হিজাব মাথায়, স্বপ্ন ফুটবলের মাঠে! বাবার মৃত্যুর ধাক্কায় থেমেও হার মানেনি অন্তরা, কোচের হাত ধরে ফেরার লড়াই
শান্তিপ্রিয় রায় চৌধুরী
স্বপ্নের পথে বাধা এসেছে বারবার। কখনও সমাজের কটূক্তি, কখনও অভাবের সঙ্গে লড়াই, আবার কখনও বাবাকে হারানোর গভীর শোক। একসময় ফুটবলের মাঠ ছেড়ে জীবিকার সন্ধানে কাপড়ের দোকানে কাজও শুরু করতে হয়েছিল তাঁকে। কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা আর নিজের মনের জোর তাঁকে আবার ফিরিয়ে এনেছে মাঠে। তিনি পশ্চিম বর্ধমানের শংকরপুরের উখড়া পূজারী ফুটবল কোচিং ক্যাম্পের প্রতিশ্রুতিমান ফুটবলার অন্তরা খাতুন। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে তাঁর এই প্রত্যাবর্তন আজ অনেক তরুণীকে স্বপ্ন দেখার সাহস জোগাতে পারে।
ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি প্রবল আকর্ষণ অন্তরার। কোচ তীর্থ চট্টোপাধ্যায়ের কাছে অল্প বয়স থেকেই প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। অনুশীলনে মনোযোগ, পরিশ্রম আর নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা—সব মিলিয়ে কোচের নজর কেড়েছিলেন অন্তরা। কিন্তু ফুটবলার হয়ে ওঠার পথটা তাঁর কাছে কখনও সহজ ছিল না। মেয়ে হয়ে ফুটবল খেলার জন্য শুনতে হয়েছে নানা কটূক্তি।
অন্তরা খাতুন তার দলের সঙ্গে
প্রতিবেশীদের কেউ কেউ প্রশ্ন তুলতেন, দরিদ্র পরিবারের মেয়ে হয়ে মাঠে দৌড়নোর কী প্রয়োজন! অন্তরার বাবা-মাকেও মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হত। তাঁদের ধারণা ছিল, ফুটবল ছেলেদের খেলা; মেয়েদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই। বোরখা ও হিজাব পরা একটি মেয়ের ফুটবল খেলতে নামা নিয়েও ছিল নানা আপত্তি।
অন্তরার বাবা শেখ আলি একটি ছোট বেসরকারি সংস্থায় কাজ করতেন, মা ছিলেন গৃহবধূ। পরিবারের আর্থিক সামর্থ্যও ছিল সীমিত। ফুটবল খেলার জন্য প্রয়োজনীয় জুতো পর্যন্ত সবসময় জোটেনি অন্তরার। স্কুলের পোশাকের নিচে ট্র্যাক প্যান্ট পরে, ভাইয়ের পুরনো ছেঁড়া কেডস পায়ে দিয়েই মাঠে ছুটতেন তিনি। অনেক সময় লুকিয়ে অনুশীলনে যেতে হত তাঁকে।
তবে নিজের বিশ্বাস ও স্বপ্নের প্রশ্নে কখনও আপস করতে চাননি অন্তরা। হিজাব পরে ফুটবল খেলা নিয়ে প্রশ্ন উঠলে তাঁর জবাব ছিল, “হিজাব আমার মাথায়, পায়ে নয়। পায়ে আমাকে খেলতে দিন।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছিল, পোশাক বা সামাজিক বাধা নয়, নিজের দক্ষতা দিয়েই পরিচিত হতে চান তিনি। রমজান মাসেও থেমে থাকেনি তাঁর অনুশীলন। সারাদিন রোজা রেখে ইফতারের পর সন্ধ্যায় মাঠে পৌঁছে যেতেন অন্তরা। রোজা রেখে খেলা কঠিন হবে বলে কোচ সতর্ক করলেও নিজের জেদ ও প্রত্যয় থেকে সরে আসেননি তিনি। ফুটবলকে ঘিরে তাঁর এই নিষ্ঠাই ধীরে ধীরে তাঁকে সাফল্যের পথে এগিয়ে দেয়।
