চায়ের দোকানে গ্লাস ধোয়া থেকে এশিয়ান গেমসে সোনাজয়! অভাব-অনটন ও চোটকে হারিয়ে কবাডির মঞ্চে ইতিহাস গড়লেন আসলাম ইনামদার

Story by  atv | Posted by  Aparna Das • 12 h ago
আসলাম ইনামদার
আসলাম ইনামদার
 
ভক্তি চালক

জীবনের লড়াইয়ে একসময় চায়ের দোকানে গ্লাস ধুয়েছেন, খাবারের টাকা জোগাড় করতে কুড়িয়েছেন ফেলে দেওয়া বোতল। অথচ সেই তরুণই একদিন দেশের জার্সি গায়ে তুলে জায়গা করে নিলেন এশিয়ান গেমসের সোনাজয়ী দলে। জাপানে সদ্য সমাপ্ত এশিয়ান গেমসের কবাডি ফাইনালে ভারত-ইরান ম্যাচের শেষ দু’মিনিটে যখন স্কোর ছিল ৩৭-৩০, তখনই গুরুত্বপূর্ণ রেইডে নেমে দু’টি মূল্যবান পয়েন্ট এনে দেন আসলাম ইনামদার। তাঁর এই অবদান ভারতকে শেষ পর্যন্ত ৩৯-৩৩ ব্যবধানে জয় এনে দিতে সাহায্য করে। মহারাষ্ট্রের ছোট্ট গ্রাম থেকে উঠে আসা আসলামের এই সাফল্য এখন হাজারো স্বপ্নবাজ তরুণের কাছে অনুপ্রেরণা।
 
মহারাষ্ট্রের অহিল্যানগর জেলার ছোট্ট গ্রাম তাকলিভানের বাসিন্দা আসলাম। মাত্র ১৪ বছর বয়সে স্থানীয় পুরস্কারমূল্যের কবাডি প্রতিযোগিতায় খেলতে শুরু করেন তিনি। তাঁর দাদা একটি ক্লাবের হয়ে কবাডি খেলতেন। বাইরে বেরোলে আসলাম দেখতেন, কবাডির জন্য তাঁর দাদাকে মানুষ কতটা সম্মান করেন।
 
আসলাম ইনামদার
 
দাদার প্রতি মানুষের এই শ্রদ্ধা ও স্বীকৃতি দেখেই খেলাধুলার মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করার স্বপ্ন দেখেন আসলাম। ২০০৯-১০ সাল নাগাদ নিয়মিত অনুশীলন শুরু করেন তিনি। ধীরে ধীরে কবাডিই হয়ে ওঠে তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা।
 
এরই মধ্যে ২০১১ সালে বাবাকে হারান আসলাম। পরিবারে ছিলেন পাঁচ ভাইবোন। নিজেদের কোনও বাড়ি ছিল না, ছিল না চাষের জমি কিংবা আয়ের নির্দিষ্ট কোনও উৎস। পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে। বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি। বাসনপত্র ও কাপড়চোপড় ধুয়ে মাসে মাত্র ৩০০ টাকা উপার্জন করতেন। সন্তানদের যাতে অভুক্ত অবস্থায় ঘুমোতে না হয়, তার জন্য নিরলস পরিশ্রম করতেন তিনি।
 
মায়ের এই কঠিন লড়াই খুব কাছ থেকে দেখেছেন আসলাম। তাঁর মনে হয়েছিল, মা যদি এত প্রতিকূলতার মধ্যেও পরিবারের সমস্ত দায়িত্ব সামলাতে পারেন, তাহলে তিনিও নিজের চেষ্টায় কিছু একটা করতে পারবেন। পরিবারের পাশে দাঁড়াতে তাঁর ভাইয়েরাও বিভিন্ন ছোটখাটো কাজ শুরু করেন।
 
আসলাম নিজেও একটি চায়ের দোকানে গ্লাস ধোয়ার কাজ করেছেন। কখনও জুসের দোকানে কাজ করেছেন, কখনও কৃষিক্ষেত্রে শ্রমিক হিসেবে কাজ করেছেন। প্রয়োজন পড়লে শৌচাগার পরিষ্কারের কাজও করতে হয়েছে তাঁকে। খাবারের খরচ জোগাতে রাস্তায় ফেলে দেওয়া বোতল কুড়িয়ে ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। দিনের বেলা কাজ করে রাতে কবাডির অনুশীলন, দীর্ঘদিন এটাই ছিল তাঁর প্রতিদিনের জীবন।
 
গ্রামে বিভিন্ন পুরস্কারমূল্যের প্রতিযোগিতায় খেলার পর মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে টুর্নামেন্টের সন্ধানে বেরিয়ে পড়েন আসলাম। পকেটে ট্রেনের টিকিট কাটার মতো টাকাও থাকত না। তাই ট্রেনের আসনের নিচে শুয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতেন তিনি।
 
টুর্নামেন্টে আয়োজকদের দেওয়া খাবার খেয়েই দিন কাটত তাঁর। কখনও মাত্র একটি বড়া পাও খেয়ে থাকতে হয়েছে, আবার কখনও প্রতিযোগিতায় বেঁচে যাওয়া খাবার ব্যাগে ভরে পরবর্তী সময়ের জন্য রেখে দিতেন। প্রতিটি ম্যাচ খেলে পেতেন ২০০ থেকে ৫০০ টাকা। কখনও শুধু একবেলার খাবারের বিনিময়েও খেলতে হয়েছে তাঁকে। এভাবেই ধীরে ধীরে কবাডির বৃহত্তর জগতের সঙ্গে পরিচিত হন আসলাম।
 
