ভক্তি চালক
মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবন অনেক সময়ই সামাজিক রীতিনীতি ও প্রচলিত বিধিনিষেধের গণ্ডিতে আটকে যায়। বিশেষত নারীদের দায়িত্ব বলতে সংসার সামলানো ও সন্তান প্রতিপালনকেই প্রাধান্য দেওয়া হয়। কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করে নিজের মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের জোরে আন্তর্জাতিক স্তরে পরিচিতি তৈরি করেছেন মহারাষ্ট্রের কোলাপুরের জুয়েরিয়া পাটওয়েগর।
পরিবারের আর্থিক সীমাবদ্ধতা এবং সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে তাঁর ইন্টেরিয়র ডিজাইনের কাজ পৌঁছে গিয়েছে দুবাইয়ে। ‘আওয়াজ দ্য ভয়েস’-এর সঙ্গে কথা বলতে গিয়ে নিজের এই অনুপ্রেরণামূলক সাফল্যের কাহিনি তুলে ধরেছেন তিনি।
জুয়েরিয়া পাটওয়েগর
পরিবারের সমর্থন
জুয়েরিয়ার আদি বাড়ি মহারাষ্ট্রের কোলাপুরে। তাঁর বাবা সাজিদ পেশায় একজন গাড়িচালক এবং মা তাসমিয়া গৃহবধূ। দুই ছোট ভাইকে নিয়ে তাঁদের একটি সাধারণ মধ্যবিত্ত মুসলিম পরিবার। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন জুয়েরিয়া। প্রতিটি শ্রেণিতেই তিনি মেধাতালিকায় স্থান পেয়েছেন। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল না হলেও শিক্ষার গুরুত্ব সম্পর্কে বাড়িতে যথেষ্ট সচেতনতা ছিল। সেই কারণেই জুয়েরিয়াকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানো হয়েছিল।
দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করার পর তাঁর জীবনে আসে এক অপ্রত্যাশিত মোড়। সেই প্রসঙ্গে জুয়েরিয়া বলেন, “প্রাথমিক পড়াশোনা শেষ করার পর আমার মামা আমাকে ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন। তখন আমি ভাবতাম, ডিজাইনিং মানেই শুধু ছবি আঁকা। অথচ আমি ছবি আঁকতেই জানতাম না। কিন্তু মামার পরামর্শ মেনে সাইবার গার্লস কলেজে ভর্তি হই। আর সেখান থেকেই আমার জীবনের প্রকৃত দিশা খুঁজে পাই।”
শিক্ষকদের দিশা ও অনুপ্রেরণা
ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কলেজে ভর্তি হওয়ার পর প্রথম দিকে পারিবারিক প্রথা ও সামাজিক রীতিনীতির প্রভাব থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি জুয়েরিয়া। বিশেষত সাধারণ পরিবারে, মুসলিম পরিবারগুলিতেও মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রচলন থাকায় তিনি প্রায়ই শিক্ষকদের বলতেন, “এত পড়াশোনা করে কী হবে? শেষ পর্যন্ত তো বিয়েই করতে হবে!”
জুয়েরিয়ার কলেজের প্রিয়া ম্যাডাম ও শাম্ভবী ম্যাডাম তাঁকে মূল্যবান পরামর্শ ও দিশা দেখিয়েছিলেন। এই প্রসঙ্গে জুয়েরিয়া জানান, “প্রিয়া ম্যাডাম আমাকে সবসময় শিক্ষার গুরুত্ব বোঝাতেন। তিনি বলতেন, ‘তুমি হয়তো পড়াশোনা ছেড়ে বিয়ে করে নেবে। কিন্তু ভবিষ্যতে যদি তোমার স্বামী চান যে তুমি নিজের কেরিয়ার তৈরি করো, তখন তোমার হাতে কিছুই থাকবে না।’ ম্যাডামের এই কথাগুলি আমার চিন্তাভাবনা বদলে দেয়। এরপর থেকেই আমি পড়াশোনা ও ডিজাইনিংকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করি।”
কলেজের তৃতীয় বর্ষ থেকেই পড়াশোনার পাশাপাশি একটি অফিসে কাজ শুরু করেন তিনি। এই সময় তাঁর পরিবার কোলাপুর ছেড়ে সাংলিতে চলে যায়। কিন্তু পড়াশোনার প্রতি প্রবল আগ্রহের কারণে জুয়েরিয়া একাই কোলাপুরে থেকে যান। একই সঙ্গে পড়াশোনা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতাতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় স্থান করে নিয়ে স্নাতক হন জুয়েরিয়া।
বিয়ের পরেও কেরিয়ারে সাফল্যের পথে
ডিগ্রি সম্পূর্ণ করার মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই পরিবারের তরফে জুয়েরিয়ার বিয়ে দেওয়া হয়। কিন্তু সংসারজীবনের ব্যস্ততার মধ্যে নিজের স্বপ্নকে হারিয়ে যেতে দেননি তিনি। জুয়েরিয়া দৃঢ়ভাবে বিশ্বাস করেন, প্রত্যেক মহিলার নিজের পায়ে দাঁড়ানো উচিত।
মহিলাদের আর্থিক স্বনির্ভরতা প্রসঙ্গে জুয়েরিয়া বলেন, “একজন গৃহবধূ হোন কিংবা কর্মজীবী মহিলা, প্রত্যেকেই সমান। তবে আমাদের সমাজ উপার্জনকারী মহিলাদের একটু বেশি মূল্য দেয়। আমি নিজের জীবনে কোনও ধরনের আপস করতে চাইনি। সেই কারণেই নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।”
