বৌভাতের আসরে রক্তদান! বিয়ের প্রথম অধ্যায়েই মানবতার নজির মাসুদ-সোহানার, বৌভাতে শতাধিক রক্তদাতাকে পাশে পেয়ে নজির গড়লেন তাঁরা

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 1 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
তরুণ নন্দী / কলকাতা

বিয়ের আনন্দেও মাঝেও মানবিকতার বার্তা ছড়ালেন নবদম্পতি। বৌভাতের আসরে মানুষের জীবন বাঁচানোর শপথ নিলেন তাঁরা। চারদিকে আত্মীয়-স্বজনের ভিড়ের মাঝেও বিয়েবাড়ির চেনা ছবিটাই বদলে দিলেন নদিয়ার চাপড়ার নবদম্পতি মাসুদ মণ্ডল ও সোহানা মণ্ডল। নিজেদের বৌভাতের অনুষ্ঠানে আয়োজন করে ছিলেন রক্তদান শিবিরের। তাঁদের এই মহতী উদ্যোগ দেখে উচ্ছ্বসিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করলেন শতাধিক মানুষ। সকলেই বলাবলি করছেন, ব্যক্তিগত জীবনের আনন্দকে সমাজসেবার সঙ্গে জুড়ে দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই নবদম্পতি মাসুদ ও সোহানা। আসলে জীবনে পথচলায় সমাজের প্রতিও দায়বদ্ধতার অঙ্গীকার থাকে, চাপড়ার এই নবদম্পতি যেন সেই বাস্তবটাই সামনে নিয়ে এলেন।

সাধারণত আর পাঁচটা বাড়ির বৌভাতের অনুষ্ঠান মানে অতিথিদের আপ্যায়ন, ভুরিভোজ আর আনন্দে মেতে থাকা। কিন্তু নদিয়া নিবাসী মাসুদ ও সোহানার কাছে যেন তাঁদের জীবনের এই বিশেষ দিনটি হয়ে উঠল মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ। নতুন সংসার শুরুর মুহূর্তে তাঁরা চেয়েছেন তাঁদের আনন্দের অংশীদার হোক সমাজের আরও অনেক মানুষ। তাই বিয়ের এলাহি আয়োজনের পাশাপাশি নিয়েছিলেন রক্তদান শিবিরের উদ্যোগ। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসে তাদের এমন ভাবনার শরিক হতে বহু মানুষ অংশ নিলেন জীবন বাঁচানোর এই মহৎ কর্মযজ্ঞে।
 
প্রতীকী ছবি
 
জানা গেল, মাসুদ মণ্ডলের কাছে অবশ্য মানবসেবা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই তিনি পেশাগত কারণে যুক্ত রয়েছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। রক্তের প্রয়োজন শুনতে পেলেই রোগীর পরিবারের পাশে দাঁড়ানো কিম্বা হাসপাতালে গিয়ে নিজে রক্তদান করে মানুষের বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই তাঁর কাছে মানবিকতার অন্যতম পরিচয়। আসলে মাসুদ কাছে থেকে দেখেছেন, রক্তের অভাবে রোগীর চিকিৎসা ব্যাহত হওয়ার করুণ ছবিটা। রক্তের সংকটে রোগীর পরিবার কতটা অসহায় হয়ে পড়েন তা জানেন মাসুদ। সেই অভিজ্ঞতা থেকেই রক্তদানের গুরুত্ব উপলব্ধি করেছেন তিনি। তাই নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও স্ত্রী সোহানাকে পাশে নিয়ে মানবসেবার পরিসর আরও বাড়ানোর চেষ্টা করেছেন তিনি। নতুন সংসার বাঁধার শুরুতেই নবদম্পতি কার্যত নিজেদের আনন্দের সঙ্গে জুড়ে নিলেন অন্যের জীবন বাঁচানোর অঙ্গীকার।
 
দুর্ঘটনায় জখম হওয়া রোগী বা জরুরি চিকিৎসায় সময়মতো রক্ত পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক সেই প্রয়োজনের মুহূর্তে রক্তের জোগাড় করতে গিয়ে মারত্মক সমস্যায় পড়েন অনেকে। সেই বাস্তবতাকে উপলব্ধী করে স্বেচ্ছায় রক্তদান করে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এক গুরুত্বপূর্ণ সমাজসেবা। চাপড়ার এই বৌভাতের অনুষ্ঠান থেকে কার্যত সেই বার্তাকেই পৌঁছে দিল আরও অনেকের কাছে।
 
প্রতীকী ছবি
 
মাসুদ মণ্ডল নিজের অভিব্যক্তি ব্যক্ত করে বললেন, “জীবনের নতুন অধ্যায়ের প্রথম দিনেই রক্তদানের মাধ্যমে পথচলা শুরু করেছি। আমাদের প্রচেষ্টা থাকবে, জীবনের প্রতিটি দিন যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আগামী দিনে আমি ও আমার স্ত্রী দুজনে মিলে মানুষের বিপদের সময় রক্ত দিয়ে পাশে দাঁড়াতে চাই। মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় মানবিক কাজ আর কী হতে পারে। আমাদের এই ছোট্ট উদ্যোগ যদি আরও মানুষকে রক্তদানে উৎসাহিত করে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।”
 
উপস্থিত অতিথিরা জানালেন, “মাসুদ ও সোহানার এই ভাবনা এক ইতিবাচক বার্তা  গোটা সমাজের কাছে। বিয়ের সাজসজ্জায় সেজেও রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর যে আহ্বান তাঁরা ছড়িয়ে দিলেন, তার গুরুত্ব থেকে যাবে অনেক দিন।” বলা ভালো চাপড়ার এই নবদম্পতির এই মানাবিক কাজের মাধ্যমে এক সুন্দর বার্তা ছড়াল সমাজে। জীবনের নতুন ইনিংস শুরু করার সবচেয়ে সুন্দর মুহুর্ত হতে পারে বিপদের সময় অন্যের জীবনে আশার আলো জ্বালানো। তাঁদের বৌভাত তাই মানুষের পাশে দাঁড়ানোর এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে উঠল গোটা সমাজের কাছে।


শেহতীয়া খবৰ