তরুণ নন্দী, কলকাতাঃ
ডোমকলে এই কর্মযজ্ঞ মানবিকতার নজির গড়ে দিল। পাঁচ বছর ধরে অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া দুই বিধবা মা-মেয়ের পাশে দাঁড়ালেন সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস। তাঁর উদ্যোগে তৈরি করে দেওয়া হল অসহায় মা-মেয়ের জন্য নতুন টিনের ঘর। যে নতুন ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডোমকলের এসডিপিও রজত কুমার ঘোষ। উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস ও ফরিদ আনসারী। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে মাথার উপর নতুন ছাদ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হালেমা বেওয়া ও তাঁর মেয়ে ননিতা বেওয়া।
সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের প্রতিদিনের লড়াইটা আমাদের চোখের আড়ালেই থেকে যায়। কার্যত অসহায়ত্বকে সঙ্গী করেই কাটে তাঁদের জীবন। দুবেলা দুমুঠো খাবার জোটানোই কঠিন হয়ে ওঠে। সেই পরিবারে মাথার উপর একটা নিরাপদ ছাদের স্বপ্নও অধরা থেকে যায়। কিন্তু এই মানুষগুলোকে একটু সহযোগিতা করলেই বদলে যেতে পারে তাঁদের জীবনের ছবিটা। মুর্শিদাবাদ জেলার ডোমকলের বর্তনাবাদে ঠিক তেমনই এক মানবিকতার নজির গড়লেন সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা মাটির ঘর আর অভাবের সঙ্গে লড়াই করছিলেন বর্তনাবাদের বাসিন্দা হালেমা বেওয়া ও তাঁর মেয়ে ননিতা বেওয়া। নিয়তির পরিহাসে মা-মেয়ে দুজনেই বিধবা। অসহায় এই পরিবারে নেই কোনও শক্ত অবলম্বন। নেই রোজগারের নিশ্চিত সংস্থান। এতদিন ধরে বাঁশবাগানের মধ্যে মাটির দেওয়ালের এক ছোট্ট ঘরই ছিল তাঁদের একমাত্র আশ্রয়স্থল। কিন্তু একটা সময়ে সেই ঘরও ভেঙে পড়ে। মাথার উপর থেকে ছাদটুকুও হারিয়ে ফেলে মা-মেয়ে এরপর প্রায় পাঁচ বছর ধরে অন্যের আশ্রয়ে দিন কাটাতে বাধ্য হয়েছেন। অনিশ্চয়তা আর অসহায়ত্বই হয়ে উঠেছিল বিধবা মা-মেয়ের নিত্যসঙ্গী।
এই মানুষ দুটোর দুর্দশা দেখে এলাকার কয়েকজন যুবক পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। খবরটা শোনার পরই এগিয়ে আসেন ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস। তাঁর ব্যবস্থাপনায় মানব কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে তৈরি করে দেওয়া হয় মা-মেয়ের জন্য একটি নতুন টিনের ঘর। এই সমাজসেবী উপহার যেন হালেমা ও ননিতার কাছে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। দীর্ঘ পাঁচ বছরের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে মিলল নিজেদের নিরাপদ আশ্রয়। যে ঘরের স্বপ্ন এতদিন তাঁদের কাছে অধরা ছিল আজ সেই স্বপ্নই হয়ে গেল বাস্তব। সেই নতুন ঘরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকলের এসডিপিও রজত কুমার ঘোষ। এলাকায় পৌঁছতেই পুষ্পবর্ষণের মাধ্যমে তাঁদের স্বাগত জানান ট্রাস্টের সদস্যরা। ফিতে কেটে নতুন ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসডিপিও রজত কুমার ঘোষ। এরপর এসডিপিওর বক্তব্যেও উঠে আসে সমাজসেবার গুরুত্ব। তিনি জানান, মানুষের পাশে দাঁড়ানোর মতো ভালো কাজে যুবকদের উদ্যোগকে তিনি সবসময় সমর্থন করেন। তাঁর এই বার্তা প্রমাণ করল, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগেই বদলে যেতে পারে অনেক অসহায় মানুষের জীবন। তবে এই গোটা উদ্যোগের নেপথ্যে থাকা আব্দুল আলিম বাপি বিশ্বাস বলেন, মানুষের বিপদের দিনে পাশে দাঁড়িয়ে কাজের মাধ্যমে সমাজসেবা করতে হয়। দুজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তিনি খুবই আনন্দিত।
নতুন ঘর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হালেমা বেওয়া ও তাঁর মেয়ে ননিতা। তাঁদের মুখের হাসিই যেন এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো এই ঘর খুব বড় নয় কিন্তু এই টিনের ঘরের প্রতিটি কোনে মিশে রয়েছে সহমর্মিতা আর মানবিকতার স্পর্শ।আসল কথা হল, সমাজ বদলানোর জন্য সবসময় বড় কোনও পদক্ষেপের প্রয়োজন হয় না। দুজন অসহায় বিধবা মা-মেয়ের মাথার উপর ছাদ তুলে দেওয়াই সবচেয়ে বড় সমাজসেবার উদাহরণ তুলে ধরল ডোমকল। ডোমকলের বর্তনাবাদে বাপি বিশ্বাস ও মানব কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের এই উদ্যোগ মানুষের পাশে মানুষের দাঁড়ানোর অনুপ্রেরণা তৈরি করে দিল।