লোকমান্য তিলক: ‘স্বরাজ’-এর অগ্নিনেতা থেকে হিন্দু-মুসলিম সম্প্রীতির দূরদর্শী স্থপতি

Story by  atv | Posted by  Aparna Das • 17 h ago
লোকমান্য তিলক
লোকমান্য তিলক
 
সমীর ডি. শেখ

১ আগস্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহান নেতা লোকমান্য বাল গঙ্গাধর তিলকের প্রয়াণদিবস। তাঁকে ‘ভারতীয় অশান্তির জনক’ (Father of the Indian Unrest) এবং ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’, এই ঐতিহাসিক ঘোষণার প্রবক্তা হিসেবে স্মরণ করা হয়। স্কুলের পাঠ্যপুস্তক থেকে রাজনৈতিক মঞ্চ, সবখানেই তিলকের পরিচয় মূলত এক দৃঢ়চেতা জাতীয়তাবাদী এবং চরমপন্থী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
 
তবে ১৮৮০ থেকে ১৯২০ সাল পর্যন্ত তাঁর টানা ৪০ বছরের জনজীবন গভীরভাবে পর্যবেক্ষণ করলে তিলকের এমন বহু দিক সামনে আসে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক প্রাসঙ্গিকতাসম্পন্ন এবং দীর্ঘদিন ধরেই প্রায় উপেক্ষিত। কারাগারে শাস্ত্র অধ্যয়ন, বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে তাঁর সংযোগ এবং হিন্দু-মুসলিম সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর আন্তর্জাতিক কূটনৈতিক ভূমিকা, এই সব গুণের কারণেই মহাত্মা গান্ধী তিলকের ব্যক্তিত্ব সম্পর্কে বলেছিলেন, “লোকমান্য যেন এক মহাসাগর।”
 
নয়াদিল্লির সুপ্রিম কোর্টের নিকটে তিলকের মূর্তি
 
১৮৯৮ সালে প্রথম রাষ্ট্রদ্রোহ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর জার্মান প্রাচ্যবিদ ম্যাক্স মুলার, তিলকের অসামান্য পাণ্ডিত্যকে শ্রদ্ধা জানিয়ে, নিজের সম্পাদিত ঋগ্বেদের একটি কপি তাঁকে কারাগারে পাঠিয়েছিলেন।
 
কারামুক্তির পর বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় তিলক বলেছিলেন, “মিস্টার ম্যাক্স মুলার পাঠানো ঋগ্বেদটি আমার কাছে থাকায় জেলের দিনগুলো আনন্দেই কেটে গিয়েছিল।” বিস্মিত হয়ে এক বন্ধু জিজ্ঞেস করেছিলেন, “দাদা, জেলে আবার আনন্দ কিসের?” তিলকের উত্তর ছিল অত্যন্ত গভীর, “জেলে গিয়ে ঋগ্বেদ না পড়লে সেই আনন্দ তুমি বুঝতে পারবে না!”
 
১৯০৮ সালে, যখন তাঁর বয়স পঞ্চাশ পেরিয়েছে এবং তিনি ডায়াবেটিসে আক্রান্ত, তখন তাঁকে ছয় বছরের কঠোর কারাদণ্ডে মান্দালয় কারাগারে পাঠানো হয়। সেখানে ফরাসি ও জার্মান চিন্তাবিদদের মূল রচনা পড়ার জন্য তিনি প্রথমে ব্যাকরণ ও ভাষার বইয়ের সাহায্যে এই দুই ভাষা শিখে নেন। মান্দালয়ে বন্দি অবস্থাতেই তাঁর স্ত্রী সত্যভামাবাই প্রয়াত হন। ব্যক্তিগত শোককে পাশে সরিয়ে রেখে তিনি সেখানে তাঁর অমর গ্রন্থ ‘গীতা রহস্য’ রচনা সম্পূর্ণ করেন।
 
তিলকের রচিত গ্রন্থসমূহ
 
পরবর্তীকালে ১৯২৫ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু একই মান্দালয় কারাগার পরিদর্শন করেন। সেই দমবন্ধ পরিবেশে তিলকের জ্ঞানসাধনার কথা স্মরণ করে আবেগাপ্লুত নেতাজি লিখেছিলেন, “পৃথিবী থেকে বহু দূরের এক কারাগারে, শারীরিকভাবে দুর্বল অবস্থায় সম্পূর্ণভাবে পড়াশোনা ও লেখালেখিতে নিমগ্ন থাকা কেবল তিলকের মতো এক ‘জ্ঞানযোগী’-র পক্ষেই সম্ভব ছিল... এটি ছিল আমার জীবনের সবচেয়ে পবিত্র তীর্থযাত্রা।”
 
১৯০৫ সালের পর, বিশেষ করে রুশ বিপ্লবের পর, তিলক উপলব্ধি করেছিলেন যে দেশের শ্রমিক শ্রেণি এক বিশাল সামাজিক শক্তি। ১৯১৯ সালে একটি আইনি মামলার সূত্রে তিনি লন্ডনে ছিলেন। সেখানে ব্রিটিশ লেবার পার্টি এবং ট্রেড ইউনিয়নের এক বিশাল সমাবেশে তিনি প্রধান বক্তা হিসেবে অংশ নেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সেই সভায় প্রখ্যাত চিন্তাবিদ জর্জ বার্নার্ড শ-ও বক্তা ছিলেন। ভারতে ফিরে তিলক লেবার পার্টিকে ২,০০০ পাউন্ড অনুদান পাঠান এবং এর মাধ্যমে ভারতের সঙ্গে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের সম্পর্ক আরও সুদৃঢ় করেন।
 
রুশ বিপ্লবের পথিকৃৎ ভ্লাদিমির লেনিন তিলকের শ্রমিকপন্থী ও বামঘেঁষা দৃষ্টিভঙ্গির ওপর নিবিড় নজর রেখেছিলেন। লেনিন শুধু “তিলক কে?”, এই প্রশ্নই তোলেননি, তিনি ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সহকর্মীদের লন্ডনে গিয়ে তিলকের সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশও দিয়েছিলেন। এই আন্তর্জাতিক ভ্রাতৃত্বের স্মারক হিসেবে আজও লন্ডনের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে লোকমান্য তিলকের একটি ছবি শ্রদ্ধার সঙ্গে সংরক্ষিত রয়েছে।
 
রত্নগিরিতে তিলকের জন্মস্থান, যা বর্তমানে একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে
 
১৮৮০ থেকে ১৯০০ সালের প্রথম পর্বে শিক্ষা এবং তাঁর সংবাদপত্র ‘কেশরী’ ও ‘মারাঠা’-র মাধ্যমে মহারাষ্ট্রকে জাগিয়ে তোলা তিলক, জীবনের পরবর্তী পর্যায়ে জাতীয় রাজনীতিতে ‘তিলক যুগ’-এর অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন। এই সময় তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিচয় ছিল হিন্দু-মুসলিম সম্প্রীতির পক্ষে দৃঢ় অবস্থান।
 
ইতিহাসবিদ ড. রিচার্ড ক্যাশম্যান উল্লেখ করেছেন যে, ১৮৯০-এর দশকে সর্বজনীন গণেশোৎসব শুরু করার ক্ষেত্রে তিলক সেই সময়কার মহররমের তাজিয়া শোভাযাত্রার মিছিল, সংগঠন ও জনঅংশগ্রহণ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। ১৮৯৩-৯৪ সালের দাঙ্গার পর ‘কেশরী’ পত্রিকায় লেখা সম্পাদকীয়তে তিলক মুসলমানদের দোষারোপ না করে ব্রিটিশদের ‘ভাগ করো এবং শাসন করো’ (Divide and Rule) নীতির তীব্র সমালোচনা করেছিলেন।
 
১৯১৬ সালের লখনউ চুক্তি বাস্তবায়নে তিলক এবং ব্যারিস্টার মোহাম্মদ আলি জিন্নাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুসলমানদের জন্য পৃথক নির্বাচকমণ্ডলীর বিরোধিতা করলেও কংগ্রেসের একাংশের মতের বিরুদ্ধে তিলক এর সমর্থনে দৃঢ় অবস্থান নেন। তিনি বলেছিলেন, “আমাদের মুসলিম ভাইরা যদি কিছু অতিরিক্ত সুবিধাও পান, তাতে কোনো অসুবিধা নেই। ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
 
রত্নগিরিতে তিলকের জন্মস্থান, যা বর্তমানে একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে
 
উত্তর ভারতে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের প্রবর্তক মৌলানা হাসরত মোহানি তিলককে তাঁর ‘রাজনৈতিক গুরু’ বলে মনে করতেন। ১৯০৭ সালের সুরাট অধিবেশনে কংগ্রেস ভেঙে গেলে, হাসরত মোহানি এবং উত্তর ভারতের বহু মুসলিম তরুণ তিলকের চরমপন্থী শিবিরের পক্ষেই দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন।
 
১৯২০ সালের আগস্ট মাসে, জীবনের একেবারে শেষ পর্যায়ে যখন তিলক গুরুতর অসুস্থ, তখন মৌলানা শওকত আলি পুনের ‘সরদার গৃহ’-এ তাঁকে দেখতে যান। খিলাফত আন্দোলনের প্রতি সমর্থন চাইলে অসুস্থ তিলক তাঁকে কাছে ডেকে দৃঢ় কণ্ঠে বলেছিলেন, “আমার মন এবং হৃদয় সম্পূর্ণভাবে আপনাদের আন্দোলনের সঙ্গে রয়েছে। যদি আমার মুসলিম ভাইরা ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামেন, তাহলে আমি এবং আমার দল তাঁদের পূর্ণ সমর্থন জানাব।”
 
২৪ বছর বয়সে নিউ ইংলিশ স্কুল, ফার্গুসন কলেজ এবং ‘কেশরী’-‘মারাঠা’ পত্রিকার মাধ্যমে জনশিক্ষার আন্দোলন শুরু করা তিলক তাঁর জীবনের চার দশক দেশসেবায় উৎসর্গ করেছিলেন। এর মধ্যে সাড়ে সাত বছর তাঁকে অত্যন্ত কঠোর কারাবাসে কাটাতে হয়।
 
লোকমান্য তিলক পরিবারের সঙ্গে
 
লোকমান্য তিলক শুধু স্লোগানধর্মী নেতা ছিলেন না। তিনি ছিলেন জ্ঞানসাধক, শ্রমিক আন্দোলনের দূরদর্শী সমর্থক এবং আন্তর্জাতিক মানের এমন একজন কূটনীতিক, যিনি হিন্দু-মুসলিম ঐক্যের অপরিহার্যতা গভীরভাবে উপলব্ধি করেছিলেন। আজ তাঁর প্রয়াণদিবসে তাঁর এই অন্তর্ভুক্তিমূলক উত্তরাধিকারকে স্মরণ করাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য।