আসলাম ইনামদার
 
প্রথমদিকে কবাডি খেলার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন তাঁর দাদা। তাঁর ধারণা ছিল, কবাডিতে ভবিষ্যৎ গড়ার সুযোগ খুব বেশি নেই। তাই তিনি আসলামকে খেলাধুলার বদলে পড়াশোনায় মন দিতে বলেছিলেন। বাবার মৃত্যুর ছয় মাসের মধ্যেই তাঁর দাদা পুলিশ বাহিনীতে যোগ দেন।
 
এরপর পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করে। আসলাম নিয়মিত অনুশীলনের সুযোগ পান। বাইরের প্রতিযোগিতাগুলিতে তাঁর প্রশংসা বাড়তে থাকায় দাদার মনেও আত্মবিশ্বাস তৈরি হয়। ধীরে ধীরে তিনিও আসলামের পাশে দাঁড়াতে শুরু করেন।
 
নিজের খেলা যাতে শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেই লক্ষ্য নিয়ে থানে চলে যান আসলাম। সেখানে বন্ধু রাজু তাঁকে নিজের পরিবারের সঙ্গে থাকার জায়গা করে দেন। থানে গিয়ে কবাডির এক সম্পূর্ণ নতুন জগতের সঙ্গে পরিচিত হন তিনি। এয়ার ইন্ডিয়া ও ইউনিয়ন ব্যাঙ্কের মতো কর্পোরেট দলগুলির বিষয়ে জানতে পারেন। বুঝতে পারেন, এই ধরনের দলের হয়ে খেলতে পারলে আর্থিক স্থিতিশীলতা পাওয়া সম্ভব। তাই গ্রাম ছেড়ে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার সিদ্ধান্ত নেন তিনি।
 
২০১৪ সালে পায়ে গুরুতর চোট পান আসলাম। তাঁর পায়ের হাড় ভেঙে যাওয়ায় প্রায় দুই থেকে তিন বছর কবাডির মাঠের বাইরে থাকতে হয়। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় চিকিৎসার খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছিল। অস্ত্রোপচার করাতে গিয়ে একাধিক বাধার মুখে পড়তে হয় তাঁদের। শেষ পর্যন্ত সরকারি স্বাস্থ্য প্রকল্পের সাহায্যে তাঁর অস্ত্রোপচার সম্ভব হয়।
 
সেই বছর টেলিভিশনে এশিয়ান গেমসের কবাডি প্রতিযোগিতা দেখেছিলেন আসলাম। চোটের কারণে মাঠে নামতে না পারলেও সেই সময়টি তাঁকে অনেক কিছু শিখিয়েছিল। সুস্থ হয়ে ওঠার পর আবার অনুশীলনে ফিরে আসেন তিনি।
 
প্রায় এক দশকের কঠোর পরিশ্রমের পর অবশেষে প্রো কবাডি লিগে খেলার সুযোগ পান আসলাম। অষ্টম মরশুমে প্রতিযোগিতায় অভিষেক হয় তাঁর। প্রথম মরশুমেই নিজের দলের হয়ে ১৯০ পয়েন্ট সংগ্রহ করেন এবং আট লক্ষ টাকা উপার্জন করেন।
 
আসলাম ইনামদার
 
সেই উপার্জনের টাকা দিয়ে মায়ের জন্য সোনার হার কিনেছিলেন তিনি। বর্তমানে পুনেরি পল্টন দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন আসলাম। মাত্র ২৫ বছর বয়সেই তাঁর হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। পরপর একাধিক মরশুমে দলকে নেতৃত্ব দিয়ে দশম মরশুমে পুনেরি পল্টনকে চ্যাম্পিয়ন করেন তিনি। দ্বাদশ মরশুমেও দলকে ফাইনালে পৌঁছে দেন।
 
মহারাষ্ট্র রাজ্য দলের অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন তিনি। রাজ্যের হয়ে তিনটি রুপো ও তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন। ভারতের প্রতিনিধিত্ব করে দু’টি সোনার পদকও পেয়েছেন আসলাম। ২০২৩-২৪ সালের জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে মর্যাদাপূর্ণ শিব ছত্রপতি রাজ্য ক্রীড়া পুরস্কারে।
 
এশিয়ান গেমসের ফাইনালে প্রথমার্ধে পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন আসলাম। তখন ভারতীয় দল পিছিয়ে ছিল। তাঁর গুরুত্বপূর্ণ রেইডগুলিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করে। বাঁদিকের কভার পজিশনে খেললেও আক্রমণ ও রক্ষণ, দু’টি বিভাগেই সমান দক্ষতার পরিচয় দেন তিনি।
 
সম্প্রতি থানের একটি অনুশীলন কেন্দ্রে তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের সামনে নিজের জীবনের লড়াইয়ের কথা তুলে ধরেন আসলাম। তিনি জানান, প্রো কবাডি তাঁকে পরিচিতি, আর্থিক স্থিতিশীলতা এবং সম্মান এনে দিয়েছে। আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাওয়া তরুণ খেলোয়াড়দের উদ্দেশে তাঁর পরামর্শ, বড় স্বপ্ন দেখতে কখনও ভয় পাওয়া উচিত নয়।


শেহতীয়া খবৰ