১১-তেই মাটির ছোঁয়ায় দুর্গা গড়ে কিংশুক! খেলার বয়সেই খুদে শিল্পীর হাতে ফুটল দেবীর অপরূপ রূপ
Story by Tarun Nandi | Posted by Aparna Das • 18 h ago
১১-তেই মাটির ছোঁয়ায় দুর্গা গড়ে কিংশুক! খেলার বয়সেই খুদে শিল্পীর হাতে ফুটল দেবীর অপরূপ রূপ
তরুণ নন্দী / কলকাতা
আর পাঁচজন যখন খেলায় মত্ত সেই খেলার বয়সেই হাতে মাটি নিয়ে স্বপ্ন বুনছে এই শিশু শিল্পী। শৈশবের দুষ্টুমি ছেড়ে নিজের ছোট্ট হাতের ছোঁয়ায় দেবী দুর্গার প্রতিমা গড়েছে সে। মালদার ১১ বছরের কিংশুক সরকারের হাতের জাদুতে অবাক করে দিয়েছে সকলকে। তার হাতে মাটি পড়তেই শিল্পনৈপুন্যে ফুটে উঠেছে মা দুর্গার অপরূপ রূপ। খুদের এই শিল্পকর্ম দেখে মুগ্ধ তাঁদের প্রতিবেশীরা। কিংশুককের কাজ দেখে আগামীর এক সম্ভাবনাময় প্রতিমাশিল্পী হয়ে ওঠার স্বপ্ন দেখছেন অনেকেই।
মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত আইহো বক্সিনগর এলাকায় থাকে কিংশুক। আইহো উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে। পরিবার সূত্রে খবর, ছোটবেলা থেকেই নিজের আগ্রহে মাটি নিয়ে খেলতে ভালোবাসত সে। সাধারণ মাটির দলাকে নিজের মনের কল্পনা মিশিয়ে বাস্তবের রূপ দেওয়ার চেষ্টা করতে এই শিশু।
কিংশুকের এই ভালোবাসার পিছনে রয়েছে অবশ্য রয়েছে তার বাবার অবদান। বাবা অনুপ সরকারের সঙ্গে বিভিন্ন জায়গায় প্রতিমা তৈরির কাজ দেখতে যেত সে। ছোট্ট ছেলেটি অবাক হয়ে দেখত শিল্পীদের দক্ষ হাতে মাটির কাঠামো থেকে কীভাবে তৈরি হয় দেবদেবীর রূপ। শৈশবের সেই আগ্রহ নিয়ে দেখাটাই যেন তার মনে বুনে দিয়েছিল শিল্পী হয়ে ওঠার প্রথম স্বপ্ন।
মৃৎশিল্পীদের হাতে প্রতিমা গড়তে দেখে একদিন নিজের হাতেই মা দুর্গাকে গড়ার ইচ্ছা জাগে। আর সেই ইচ্ছা মতোই কাজ শুরু করে সে। প্রতিমা তৈরিতে ছেলের এই টান বুঝতে পেরে প্রয়োজনীয় সরঞ্জাম এনে দেন বাবা অনুপ সরকার। এরপর নিজের কল্পনা আর সৃজনশীলতাকে আঁকড়ে মাটি দলা থেকে অপরূপ দুর্গাপ্রতিমা তৈরি করে ফেলে ১১ বছরের কিংশুক।
কিংশুক সরকারের ছোট্ট হাতের ছোঁয়ায় দেবী দুর্গার প্রতিমা
ছেলের এই প্রতিভা দেখে গর্বিত বাবা অনুপ সরকার থেকে তার পরিবারের সকলেই। অনুপ সরকার বলেন, ছোটবেলা থেকেই মাটির প্রতি ছেলের আলাদা টান দেখেছেন। মাটি নিয়ে খেলতে খেলতেই প্রতিমা তৈরির প্রতি তার আগ্রহ বুঝতে পারেন তাঁরা। তাই তার ইচ্ছেকে গুরুত্ব দিয়েছেন সব সময়। ছেলের প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সবরকমভাবে পাশে থাকতে চান তিনি।
পুজোর আগেই মাত্র ১১ বছর বয়সে কিংশুকের এই সৃষ্টিই যেন গোটা এলাকার মানুষের আলোচনার বিষয়। বয়সে ছোট হলেও তার কল্পনার পরিসর কত বড়, তা কিংশুক বুঝিয়ে দিয়েছে মাটির তৈরি এই দুর্গাপ্রতিমা গড়ে দিয়ে। স্থানীয়রা মনে করছেন, সঠিক প্রশিক্ষণ পেলে একদিন প্রতিমাশিল্পের জগতে নিজের জায়গা করে নিতে পারবে তাঁদের এলাকার এই খুদে শিল্পী।
কিংশুক সরকারের ছোট্ট হাতের ছোঁয়ায় দেবী দুর্গার প্রতিমা
বলা ভালো, যে হাতে এখনও স্কুলের খাতা-কলম ধরতে হয়, সেই হাতেই তৈরি হচ্ছে মৃৎশিল্পের এক নতুন সম্ভাবনা। তার সৃষ্টি দেখার পর থেকে রীতিমত ভাইরাল কিংশুক। অনেকেই বলছেন, মায়ের মূর্তি গড়তে গড়তেই হয়তো নিজের ভবিষ্যতের পথ তৈরি করতে শিখছে এই প্রতিভাবান শিশুটি। তবে এটুকু স্পষ্ট, ১১ বছরের এই খুদে শিল্পীর হাতে মাটি দলা শুধু আকার পায়নি, আকার পেয়েছে একটি সুন্দর স্বপ্নও।