বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিরাপত্তা নিয়ে বিদেশ মন্ত্রকের কাছে প্রশ্ন অধীরের, দ্রুত মুক্তির দাবি শমীকের

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 12 h ago
বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিরাপত্তা নিয়ে বিদেশ মন্ত্রকের কাছে প্রশ্ন অধীরের, দ্রুত মুক্তির দাবি শমীকের
বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিরাপত্তা নিয়ে বিদেশ মন্ত্রকের কাছে প্রশ্ন অধীরের, দ্রুত মুক্তির দাবি শমীকের

কলকাতা:

চট্টগ্রাম জেল থেকে ঢাকার বিশেষ কারাগারে স্থানান্তরের খবর ঘিরে উদ্বেগ। সন্ন্যাসীর শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। দ্রুত মুক্তির দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রকের কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। অন্যদিকে, চিন্ময়কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

বুধবার সমাজমাধ্যম এক্সে একটি পোস্টে অধীররঞ্জন চৌধুরী জানান, ২০২৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশে বন্দি রয়েছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। সম্প্রতি তাঁকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকার একটি বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে খবর। তবে কেন তাঁকে স্থানান্তর করা হল, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি বলে দাবি করেন অধীর। এই পরিস্থিতিতে সন্ন্যাসীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানতে চান, বিষয়টি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক কী ধরনের কূটনৈতিক পদক্ষেপ করেছে।

অন্যদিকে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বাংলাদেশের হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি বলেন, “বাংলাদেশের ঘোষ, বসু, দত্ত, মিত্র, সেখানকার চাকমা এবং মতুয়ারা আমাদের রক্তের সম্পর্কের মানুষ, আমাদের ভাই।”

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হচ্ছেন এবং তাঁদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন শমীক। তাঁর দাবি, বিভিন্ন উপাসনাস্থল ভাঙচুরের পাশাপাশি সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন একাধিক স্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি এবং প্রতাপাদিত্যের স্মৃতিবিজড়িত একটি মন্দিরে হামলার অভিযোগের কথাও উল্লেখ করেন তিনি।

চিন্ময়কৃষ্ণ দাসের প্রসঙ্গ তুলে শমীক বলেন, বাংলাদেশই তাঁর মাতৃভূমি এবং সেখানকার হিন্দুদের ভারত চলে যেতে বাধ্য করা উচিত নয়—এই অবস্থানই জানিয়েছিলেন ওই সন্ন্যাসী। তাঁর গ্রেপ্তারের সময়কার ঘটনাও স্মরণ করেন বিজেপি নেতা। তিনি বলেন, মায়ের মৃত্যুর পর তাঁর দেহ জড়িয়ে চিন্ময়কৃষ্ণ দাসের কান্নার যে দৃশ্য সামনে এসেছিল, তা বহু মানুষকে ব্যথিত করেছিল। সন্ন্যাসীর দ্রুত মুক্তির দাবিও জানান তিনি।

উল্লেখ্য, চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশে হিন্দুদের অধিকার নিয়ে সরব সংগঠন ‘হিন্দু সম্মিলিত সনাতন জাগরণ জোট’-এর মুখপাত্র। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় ২০২৪ সালের নভেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রেপ্তারিকে কেন্দ্র করে বাংলাদেশে বিক্ষোভ ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকার একটি বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তরের খবর প্রকাশ্যে আসার পর নতুন করে তাঁর নিরাপত্তা এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।



শেহতীয়া খবৰ