শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে বিশ্বজয়, রাষ্ট্রপতির হাত থেকে সম্মান পেলেন হাওড়ার প্যারা সাঁতারু রিমো সাহা
শান্তিপ্রিয় রায় চৌধুরী:
শারীরিক প্রতিবন্ধকতা তাঁর কাছে কখনও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে একের পর এক আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছেন হাওড়ার সালকিয়ার প্যারা সাঁতারু রিমো সাহা। এবার তাঁর সেই দীর্ঘ লড়াই ও অসামান্য কৃতিত্বের স্বীকৃতি মিলল রাষ্ট্রপতির হাত থেকে। ২০২৬ সালের ১৪ নভেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ২০২৪ সালের তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। জলক্রীড়া বা ওয়াটার অ্যাডভেঞ্চার বিভাগে বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।
শৈশবেই পোলিও আক্রান্ত হন রিমো। এর ফলে তাঁর ডান পায়ে প্রায় ৮০ শতাংশ প্রতিবন্ধকতা তৈরি হয়। হাঁটুর নীচ থেকে পায়ের পাতা পর্যন্ত অংশটি তুলনামূলক সরু ও ছোট। স্বাভাবিকভাবে হাঁটাচলাও তাঁর কাছে কঠিন। কিন্তু সেই শারীরিক সীমাবদ্ধতাকে নিজের স্বপ্নের পথে বাধা হতে দেননি তিনি। হাতের শক্তির উপর ভরসা করেই শুরু হয়েছিল তাঁর সাঁতারের অনুশীলন। সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশন থেকেই প্রশিক্ষণের হাতেখড়ি। সেখান থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক সাঁতারের মঞ্চে নিজের জায়গা করে নেন রিমো।
রাষ্ট্রপতির থেকে তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত রিমো সাহা
রিমোর কৃতিত্বের তালিকায় রয়েছে একাধিক কঠিন সমুদ্রপথ জয়। ২০২৩ সালে প্রথম ভারতীয় প্যারা সাঁতারু হিসেবে দু'বার ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তিনি। ইংল্যান্ড থেকে ফ্রান্স এবং সেখান থেকে ফের ইংল্যান্ডে ফিরে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর সময় লাগে ৩১ ঘণ্টা ৪৯ মিনিট। এই কৃতিত্বের মাধ্যমে প্রথম বাঙালি ও প্রথম এশীয় প্যারা সাঁতারু হিসেবেও নজির গড়েন তিনি। এর আগে ২০১৮ সালে রিলে ফরম্যাটেও ইংলিশ চ্যানেল পার হয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন।
আমেরিকার কাতালিনা চ্যানেলেও রয়েছে তাঁর অসাধারণ কৃতিত্ব। ২০১৯ সালে মাত্র তিন দিনের ব্যবধানে দু'বার এই চ্যানেল অতিক্রম করে জাতীয় ও এশীয় রেকর্ড গড়েন রিমো। ২০২২ সালে আয়ারল্যান্ডের হিমশীতল নর্থ চ্যানেল জয় করেন তিনি। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার রবেন আইল্যান্ড থেকে ব্লুবার্গ পর্যন্ত ৭.৪ কিলোমিটার সমুদ্রপথ এককভাবে অতিক্রম করেন মাত্র ২ ঘণ্টা ৩৭ মিনিটে। ওই পথ পাড়ি দেওয়া প্রথম ভারতীয় প্যারা সাঁতারু তিনি। পোল্যান্ডের ১৮ কিলোমিটার দীর্ঘ গালফ অফ গদানস্ক অতিক্রম করার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে।
আন্তর্জাতিক চ্যানেল জয়ের পাশাপাশি দেশের হয়েও একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন রিমো। প্যারা কমনওয়েলথ গেমস ও প্যারা এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। প্যারা সাঁতার বিশ্বমিটে রুপো জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর। জাতীয় প্যারা সাঁতার চ্যাম্পিয়নশিপে তাঁর পদকের সংখ্যা ১০২। এর মধ্যে রয়েছে ৪৮টি সোনা, ৩৭টি রুপো এবং ১৭টি ব্রোঞ্জ। ২০০৪ সালে মুম্বইয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়েই তাঁর সাঁতারজীবনের যাত্রা শুরু।
তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ছাড়াও একাধিক সম্মানে ভূষিত হয়েছেন রিমো। পেয়েছেন 'ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট স্পোর্টসপারসন অফ দ্য ইয়ার'। পশ্চিমবঙ্গ সরকারের 'খেল সম্মান', 'অসাধারণ অ্যাওয়ার্ড' এবং 'হাওড়া শ্রী' সম্মানও রয়েছে তাঁর ঝুলিতে।
শৈশবের শারীরিক প্রতিবন্ধকতা থেকে আন্তর্জাতিক সাফল্য, রিমো সাহার এই যাত্রা শুধুই একজন ক্রীড়াবিদের পদক জয়ের গল্প নয়। এটি অদম্য জেদ, আত্মবিশ্বাস এবং হার না মানা মানসিকতার এক অনুপ্রেরণামূলক উদাহরণ। রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় সম্মান গ্রহণ করে সেই লড়াইয়েরই স্বীকৃতি পেলেন হাওড়ার এই কৃতী প্যারা সাঁতারু।