুড়ে। 
 
কোনও বড় মঞ্চে পৌঁছনোর পিছনে শুধু একাগ্রতা আর অনুশীলন। আর অবশ্যই স্বপ্নকে ছুঁয়ে দেখার অদম্য জেদ থাকার প্রয়োজন। সেই জেদেরই যেন জীবন্ত উদাহরণ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের জিরানগাছা খিদমাতুল কুরআন ইনস্টিটিউট মাদ্রাসার ছাত্র হাফেজ নাজিম উদ্দিন।
 
হাফেজ নাজিম উদ্দিন একটি অনুষ্ঠানে
 
লিবিয়ার মাটিতে অনুষ্ঠিত ১৪তম লিবিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ছাত্র। বিশ্বের ৮১টি দেশের প্রতিযোগিদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করা নিঃসন্দেহে বড় প্রাপ্তি। কারণ, এমন আন্তর্জাতিক মঞ্চে শুধু কোরআন মুখস্থ রাখলেই হয় না, প্রয়োজন নির্ভুল উচ্চারণ, তেলাওয়াতের সাবলীলতা, অসাধারণ স্মৃতিশক্তি। আর অবশ্যই প্রতিটি মুহূর্তে নিজেকে ধরে রাখার মানসিক দৃঢ়তা দেখানো প্রয়োজন। আর সেই সবকিছুকে আয়ত্ব করেই কঠিন পরীক্ষাতেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন নাজিম।
 
বিচারকদের মতে, নাজিমের কন্ঠে পবিত্র কোরআনের আয়াত যেন হয়ে উঠেছিল আরও স্নিগ্ধ, আরও সাবলীল। নিখুঁত হিফজ এবং চমৎকার আরবি তেলাওয়াত দিয়ে সকলের মন জয় করেছে সে। প্রতিযোগিতার কঠিন আবহে নিজের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এগিয়ে গিয়েছেন বাংলার এই তরুণ প্রতিভা। 
 
লিবিয়া থেকে ফেরার সময় হাফেজের একটি ছবি
 
আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে ফিরতেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে হাফেজ নাজিম উদ্দিনকে ঘিরে। তাঁর এই কৃতিত্বকে ঘিরে গর্বিত শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষামহল। আসলে ভাঙড়ের এই কৃতী ছাত্রের সাফল্য বাংলার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরে ভারতের নাম উজ্জ্বল করেছে।
 

হাফেজ নাজিম উদ্দিনের এই কৃতিত্ব কতটা সুদূরপ্রসারী ফল দিতে পারে তার ব্যাখা দিয়েছেন শিক্ষকেরা। লিবিয়ার মাটিতে ছাড়িয়ে আগামী দিনে আরও বড় মঞ্চে তাঁর প্রতিভা ছড়িয়ে পড়ুক, এটাই প্রত্যাশা করছে গোটা বাংলার মানুষ।