মুসলিম মহিলার স্বপ্নাদেশে শুরু মা কালীর পুজো! ৪৫ বছর ধরে শেফালি বেওয়ার বিশ্বাসে একসঙ্গে মাতেন হিন্দু-মুসলিম, সম্প্রীতির নজির মালদায়

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 12 h ago
মুসলিম মহিলার স্বপ্নাদেশে শুরু মা কালীর পুজো! ৪৫ বছর ধরে শেফালি বেওয়ার বিশ্বাসে একসঙ্গে মাতেন হিন্দু-মুসলিম, সম্প্রীতির নজির মালদায়
মুসলিম মহিলার স্বপ্নাদেশে শুরু মা কালীর পুজো! ৪৫ বছর ধরে শেফালি বেওয়ার বিশ্বাসে একসঙ্গে মাতেন হিন্দু-মুসলিম, সম্প্রীতির নজির মালদায়
 
তরুণ নন্দী / কলকাতা

ধর্ম আলাদা, কিন্তু বিশ্বাসের টান এক। মুসলিম মহিলার হাত ধরে শুরু হওয়া মা মশানকালীর আরাধনায় আজও সামিল হন হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল গ্রামবাসী। মালদার মধ্যম কেন্দুয়ার এই কালীপুজো যেন সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত। ধর্মের পরিচয় আলাদা হতে পারে, কিন্তু ভক্তি আর বিশ্বাস কখনও ধর্মের বেড়াজালে আটকে থাকে না। যার বাস্তব রূপ দেখিয়ে দেয় মালদার প্রত্যন্ত গ্রামের এই কালীপুজো। যে পুজোর সূচনা করেছিলেন এক মুসলিম মহিলা। নাম শেফালি বেওয়া। শোনা যায়,  প্রায় ৪৫ বছর এই পুজোকে ঘিরেই এক সুতোয় বাঁধা পড়ে গোটা গ্রাম। দেবী কালীর আরাধনায় সরে যায় ধর্মের বেড়াজাল। আর পুজোকে ঘিরে  জায়গা করে নেয় পারস্পরিক শ্রদ্ধা আর সম্প্রীতি। এই সুন্দর বন্ধনের একমাত্র কারিগর শেফালি বেওয়া।
 
মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রাম। রেললাইনের ধারে নিচুপাড়ার একটি ছোট্ট জায়গায় প্রতি বছর আরাধনা করা হয় মা মশানকালীর। কিন্তু এই পুজোর ইতিহাস জানলে অবাক হতে হয়। কারণ, এর সূচনার নেপথ্যে রয়েছেন কোনও হিন্দু পুরোহিত কিংবা ধর্মীয় সংগঠক নন,  এই পুজো শুরু হয় শেফালি বেওয়া নামে এক মুসলিম মহিলার হাত ধরে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার থেকে সাড়ে চার দশক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন শেফালি বেওয়া নামে এক মুসলিম সম্প্রদায়ের মহিলা। শোনা যায়, দীর্ঘদিন চিকিৎসা করিয়েও সুস্থ হচ্ছিলেন না তিনি। সেই সময়ই এক রাতে স্বপ্নে মা কালীর দর্শন পান। আর মাকে পুজো করার নির্দেশ পান বলে দাবি করেছিলেন তিনি। পরদিন সকালে নিজের সেই স্বপ্নের কথা জানিয়ে দেন গ্রামের মানুষকে।
 
প্রথমে অনেকেই বিষয়টি বিশ্বাস করতে পারেননি। কিন্তু শেফালি বেওয়ার বিশ্বাস দেখে তাঁর আবেদনে সাড়া দেন এলাকার কিছু গ্রামবাসী। আর তাঁদের সহযোগিতাতেই রেললাইনের পাশে শুরু হয় মা কালীর আরাধনা। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, পরবর্তী সময়ে শেফালি বেওয়ার শরীরে দেবীর আবির্ভাব ঘটত বলেও বিশ্বাস করতেন অনেকে। তাঁর মুখ দিয়ে দেবী গ্রামবাসীদের সঙ্গে কথা বলতেন, এমন বিশ্বাসও ছড়িয়ে পড়ে এলাকায়। ধীরে ধীরে সেই পুজোই পরিচিতি পায় শেফালি কালীপুজো নামে। সময়ের সঙ্গে সঙ্গে পুজোর নাম ও পরিসর বদলেছে কিন্তু বদলায়নি মানুষের বিশ্বাস।
 
শেফালি কালীপুজো
 
আজ এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন মধ্যম কেন্দুয়া সার্বজনীন শ্রীশ্রী কালীপূজা কমিটির সদস্যরা। প্রতি বছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মা মশানকালীর আরাধনায় অংশ নিতে। রেললাইনের ধারের সেই ছোট্ট জায়গায় প্রতিমা তৈরি থেকে শুরু করে প্যান্ডেল সাজানো সবকিছু নিয়েই এখন ব্যস্ততা তুঙ্গে। পুজোকে ঘিরে গ্রামজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।
 
শুধু পুজোর দিনগুলিতেই এই জায়গার মাহাত্ম্য আটকে নেই।  স্থানীয় মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে শেফালি বেওয়ার থানও। গ্রামের কারও অসুখ-বিসুখ কিংবা বিপদ-আপদ হলে অনেকে সেখানে গিয়ে প্রার্থনা করেন। তাঁদের বিশ্বাস, মায়ের কৃপায় বিপদ কেটে যায়। আর এই বিশ্বাসকে কেন্দ্র করেই বছরের পর বছর ধরে টিকে রয়েছে পুজোর ঐতিহ্য।
 
শেফালি কালীপুজো
 
এই পুজোর আরও একটি বিশেষ আকর্ষণ রয়েছে। প্রতিমা বিসর্জনের প্রায় ১৫ দিন পর শেফালি কালী প্রতিমা বিসর্জন দেওয়া হয় থানের সামনের পুকুরে। এই বিশেষ রীতিও পুজোর ঐতিহ্যকে অন্য মাত্রা দিয়েছে। যে মুসলিম মহিলার হাত ধরে শুরু হয়েছিল দেবী কালীর আরাধনা, আজ সেই পুজোতেই একসঙ্গে শামিল হন নানা ধর্মের মানুষ।
 
এখানে ধর্মের পরিচয়কে বাদ রেখেই মালদার মধ্যম কেন্দুয়ার এই পুজো মনে করিয়ে দেয় সম্প্রীতির শিকড় এখনও কতটা গভীরে। শেফালি বেওয়ার শুরু করে দেওয়া সেই ছোট্ট উদ্যোগ আজ যেন এক বড় সামাজিক বার্তা। প্রায় ৪৫ বছর ধরে জ্বলছে সেই বিশ্বাসের প্রদীপ। যে প্রদীপের আলোয় আজও একসঙ্গে পথ চলছেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ।