ধর্মের দেওয়াল ভেঙে মানবতার জয়! অসহায় মুসলিম পরিবারের পাশে হিন্দু সমাজসেবীরা, ডোমকল দেখাল সম্প্রীতির আসল ছবি

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 9 h ago
ধর্মের দেওয়াল ভেঙে মানবতার জয়! অসহায় মুসলিম পরিবারের পাশে হিন্দু সমাজসেবীরা, ডোমকল দেখাল সম্প্রীতির আসল ছবি
ধর্মের দেওয়াল ভেঙে মানবতার জয়! অসহায় মুসলিম পরিবারের পাশে হিন্দু সমাজসেবীরা, ডোমকল দেখাল সম্প্রীতির আসল ছবি
 
তরুণ নন্দী / কলকাতা

দীপবলীর আনন্দ আর আলোর উৎসবের মাঝে মুর্শিদাবাদের ডোমকলে যেন জ্বলে উঠল অন্য এক আলো।  সে আলো আসলে মানবিকতার। ধর্মের পরিচয়কে পিছনে ফেলে অসহায় এক মুসলিম পরিবারের দরজায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন একদল হিন্দু সমাজসেবী। তাঁরা বার্তা দিলেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনও ধর্মীয় পরিচয় গুরুত্ব নয়। পাশে দাঁড়াতে প্রয়োজন শুধু একটা সংবেদনশীল মন। ডোমকলের এই ঘটনা যেন সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের বিপদের দিনে তার পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত মানবিবতার প্রকাশ ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিরোপাড়া গ্রামের বাসিন্দা জালেকা বিবি। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অভাবকে সঙ্গী করেই তাঁর ছোট্ট সংসার। প্রতিদিনের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয় জালেকা বিবিকে। তার কাছে পেটের খাবার জোগাড় করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিবারের কাছে প্রতিটি দিনই চলে জীবনসংগ্রামের কঠিন লড়াই।
 

এই পরিবারের অসহায়তার খবর পৌঁছেছিল ডোমকলের কয়েকজন সমাজসেবীর কাছে। আর খবর পাওয়ার পর তাঁরা কালীপুজোর দিনই জালেকা বিবির বাড়িতে পৌঁছে যান। সন্তু বিশ্বাস, তেজবুল রহমান, সঞ্জয় চৌধুরী, বিপ্লব বিশ্বাস, হাসিবুর রহমান, মইদুল ইসলাম-সহ আরও অনেকেই সহযোগিতার হাত বাড়াতেই কিছুটা স্বস্তি ফিরল জালেকা বিবির মুখে।
 
অসহায় পরিবারের মুখে একটু স্বস্তির হাসি ফোটানোর তাগিদ নিয়ে জালেকা বিবির হাতে তুলে দেওয়া হয় আগামী তিন মাসের খাদ্যসামগ্রী। শীতের কথা মাথায় রেখে প্রয়োজনীয় শীতবস্ত্রও তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। এই উদ্যোগে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বেঙ্গল হার্বসের কর্ণধার সঞ্জয় চৌধুরী। সমাজসেবীদের দেওয়া এই উপহার পেয়ে জালেকা বিবি জানালেন, আমরা খুবই গরীব। কয়েকমাসের জন্য এই খাদ্যসামগ্রী পেয়ে আমাদের খুবই উপকার হল। 
 
অসহায় মুসলিম পরিবারের পাশে হিন্দু সমাজসেবীরা
 
ভাবলে অবাক হতে হয়, দীপাবলীর উৎসবের মাঝেও সময় করে কয়েকজন মানুষ নিজেদের আনন্দের পরিধি বাড়িয়ে নিলেন অন্য একটি পরিবারের দিকে। তাঁদের কাছে কালীপুজোর আনন্দের অর্থ হয়ে উঠল অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। অভাবের সংসারে ৩মাসের খাদ্যসামগ্রী যেন কিছুটা নিশ্চিন্তে বাঁচার অবলম্বন তৈরি করল।
 
জালেকা বিবির পরিবারের কাছে এই মানবিক সাহায্য আসলে ভরসার হাত। সাহায্য যাঁরা করলেন, আর যাঁরা সাহায্য পেলেন, তাঁদের ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, কিন্তু একটা কথা ঠিক তা হল, অসহায়তার কোনও ধর্ম হয় না। মানুষের কষ্টের ভাষা সব ধর্মের মানুষের কাছেই সমানভাবে বোধগম্য।
 
অসহায় মুসলিম পরিবারের পাশে হিন্দু সমাজসেবীরা
 
আজ যখন সমাজের নানা স্তরে বিভেদের দেওয়াল উঁচু করার চেষ্টা দেখা যায়, তখন ডোমকলের এই সমাজসেবীরা বুঝিয়ে দিলেন, সেই দেওয়াল ভাঙার শক্তিও মানুষের হাতেই রয়েছে। ধর্মীয় পরিচয় মানুষকে আলাদা উপাসনার পথ দেখাতে পারে, কিন্তু মানবিকতা মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। তাঁরা দেখিয়ে দিলেন, মানবতা এখনও বেঁচে আছে।


শেহতীয়া খবৰ