ভাতৃত্বের টানে আগরতলায় চট্টগ্রামের পীর; মানবিকতায় সম্প্রীতির বার্তা

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 1 Months ago
ভাতৃত্বের টানে আগরতলায় চট্টগ্রামের পীর; মানবিকতায় সম্প্রীতির বার্তা
ভাতৃত্বের টানে আগরতলায় চট্টগ্রামের পীর; মানবিকতায় সম্প্রীতির বার্তা
 
নূরুল হক / আগরতলা

শনিবার ২ মে আগরতলা ইন্দ্র নগরে অনুষ্ঠিত হচ্ছে গাউছিয়া সমিতির উদ্যোগে বাৎসরিক ওরশ এবং দোয়ার মাহফিল তথা ঈদে মিলাদুন্নবী। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বরাবরের মতোই ভাতৃত্ব সম্মেলনের ডাক দিয়েছেন আয়োজকরা। এই ভ্রাতৃত্ব সম্মেলনে এক হয়ে যাবেন হিন্দু মুসলিম জাতি জনজাতির লোকজন।
 
ভাতৃত্ব সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই ত্রিপুরায় পা রেখেছেন সম্প্রীতির বার্তাবাহক হিসেবে পরিচিত  বাংলাদেশ চট্টগ্রাম সৈয়দ বাড়ি দরবার শরীফের পীর মছিহুদৌল্লা। ভ্রাতৃত্ব সম্মেলনের আগে পীর সাহেব রাজ্যে পা দিয়েই ধর্ম বর্ণের উর্ধ্বে নিজের ভক্ত এবং অনুগামীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। একই সঙ্গে চলছে বিভিন্ন মানবিক কর্মসূচি।
 
পীর সাহেবের উপস্থিতিতে বৃহস্পতিবার আগরতলার রামনগর রাজনগর গাউছিয়া সমিতির ব্যবস্থাপনায় বাইতুল আমন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো একটি মেঘা স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে এলাকার কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক নেতৃ স্থানীয় উপস্থিত ছিলেন। এই স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে অতিথি এবং চিকিৎসকদের শুভেচ্ছা জ্ঞাপন করেন পীর সাহেব।
 
একইভাবে এদিন তিনি রামনগরের কর্পোরেটর অভিষেক দত্তের বাড়িতে যান এবং দীর্ঘক্ষন বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। কর্পোরেটর অভিষেক দত্তের কাকা প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের সঙ্গেও অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল সৈয়দবাড়ির পীরদের। অভিষেকের দত্ত সেই সম্পর্ক জারি রেখেছেন।
 
তাছাড়াও আগামী দিনের ভ্রাতৃত্ব সম্মেলনে ধর্ম বর্ণ সমস্ত অংশের নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। পীর সাহেব ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তদের মঙ্গল কামনার পাশাপাশি ভারত বাংলা সম্পর্কের আরোও সুদৃঢ় বন্ধন কামনা করেছেন। প্রসঙ্গত শনিবার জোহরের নামাজের পর থেকে ইন্দ্রনগর গাউছিয়া সমিতি মসজিদ প্রাঙ্গনে শুরু হবে ওয়াজ দোয়া মাহফিল এবং ভাতৃত্ব সম্মেলন।
 
মধ্যরাত পর্যন্ত এই ধর্মীয় অনুষ্ঠান চলবে। অনুষ্ঠান শেষে রাজ্য দেশ এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে মোনাজাত করবেন পীর মছিহুদৌল্লা সাহেব। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যব্যাপী সম্প্রীতি প্রিয় মানুষ এবং পীর সাহেবের ভক্তদের মধ্যে উৎসাহ রয়েছে।