লোহিত নদীর তীরে মিলল বিশ্বের বিরলতম পাখির সন্ধান, জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বাড়ছে উদ্বেগ
ইটানগরঃ
বন্য পরিবেশে সারা বিশ্বে মাত্র ৫০টির মতো ‘হোয়াইট-বেলিড হেরন’, ভারতে রয়েছে আনুমানিক ১০টি। অরুণাচলে পাখিটির গুরুত্বপূর্ণ আবাসস্থলের পাশেই প্রস্তাবিত একাধিক বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প।
অরুণাচল প্রদেশের লোহিত নদীর অববাহিকায় দেখা মিলল বিশ্বের অন্যতম বিরল ও বিপন্ন প্রজাতির পাখি ‘হোয়াইট-বেলিড হেরন’-এর। ভারতীয় বন্যপ্রাণী প্রতিষ্ঠানের (WII) গবেষকদের একটি দল সম্প্রতি এই পাখির সন্ধান পেয়েছে। পাখিটির উপস্থিতি একদিকে যেমন বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে, অন্যদিকে একই নদীকে কেন্দ্র করে একাধিক বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা নতুন করে পরিবেশগত উদ্বেগ তৈরি করেছে।
বিশেষজ্ঞদের অনুমান, বর্তমানে সারা বিশ্বে বন্য পরিবেশে হোয়াইট-বেলিড হেরনের সংখ্যা মাত্র ৫০টির কাছাকাছি। এর মধ্যে ২৭টির মতো পাখি রয়েছে ভুটানে। ভারতে এই প্রজাতির সংখ্যা আনুমানিক ১০। আর দেশের মধ্যে অরুণাচল প্রদেশই এই পাখির একমাত্র পরিচিত আশ্রয়স্থল। এর আগে রাজ্যের নামদাফা জাতীয় উদ্যান, কামলাং জাতীয় উদ্যান এবং আঞ্জাও জেলাতেও পাখিটির উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছে।
ভারতীয় বন্যপ্রাণী প্রতিষ্ঠান জানিয়েছে, এই বিপন্ন প্রজাতির প্রতিটি নতুন সন্ধানই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব হিমালয়ের স্বচ্ছ নদী এবং নদীসংলগ্ন অক্ষত প্রাকৃতিক পরিবেশ হোয়াইট-বেলিড হেরনের বেঁচে থাকার অন্যতম প্রধান ভিত্তি। ২০২৪ সালে নামদাফা জাতীয় উদ্যানে প্রথমবার এই প্রজাতির সফল প্রজননের তথ্য নথিভুক্ত হয়েছিল। সংরক্ষণের দিক থেকে সেটিও ছিল উল্লেখযোগ্য ঘটনা।
তবে লোহিত নদীর তীরে পাখিটির নতুন সন্ধানের পাশাপাশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে নদীটিকে ঘিরে পরিকল্পিত জলবিদ্যুৎ প্রকল্পগুলি। এর মধ্যে রয়েছে ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কালাই-২ জলবিদ্যুৎ প্রকল্প। চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি প্রকল্পটিতে অনুমোদন দেয়। প্রায় ১৪,১০৫.৮৩ কোটি টাকা বিনিয়োগে প্রকল্পটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর কাজ শেষ করতে ৭৮ মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়াও লোহিত নদীতে ১,৭৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেমওয়ে লোয়ার জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রস্তাব রয়েছে। পরিবেশবিদদের আশঙ্কা, এই ধরনের বৃহৎ প্রকল্প নদীর স্বাভাবিক প্রবাহ, জলজ বাস্তুতন্ত্র এবং নদীসংলগ্ন বন্যপ্রাণীর আবাসস্থলের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষত হোয়াইট-বেলিড হেরনের মতো বিপন্ন প্রজাতির ক্ষেত্রে নদীর স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ণ রাখা অত্যন্ত জরুরি।
শুধু অরুণাচল নয়, উত্তর-পূর্ব ভারতের সুবনসিরি, সিয়াং ও দিবাং-সহ একাধিক নদীতে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরেই পরিবেশগত উদ্বেগ রয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন, স্থানীয় জনজাতীয় সংগঠন ও পরিবেশকর্মীরা প্রকল্পগুলির সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আগে পরিবেশ এবং ভাটির অঞ্চলের উপর সম্ভাব্য প্রভাবের নিরপেক্ষ ও বিজ্ঞানসম্মত মূল্যায়ন প্রয়োজন।
উন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তার পাশাপাশি নদী, বনাঞ্চল এবং বিপন্ন বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষার বিষয়টিও সমান গুরুত্ব দাবি করে। লোহিত নদীর তীরে হোয়াইট-বেলিড হেরনের সাম্প্রতিক সন্ধান সেই ভারসাম্যের প্রশ্নকেই ফের সামনে নিয়ে এল।