সীমান্তে কর্তব্যরত বিএসএফ মহিলা জওয়ানদের সঙ্গে ভাইফোঁটার আনন্দ ভাগ করে নিলেন প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু
তপন রায় / মালদা
উৎসবের দিনে বাড়ি থেকে দূরে দেশের সীমান্ত পাহারার দায়িত্বে থাকা জওয়ানদের পাশে দাঁড়ালেন রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফের মহিলা জওয়ানদের সঙ্গে ভাইফোঁটার আনন্দ ভাগ করে নিলেন তিনি। মঙ্গলবার রাতে মালদা জেলার শোনঘাট বিওপিতে উপস্থিত হয়ে এই উৎসবে সামিল হন রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী।
সীমান্তের কঠোর দায়িত্ব পালনের কারণে অনেক সময়ই পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পান না জওয়ানরা। তাঁদের সেই একাকিত্ব কিছুটা দূর করতেই প্রতিমন্ত্রীর এই উদ্যোগ। শোনঘাট বিওপিতে বিএসএফের মহিলা জওয়ানদের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় দিদি-বোনদের কাছ থেকেও সস্নেহে ভাইফোঁটা নেন জুয়েল মুর্মু।
এদিন উৎসবের পরিবেশে একে অপরকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি আনন্দ ভাগ করে নেন উপস্থিত সকলে। গ্রামের মহিলারাও বিএসএফ জওয়ানদের এবং প্রতিমন্ত্রীকে ভাইফোঁটা দেন। সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের এই আন্তরিক মিলন উৎসবের আবহে এক অন্য মাত্রা যোগ করে।
উৎসবের এই আয়োজনের মধ্য দিয়ে সীমান্তরক্ষীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে তাঁদের সম্পর্কের বন্ধনও আরও দৃঢ় হয়ে উঠল। বাড়ি থেকে দূরে থাকলেও ভাইফোঁটার দিনে ভালোবাসা ও আত্মীয়তার উষ্ণতা পেলেন সীমান্তের মহিলা জওয়ানরা।