২০২৩ সালে উখড়া কুঞ্জবিহারী হাইস্কুলের হয়ে অনূর্ধ্ব-১৭ বিভাগে সুব্রত কাপ প্রতিযোগিতায় অংশ নেন অন্তরা। পশ্চিম বর্ধমান জেলা চ্যাম্পিয়ন হওয়া দলের সাইড ব্যাক বা রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন তিনি। ২০২৪ সালে হলদিয়ায় আয়োজিত অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার প্রতিনিধিত্ব করেন। পাশাপাশি দুর্গাপুর লিগেও খেলেছেন তিনি। বিভিন্ন জায়গায় ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কারও পেয়েছেন।
কিন্তু যখন ফুটবলের জগতে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিলেন অন্তরা, তখনই নেমে আসে বড় বিপর্যয়। বাবার মৃত্যুতে মানসিক আঘাতের পাশাপাশি সংসারের আর্থিক দায়িত্বও কঠিন হয়ে ওঠে। তাঁর ভাই গ্যারেজে কাজ করে সামান্য আয় করতেন। পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে ফুটবল ছেড়ে রোজগারের পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন অন্তরা। স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজও শুরু করেন তিনি।
অন্তরা খাতুন তার দলের সঙ্গে
কিন্তু ফুটবলের মাঠের সঙ্গে তাঁর সম্পর্ক যে এত সহজে শেষ হওয়ার নয়, তা বুঝেছিলেন কোচ তীর্থ চট্টোপাধ্যায়। অন্তরাকে আবার অনুশীলনে ফেরানোর উদ্যোগ নেন তিনি। দোকানের মালিকের সঙ্গে কথা বলে প্রতিদিন দুঘণ্টা অনুশীলনের সময় বের করার ব্যবস্থা করেন। দোকানের মালিকও সেই প্রস্তাবে সম্মতি জানান। ফলে কাজের পাশাপাশি আবার মাঠে ফেরার সুযোগ পান অন্তরা।
এই প্রত্যাবর্তন শুধু একজন ফুটবলারের অনুশীলনে ফেরা নয়, বরং কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার গল্প। যে মেয়েটি একসময় পরিবারের আর্থিক সংকটের কারণে ফুটবল ছাড়তে বাধ্য হয়েছিল, সেই মেয়েই এখন আবার নতুন করে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। অন্তরার সম্ভাবনা নিয়ে এখনও আশাবাদী কোচ তীর্থ চট্টোপাধ্যায়।
তাঁর বিশ্বাস, নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে অন্তরা আবার ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আর অন্তরার নিজের কথাতেও ধরা পড়ছে সেই প্রত্যয়। তিনি বলেন, “স্যার আমাকে আবার মাঠে ফিরিয়ে এনেছেন। মনে আমার বল আছে, কিছু একটা করার। দেখি, শেষ পর্যন্ত কতদূর এগোতে পারি।”
অন্তরার সামনে পথ এখনও দীর্ঘ। তবে তাঁর লড়াই শেখায়, প্রতিভা থাকলেই সবসময় পথ মসৃণ হয় না; কখনও কখনও স্বপ্নকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন হয় পরিবার, সমাজ ও একজন সহমর্মী মানুষের সমর্থন। কোচ তীর্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে সেই নতুন শুরুর পথেই এগোচ্ছেন অন্তরা খাতুন।
অন্তরার জন্য এখন সবচেয়ে জরুরি নিয়মিত অনুশীলনের সুযোগ, আর্থিক স্থিতি এবং প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ। তাঁর লড়াইয়ের গল্প আরও অনেক মেয়েকে ফুটবলের মাঠে আসার সাহস দিক, এটাই প্রত্যাশা।