সরকারি আর্থিক সহায়তায় স্বনির্ভরতার নতুন স্বপ্ন, শুকনো মাছের ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা স্বপন বিশ্বাসের

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 12 h ago
সরকারি আর্থিক সহায়তায় স্বনির্ভরতার নতুন স্বপ্ন, শুকনো মাছের ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা স্বপন বিশ্বাসের
সরকারি আর্থিক সহায়তায় স্বনির্ভরতার নতুন স্বপ্ন, শুকনো মাছের ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা স্বপন বিশ্বাসের
 
নূরুল হক / আগরতলা

অভাব-অনটনের সংসারে নতুন আশার আলো। সরকারি আর্থিক সহায়তাকে পুঁজি করে এবার স্বনির্ভরতার পথে হাঁটতে চলেছেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গা চৌধুরী পাড়া গ্রাম পঞ্চায়েতের লালমাটিয়া এলাকার বাসিন্দা স্বপন বিশ্বাস। শুকনো মাছ বা সিদলের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে ত্রিপুরা মৎস্য দপ্তরের মাধ্যমে তাঁকে ৬৯ হাজার ৩৯০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
 
স্বপন বিশ্বাস দীর্ঘদিন ধরে আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। স্ত্রী, সন্তান-সন্ততি নিয়ে সংসার চালাতে গিয়ে তাঁকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছিল। জীবনের মধ্যবয়সে এসে পরিবারের ভরণপোষণ নিয়ে কার্যত অসহায় অবস্থায় পড়েছিলেন তিনি।
 
শুকনো মাছের ব্যবসায় ত্রিপুরা মৎস্য দপ্তরের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান 
 
তাঁর এই দুরবস্থার কথা জানতে পেরে খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী তাঁকে স্বনির্ভর করে তোলার উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই ত্রিপুরা মৎস্য দপ্তরের মাধ্যমে শুকনো মাছের ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।
 
শুক্রবার পুরাতন আগরতলা ব্লকের চেয়ারম্যান এবং মৎস্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে স্বপন বিশ্বাসের বাড়িতে যান বিধায়ক রতন চক্রবর্তী। সেখানে তাঁর ব্যবসার জন্য গড়ে তোলা পরিকাঠামো এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। সরকারি সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে কীভাবে ব্যবসাটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হয়।
 
রান্নাঘরের বাগান (কিচেন গার্ডেন) তৈরি-সহ অন্যান্য বাগান পরিচর্যার কাজও চলছে
 
উল্লেখ্য, ত্রিপুরার বিভিন্ন জনজাতি ও সম্প্রদায়ের মানুষের খাদ্যসংস্কৃতিতে শুকনো মাছ বা সিদলের বিশেষ চাহিদা রয়েছে। বিশেষ পদ্ধতিতে মাছ শুকিয়ে সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে গুণমান ও স্বাদ বজায় রেখে বাজারজাত করা গেলে এই ব্যবসায় ভালো সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকেই কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন স্বপন বিশ্বাস।
 
সরকারি এই আর্থিক সহায়তা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি স্বপন বিশ্বাস ও তাঁর পরিবার। তাঁদের আশা, এই উদ্যোগের মাধ্যমে সংসারের আর্থিক অনটন অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। একই সঙ্গে আগামী দিনে এই ব্যবসাকে আরও সম্প্রসারণ করে নিজের আয়ের স্থায়ী পথ তৈরি করতে পারবেন তিনি।
 
রান্নাঘরের বাগান (কিচেন গার্ডেন) তৈরি-সহ অন্যান্য বাগান পরিচর্যার কাজও চলছে
 
একজন অসহায় ব্যক্তিকে সরকারি সহায়তার মাধ্যমে স্বনির্ভরতার পথে এগিয়ে দেওয়ার এই উদ্যোগ স্থানীয় স্তরে স্বনিয়োজনের সম্ভাবনাকেও নতুন করে সামনে নিয়ে এসেছে।


অধিক পঢ়ক