প্রথম দিকে ছোটখাটো কাজ হাতে নিতেন জুয়েরিয়া। কখনও কোনও বাড়ির একটি দেওয়াল সাজানোর দায়িত্বও নিতেন। এমনকি কিছু কাজ বিনামূল্যেও করে দিয়েছেন তিনি। পাশাপাশি সফটওয়্যারের প্রশিক্ষণ ক্লাসও চালাতেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও বাড়ি থেকেই সফটওয়্যার শেখানোর ক্লাস শুরু করেছিলেন। এরপর পুত্রসন্তানের জন্মের মাত্র তিন মাসের মাথায় ফের বাড়ির বাইরে বেরিয়ে ইন্টেরিয়র ডিজাইনের কাজ শুরু করেন তিনি।
দুবাইয়ে বড় প্রকল্পের দায়িত্ব
সন্তানের জন্মের পর একের পর এক নতুন কাজের সুযোগ পেতে থাকেন জুয়েরিয়া। ধীরে ধীরে তাঁর পেশাগত জীবনে বড় পরিবর্তন আসে এবং তিনি নিজের একটি স্বতন্ত্র অফিসও তৈরি করেন। এখনও পর্যন্ত তাঁর করা বিভিন্ন প্রকল্পের মধ্যে নিজের বাড়ির ডিজাইন করাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। কারণ, নিজের পরিশ্রমে উপার্জন করা অর্থের প্রকৃত মূল্য তিনি জানেন।
তবে আন্তর্জাতিক স্তরে কাজ করার ক্ষেত্রে আরও বড় সাহসিকতার পরিচয় দিয়েছেন জুয়েরিয়া। দুবাইয়ে একটি বড় প্রকল্পের দায়িত্ব পাওয়ার পর প্রথমে তাঁর মনে সংশয় তৈরি হয়েছিল, আদৌ তিনি সেই কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন কি না। কিন্তু নিজের উপর বিশ্বাস হারাননি তিনি। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে জুয়েরিয়া বলেন, “দুবাইয়ের প্রকল্পের জন্য আমি এখান থেকেই অনলাইনে মিটিং করতাম। গুগলে খোঁজ করে সেখানকার কাঠমিস্ত্রি ও রংমিস্ত্রিদের সঙ্গে যোগাযোগ করি। এরপর সম্পূর্ণ সফলভাবে প্রকল্পটি শেষ করি। একজন মানুষ যতক্ষণ না নিজেকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করছেন, ততক্ষণ ‘আকাশই সীমা’ কথাটি শুধুই একটি প্রবাদ বলে মনে হয়।”
‘মহারাষ্ট্র উদ্যোগ গৌরব সম্মান’-এ সম্মানিত
সাফল্যের এই যাত্রায় সম্প্রতি তাঁর মুকুটে যুক্ত হয়েছে আরও একটি পালক। মাত্র দেড় থেকে দু’বছর আগে শুরু করা ব্যবসায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ গত সেপ্টেম্বর মাসে তাঁকে ‘মহারাষ্ট্র উদ্যোগ গৌরব সম্মান’ প্রদান করা হয়।
‘বেস্ট এমার্জিং ইন্টেরিয়র ডিজাইন ব্র্যান্ড’ বিভাগে এই সম্মান অর্জন করেছেন জুয়েরিয়া। তাঁর মতে, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার নতুন সুযোগ তৈরি করবে।
ধর্ম সম্পর্কে প্রচলিত ভুল ধারণার বাস্তবতা
মুসলিম মহিলাদের স্বাধীনতা নিয়ে সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা সম্পর্কেও খোলাখুলি কথা বলেছেন জুয়েরিয়া। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইসলাম কখনও মহিলাদের ঘরের মধ্যে বন্দি করে রাখার শিক্ষা দেয় না। বরং ইসলাম মহিলাদের সম্মানজনক স্থান দিয়েছে।
এই প্রসঙ্গে জুয়েরিয়া বলেন, “অনেকেরই ভুল ধারণা রয়েছে যে মুসলিম মহিলাদের বাড়ির বাইরে বেরোনোর অনুমতি নেই। অথচ মহানবী হজরত মহম্মদ (সা.)-এর স্ত্রী খাদিজা ছিলেন মক্কার অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী। যুদ্ধের সময়ও বহু মহিলা চিকিৎসা পরিষেবা ও আর্থিক সহায়তা প্রদান করতেন। পর্দার বিধান মহিলাদের নিরাপত্তা ও সম্মানের জন্য, তাঁদের আটকে রাখার জন্য নয়।”
নতুন প্রজন্মের উদ্দেশে বার্তা
আজ সাফল্যের শিখরে পৌঁছে নতুন প্রজন্ম এবং ইন্টেরিয়র ডিজাইনিংয়ে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জুয়েরিয়া পাটওয়েগর। বাবা-মায়ের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, “পৃথিবীর জন্য কিছু করবেন না, নিজের জন্য করুন। তবে যে বাবা-মা আপনাকে এই জায়গায় পৌঁছে দিতে নিজেদের জীবনে ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের কখনও ভুলে যাবেন না। যে মানুষ বাবা-মায়ের মূল্য বুঝতে পারেন, তিনি জীবনে কখনও পিছিয়ে পড়েন না এবং সর্বশক্তিমানের আশীর্বাদও লাভ করেন।”
ভবিষ্যতে বিভিন্ন দেশ থেকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে তা ভারতে নিয়ে আসার স্বপ্ন দেখেন জুয়েরিয়া। এর মাধ্যমে দেশকে আরও উন্নত ও প্রগতিশীল করে তুলতে চান তিনি। কোলাপুর থেকে শুরু হওয়া জুয়েরিয়া পাটওয়েগরের এই সংগ্রামময় অথচ অনুপ্রেরণামূলক যাত্রা আজকের তরুণীদের কাছে নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত।