অসমের ঐতিহাসিক চা গবেষণা প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করার জরুরি আবেদন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 18 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি

     উদ্বব চন্দ্র শর্মা

অসমের যোরহাটে অবস্থিত ঐতিহাসিক টোকলাই চা গবেষণা প্রতিষ্ঠান-সহ টি রিসার্চ অ্যাসোসিয়েশন (TRA)-এর বর্তমান আর্থিক সংকট গভীর উদ্বেগের বিষয়। এই পরিস্থিতিতে ভারত সরকার, অসম সরকার এবং দেশের সমগ্র চা শিল্পের অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন।

১৯১১ সালে প্রতিষ্ঠিত টোকলাই বিশ্বের অন্যতম প্রাচীন ও অগ্রণী চা গবেষণা প্রতিষ্ঠান। এক শতাব্দীরও বেশি সময় ধরে চা চাষ, উন্নত মানের চারা উৎপাদন, কীটপতঙ্গ ও রোগ নিয়ন্ত্রণ, মাটির স্বাস্থ্য, চা উৎপাদন প্রযুক্তি এবং গুণমান বৃদ্ধির মতো নানা ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ভারতীয় চা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে অসম চায়ের পরিচিতি ও স্বীকৃতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও টোকলাইয়ের অবদান অপরিসীম।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বর্তমানে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি গুরুতর আর্থিক সংকটের মুখে। অভিযোগ, এর প্রভাব পড়ছে কর্মীদের বেতন, অবসরকালীন সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় গবেষণার খরচ মেটানোর ক্ষেত্রেও। এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে যখন চা শিল্পকে একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নিলামে চায়ের দামের স্থবিরতা, শ্রমিকের অভাব এবং অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মোকাবিলা করতে হচ্ছে।

TRA-র ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট অনুযায়ী, সম্ভাব্য আয় ধরা হয়েছে প্রায় ৩২.৬৭ কোটি টাকা। অন্যদিকে, নিয়মিত ব্যয়ের পরিমাণ প্রায় ৩৪.২৫ কোটি টাকা। অর্থাৎ বাজেটে প্রায় ১.৫৭ কোটি টাকার ঘাটতির ইঙ্গিত রয়েছে। টি বোর্ডের অনুদান হিসেবে ১০.৪৮ কোটি টাকা দেখানো হয়েছে, যার অর্থায়নের সর্বোচ্চ সীমা ২০১৬ সালের ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, বর্তমান আর্থিক সহায়তার কাঠামো পুনর্বিবেচনা করা জরুরি।

ভারত সরকারের বিশেষত বাণিজ্য ও শিল্প মন্ত্রক এবং টি বোর্ডের উপলব্ধি করা প্রয়োজন যে, চা গবেষণা কেবল বাণিজ্যিক কর্মকাণ্ড নয়। ভারতীয় চা শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও উন্নয়নের জন্য এটি একটি জাতীয় বিনিয়োগ।

আমার জোরালো সুপারিশ, TRA-কে আর্থিক সংকট থেকে বের করে আনতে একটি পূর্ণাঙ্গ পুনরুজ্জীবন প্যাকেজ ঘোষণা করা হোক। এর আওতায় যাচাই করা কর্মীদের বকেয়া বেতন ও অবসরকালীন আর্থিক দায় মেটানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, আগামী পাঁচ বছরের জন্য নিশ্চিত আর্থিক সহায়তার কাঠামো তৈরি করা প্রয়োজন। এর সঙ্গে থাকতে হবে স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা, স্বাধীন অডিট এবং সুনির্দিষ্ট গবেষণার লক্ষ্য।

এই দায়িত্ব শুধু সরকারের নয়, চা শিল্পকেও এগিয়ে আসতে হবে। দেশের বৃহৎ চা উৎপাদক সংস্থা, শিল্প সংগঠন, রফতানিকারক এবং বহুজাতিক চা ক্রেতাদের সম্মিলিতভাবে একটি বিশেষ ‘টোকলাই রিসার্চ সাসটেইনেবিলিটি ফান্ড’ গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। সরকারি সহায়তার পাশাপাশি এই তহবিল গবেষণা প্রতিষ্ঠানটির আর্থিক ভিত মজবুত করতে পারে।

একই সঙ্গে TRA-র নিজস্ব আয় বাড়ানোর নতুন পথও খুঁজে দেখা প্রয়োজন। বাণিজ্যিক পরীক্ষাগার পরিষেবা, কীটনাশকের অবশিষ্টাংশ ও সর্বোচ্চ অবশিষ্টাংশের সীমা (MRL) পরীক্ষা, প্রত্যয়িত উন্নত চারা সরবরাহ, বিশেষ প্রশিক্ষণ, মূল্য সংযোজিত চা পণ্য তৈরি এবং জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব চা চাষ নিয়ে স্পনসরড গবেষণার মাধ্যমে নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে।

অসমের ক্ষুদ্র চা চাষিদের জন্য কৃষক উৎপাদক সংস্থা (FPO) এবং কৃষক উৎপাদক কোম্পানির (FPC) মাধ্যমে একটি বিশেষ গবেষণা ও সম্প্রসারণ কর্মসূচিও চালু করা উচিত। এর ফলে রাজ্যের বৃহত্তর চা চাষি সমাজের সঙ্গে টোকলাইয়ের যোগাযোগ আরও দৃঢ় হবে এবং প্রতিষ্ঠানটির প্রাসঙ্গিকতা বাড়বে।

আমি ভারত সরকারের কাছে আরও আবেদন জানাচ্ছি, টোকলাইয়ের পুনরুজ্জীবনের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হোক। এই কমিটিতে টি বোর্ড, অসম সরকার, TRA-র পরিচালন কর্তৃপক্ষ, চা শিল্পের প্রতিনিধি, বিজ্ঞানী এবং কর্মী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ পুনরুজ্জীবন পরিকল্পনা তৈরি করার দায়িত্ব দেওয়া হোক এই কমিটিকে।

টোকলাই শুধু অসমের একটি প্রতিষ্ঠান নয়, এটি সমগ্র ভারতীয় চা শিল্পের বৈজ্ঞানিক ঐতিহ্য।১৯১১ সালে প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান ভারতীয় চা শিল্পের বৈজ্ঞানিক ভিত্তি গড়ে তুলতে সাহায্য করেছে, একবিংশ শতাব্দীতে তাকে আর্থিক অবহেলার শিকার হতে দেওয়া যায় না।

টোকলাইকে বাঁচানো মানে শুধু একটি প্রতিষ্ঠানকে রক্ষা করা নয়। এর অর্থ অসম চায়ের ভবিষ্যৎ এবং ভারতের সমগ্র চা শিল্পের স্থায়িত্ব সুরক্ষিত করা।

(উদ্বব চন্দ্র শর্মা,সিনিয়র টি কনসালট্যান্ট, সলিডারিডাড এশিয়া ওয়ারেন টি লিমিটেডের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর)



শেহতীয়া খবৰ