কলকাতা থেকে বিশ্ববিজ্ঞানের শিখরে অশোক সেন, প্রথম ভারতীয় হিসেবে পেলেন অস্কার ক্লেন মেডেল

Story by  atv | Posted by  Aparna Das • 2 h ago
কলকাতা থেকে বিশ্ববিজ্ঞানের শিখরে অশোক সেন, প্রথম ভারতীয় হিসেবে পেলেন অস্কার ক্লেন মেডেল
কলকাতা থেকে বিশ্ববিজ্ঞানের শিখরে অশোক সেন, প্রথম ভারতীয় হিসেবে পেলেন অস্কার ক্লেন মেডেল
 
আওয়াজ দ্য ভয়েস / বাংলা 

শূন্য থেকে শুরু নয়, জ্ঞান আর গবেষণার নিরলস সাধনাই তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্ববিজ্ঞানের সর্বোচ্চ মঞ্চে। কলকাতার এক বাঙালি ছাত্র থেকে বিশ্বখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ, অশোক সেনের পথচলা আজ কোটি তরুণের কাছে অনুপ্রেরণার গল্প। ১৯৫৬ সালে কলকাতায় জন্ম অশোক সেনের। শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। এরপর আইআইটি কানপুর থেকে এমএসসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। কিন্তু তাঁর লক্ষ্য ছিল শুধু ডিগ্রি অর্জন নয়, মহাবিশ্বের গভীরতম রহস্যের উত্তর খোঁজা।
 
স্ট্রিং থিওরি নিয়ে গবেষণায় অশোক সেন হয়ে ওঠেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী। মহাবিশ্বের মৌলিক কাঠামো ও প্রকৃতিকে বোঝার ক্ষেত্রে তাঁর গবেষণা আন্তর্জাতিক বিজ্ঞানমহলে বিশেষ গুরুত্ব পায়। তাঁর গবেষণার স্বীকৃতি দিয়েছিলেন কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিংও। পরবর্তীতে তিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন।
 
অশোক সেন
 
তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক আন্তর্জাতিক সম্মান, পদ্মশ্রী, পদ্মভূষণ, Fundamental Physics Prize এবং Dirac Medal-সহ বহু মর্যাদাপূর্ণ পুরস্কার। ২০১২ সালে Fundamental Physics Prize-ও পেয়েছিলেন তিনি।
 
আর এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি ঐতিহাসিক পালক। ২০২৬ সালের Oskar Klein Medal-এর জন্য নির্বাচিত হয়েছেন অশোক সেন। এই সম্মান পাওয়া তিনিই প্রথম ভারতীয় পদার্থবিদ। এর আগে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছেন স্টিফেন হকিং ও পিটার হিগসের মতো কিংবদন্তিরা।
 
তবে সাফল্যের শিখরে পৌঁছেও অশোক সেনের জীবনযাপন অত্যন্ত সাধারণ। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, প্রয়াগরাজে গবেষণাকেন্দ্রে যাওয়ার সময়ও তাঁকে সাইকেল চালাতে দেখা যায়। বিশ্বখ্যাত বিজ্ঞানী হয়েও তাঁর এই সহজ-সরল জীবনযাপন তাঁর ব্যক্তিত্বকে আরও অনন্য করে তুলেছে।
 
অশোক সেন ও তাঁর স্ত্রী
 
অশোক সেনের গল্প তাই শুধু একজন বিজ্ঞানীর সাফল্যের গল্প নয়। এটি প্রমাণ করে, বিশ্বের সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর খুঁজতেও প্রয়োজন কৌতূহল, অধ্যবসায়, মেধা এবং বছরের পর বছর নিরলস সাধনা। কলকাতার এক ছাত্র থেকে বিশ্ববিজ্ঞানের অন্যতম উজ্জ্বল নাম, অশোক সেন আজ ভারতের বিজ্ঞানচর্চার এক গর্বিত অধ্যায়।


শেহতীয়া খবৰ