অবসর নয়, এ যেন জীবনের সেকেন্ড ইনিংস! ৭০ পেরিয়েও মঞ্চে দুরন্ত নাচ, বয়সের ভার ভুলে নাচে-গানে মঞ্চ কাঁপালেন প্রবীণরা

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 11 h ago
অবসর নয়, এ যেন জীবনের সেকেন্ড ইনিংস! ৭০ পেরিয়েও মঞ্চে দুরন্ত নাচ, বয়সের ভার ভুলে নাচে-গানে মঞ্চ কাঁপালেন প্রবীণরা
অবসর নয়, এ যেন জীবনের সেকেন্ড ইনিংস! ৭০ পেরিয়েও মঞ্চে দুরন্ত নাচ, বয়সের ভার ভুলে নাচে-গানে মঞ্চ কাঁপালেন প্রবীণরা
 
তরুণ নন্দী / কলকাতা 

বয়স আসলে একটা সংখ্যা মাত্র। বাস্তবটা হলো,  ইচ্ছেশক্তি আর মনের জোর থাকলে জীবনের কোনও পর্যায়েই থেমে থাকতে হয় না। জীবনের শেষপ্রান্তে এলেও বাঁচা যায় নির্মল আনন্দে। তারই যেন জীবন্ত প্রমাণ দিলেন একঝাঁক প্রবীণ নাগরিক। কারও বয়সের ভারে নুয়ে পড়ার সময়, কারও আবার অবসরের পর দিন গোনা শুরু হয়ে গিয়েছে। তবে এরা কেউ বাড়ির চার দেওয়ালে নিজেদের আটকে রাখেন নি।
 
দেখা গেছে, তাঁরা প্রত্যেকেই বেছে নিয়েছেন সম্পূর্ণ অন্য পথ। যার পুর্নাঙ্গ ছবি প্রকাশ পেল বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে। কেউ গানের সুরে মাতালেন তো কেউ আবার নাচের তালে মাতিয়ে তুললেন গোটা অনুষ্ঠান। তাঁদের প্রাণচাঞ্চল্য আর উদ্দীপনা দেখে বোঝার উপায় নেই তাঁরা জীবনের এতগুলো বসন্ত পেরিয়ে এসেছেন।
 

প্রবীণ নাগরিকদের নিজস্ব সংগঠন ‘অপরাহ্ন’-এর উদ্যোগে ৬ নভেম্বর কল্যাণগড়ের সুসজ্জিত শিবকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এবছরের বিজয়া সম্মেলন। এই আয়োজন যেন হয়ে উঠেছিল বয়সকে হার মানিয়ে নতুন করে বাঁচার এক অনন্য উদযাপন। শিল্পী আরতি চক্রবর্তীর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণ দেন অপরাহ্নের সভাপতি বাসুদেব চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কামদেব দত্ত। তিনি বক্তব্যের মধ্য দিয়ে এ ধরনের উদ্যোগের সামাজিক গুরুত্ব তুলে ধরেন তিনি।
 
তবে বিজয়া সম্মেলনীর এই অনুষ্ঠানের আসল আকর্ষণ ছিল প্রবীণদের স্বতঃস্ফূর্ত সাংস্কৃতিক পরিবেশনা। গানে, কথায়, কবিতায় আর নৃত্যে একের পর এক চমক উপহার দেন তাঁরা। বয়সের বাধাকে কার্যত দূরে সরিয়ে রেখে কেউ মেতে ওঠেন গানের সুরে কেউ আবার নাচের ছন্দে। বিশেষভাবে এদিন সকলের নজর কাড়ে অবসরপ্রাপ্ত শিক্ষক দেবেশ চক্রবর্তীর নৃত্য পরিবেশনা।
 
‘অপরাহ্ন’-এর উদ্যোগে কল্যাণগড়ের সুসজ্জিত শিবকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজয়া সম্মেলন
 
বয়সের ভারকে যেন নিমেষেই হার মানিয়ে মঞ্চে তাঁর সাবলীল নাচ দেখে মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা। তাঁর পরিবেশনা বুঝিয়ে দিয়েছে শিল্পের প্রতি ভালোবাসা আর মনের তারুণ্য কখনও বয়সের কাছে হার মানে না। জীবনের এতটা পথ পেরিয়েও যে এমন প্রাণবন্ত থাকা যায় দেবেশবাবু যেন তারই অনুপ্রেরণামূলক উদাহরণ।
 
শুধু দেবেশবাবু নয় অনুষ্ঠানটিকে জমিয়ে রাখতে সংগীত পরিবেশন করেন শ্যামল ঘোষ, পারিজাত রায়চৌধুরী, আরতি চক্রবর্তী-সহ অন্যান্য শিল্পীরা। বিজয়ার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সনাতন রায়চৌধুরী, অনুপম দাস, ধীরেন নন্দী, অশোক ঘোষ, দীপক চৌধুরী ও শান্তি বিশ্বাস-সহ বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপরাহ্নের সম্পাদক পাঁচুগোপাল হাজরা।
 
‘অপরাহ্ন’-এর উদ্যোগে কল্যাণগড়ের সুসজ্জিত শিবকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজয়া সম্মেলন
 
আসলে জীবনের একটা বয়সের পর অনেকেই সব হাল ছেড়ে দিয়ে নিজেদের গুটিয়ে নেন। মনে করেন, অবসর মানেই যেন একাকিত্ব আর নিঃসঙ্গতা। কিন্তু প্রবীনদের সংগঠন ‘অপরাহ্ন’ আসলে চিরাচরিত সেই ধারণাকেই বদলে দিতে চায়। এই সংগঠনের প্রবীণ সদস্যরা শুধু নিজেদের আনন্দে মেতে থাকেন না, সমাজের প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতেও একসঙ্গে এগিয়ে আসেন। যা সমাজের কাছে এক ইতিবাচক বার্তা।
 
বয়স বাড়লে শরীরের কর্মক্ষমতা কিছুটা কমতে পারে তবে আনন্দে বাঁচার ইচ্ছেটা কখনও বুড়িয়ে যায় না। তাই দেবেশ চক্রবর্তীর নাচ আর অপরাহ্নের সদস্যদের প্রাণখোলা অংশগ্রহণ যেন আরও একবার মনে করিয়ে দিল, জীবন থেমে থাকে না অবসরের পরেও। ইচ্ছেশক্তি থাকলে জীবনের প্রতিটি অধ্যায়ই হয়ে উঠতে পারে নতুন করে বাঁচার উৎসব।


শেহতীয়া খবৰ