ধর্ম আলাদা, হৃদয়ের বন্ধন এক! হিন্দু সহকর্মীর পরিবারের বিপদে ৫০ হাজার টাকা নিয়ে পাশে মুসলিম যুবকরা, বড়ঞায় সম্প্রীতির অনন্য নজির

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 19 h ago
ধর্ম আলাদা, হৃদয়ের বন্ধন এক! হিন্দু সহকর্মীর পরিবারের বিপদে ৫০ হাজার টাকা নিয়ে পাশে মুসলিম যুবকরা, বড়ঞায় সম্প্রীতির অনন্য নজির
ধর্ম আলাদা, হৃদয়ের বন্ধন এক! হিন্দু সহকর্মীর পরিবারের বিপদে ৫০ হাজার টাকা নিয়ে পাশে মুসলিম যুবকরা, বড়ঞায় সম্প্রীতির অনন্য নজির
 
তরুণ নন্দী, কলকাতাঃ
 
ধর্ম আলাদা হলেও বিপদের দিনে মানবিকতার বন্ধনই হয়ে উঠল সবচেয়ে বড় পরিচয়। এক হিন্দু মহিলার স্বামীকে হারানোর শোক আর অসহায়তার মুহূর্তে তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন মানবদরদী একদল হিন্দু-মুসলিম যুবক। মৃত সহকর্মীর অসহায় পরিবারের হাতে তুলে দিলেন ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য। মানবিকতার আরও বড় উদাহরণ তৈরি করে পরিবারের ছোট্ট মেয়েটির ভবিষ্যৎ সুরক্ষিত করতে তার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিটেরও ব্যবস্থা করলেন তাঁরা। মুর্শিদাবাদ জেলার বড়ঞার এই উদ্যোগ বার্তা দিল মানবতার কোনও ধর্ম হয় না, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় পরিচয়।
 
ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা থানার ববরপুর কুঠিরপাহাড় এলাকার। স্থানীয় সূত্রে খবর, এই এলাকার বাসিন্দা পেশায় ট্রাকচালক রাজেন্দ্র বিত্তার অসমের কোকরাঝাড় জেলায় এক দুর্ঘটনায় প্রাণ হারান। পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষ ছিলেন রাজেন্দ্র। অকালে স্বামীকে এভাবে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন তাঁর স্ত্রী মামনি বিত্তার। নিয়তির পরিহাসে অসহায় অবস্থা তাঁর। মেয়ে ছোট,  এই অবস্থায় বাবাকে হারিয়ে সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। মেয়েকে কীভাবে মানুষ করবে মা? স্বামীর মৃত্যুর পর এক কঠিন পরিস্থিতির মুখে পড়ে পরিবারটি।
 
দীর্ঘদিনের সহকর্মীর পরিবারের এই দুর্দশার খবর জানতে পেরেই আর চুপ করে বসে থাকেননি রাজেন্দ্রর সহকর্মীরা। কাজিরুল শেখ, নয়ন মল্লিক, নজরুল শেখ, শ্রীকান্ত দাস ও প্রশান্ত বিত্তার-সহ একদল যুবক পৌঁছে যান মৃত রাজেন্দ্রর বাড়িতে। হিন্দু সহকর্মীর পরিবারের বিপদের দিনে পাশে দাঁড়াতে ধর্মের পরিচয় বাধা হয়ে দাঁড়ায়নি মুসলিম সহকর্মীদের কাছে। বরং সহকর্মীর পরিবারের পাশে দাঁড়ানোই হয়ে ওঠে তাঁদের একমাত্র লক্ষ্য। হিন্দু মুসলিম সব সহকর্মীরাই জোট বেধে রাজেন্দ্রর পরিবারের পাশে দাঁড়ালেন। সকলের উদ্যোগে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৫০ হাজার টাকা। পাশাপাশি, ছোট্ট মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে তার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিটের ব্যবস্থাও করা হয়। সহকর্মীদের এই আন্তরিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানান রাজেন্দ্রর স্ত্রী মামনি বিত্তার। রাজেন্দ্রর সহকর্মীরা অসহায় পরিবারের পাশে নিজেদের সাধ্যমত অর্থ দিয়ে সাহায্য করতে পেরে স্বস্তি পেয়েছে। বিপদের দিনে এমন বন্ধুত্বই হয়ে ওঠে সবচেয়ে বড় মানবিক মুখ।
 
 
অসহায় পরিবারের পাশে বড়ঞার যুবকরা
 
পরিবারের একমাত্র রোজগেরে মানুষটিকে হয়ত আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু তাঁর পরিবারের কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে বড়ঞার এই যুবকরা যে মানবিকতার পরিচয় দিলেন, তা নিঃসন্দেহে বিরল দৃষ্টান্ত। ধর্ম নয়, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই যে প্রকৃত মনুষ্যত্ব, এই ছোট্ট উদ্যোগে সেই বার্তাই ছড়িয়ে পড়ল আরও একবার।


শেহতীয়া খবৰ